মুরলেনের বাঁশী তেইশতম পর্ব

চামফাই থানার ভিতরে বড়বাবুর চেম্বার। ঘরের পরিবেশ থমথমে। টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে কয়েকটি ফাইল, একপাশে রাখা আধখাওয়া চায়ের কাপ। কিন্তু সেদিকে কারও নজর নেই। চেয়ারে বসে ইন্সপেক্টর চাকমা গভীর চিন্তায় মগ্ন। তাঁর মুখ গম্ভীর, কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ।

সামনের সারিতে একে একে বসে আছেন সাব-ইন্সপেক্টর রথীন, লিয়ানা, বিয়াকা আর রাগীব। প্রত্যেকের মুখেই উৎকণ্ঠা আর ক্লান্তির ছাপ। দীর্ঘক্ষণ জঙ্গলে তল্লাশি চালানোর পর শরীর ভেঙে পড়েছে সকলের। কিন্তু শারীরিক ক্লান্তির চেয়েও অনেক বেশি ভারী হয়ে উঠেছে মনের চাপ।

আর রাগীব? তার চোখেমুখে যেন আগুন জ্বলছে। চোয়াল শক্ত, দুটো হাত মুঠো করে রাখা। চোখের গভীরে প্রতিশোধের দাউদাউ আগুন, আর তারই সঙ্গে মিশে রয়েছে এক অসহায় উৎকণ্ঠা।

ঋষভ শুধু তার বন্ধু নয়। সে তার আত্মীয়, তার ভাই। কত পথ একসঙ্গে হেঁটেছে তারা, কত বিপদের মুখোমুখি হয়েছে পাশাপাশি দাঁড়িয়ে! অথচ আজ সেই ঋষভই শত্রুদের কবলে। কোথায় আছে সে, কেমন আছে, আদৌ নিরাপদে আছে কি না—কিছুই জানে না রাগীব।

এই অনিশ্চয়তাই তাকে ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত করে তুলছে। 

ঋষভকে দুষ্কৃতীরা তুলে নিয়ে যাওয়ার পর পুলিশকর্মীরা জঙ্গলের প্রতিটি সম্ভাব্য পথ ধরে তন্নতন্ন করে তল্লাশি চালিয়েছিলেন। ঘন ঝোপঝাড়, পাহাড়ের খাড়া ঢাল, শুকিয়ে যাওয়া নালার গভীর খাত—কোনও কিছুই বাদ যায়নি। আশপাশের প্রতিটি জায়গা খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছিল। আর তল্লাশি চালাতে গিয়েই একের পর এক চাঞ্চল্যকর প্রমাণ সামনে আসতে শুরু করে। কোথাও পড়ে রয়েছে গোলাপি লেবেল সাঁটা সাদা প্লাস্টিকের কৌটো, কোথাও ছড়িয়ে-ছিটিয়ে আছে চটের বস্তা, মোটা চটের দড়ি আর কার্টনের প্যাকেট। সবকিছুই যেন সাক্ষ্য দিচ্ছে, এই নির্জন জঙ্গলের গভীরে দীর্ঘদিন ধরে চলেছে কোনও এক গোপন মাদক কারবার। অথচ এত প্রমাণ পাওয়া সত্ত্বেও মাদকদ্রব্য মজুত রাখার আসল জায়গাটির কোনও হদিস মিলল না! যেন অপরাধীরা অত্যন্ত সুকৌশলে তাদের গোপন ডেরাটিকে প্রকৃতির আড়ালে লুকিয়ে রেখেছে। কিন্তু সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার ছিল, যে দুষ্কৃতীরা কয়েক মুহূর্ত আগেও তাদের চোখের সামনে গুলি চালিয়ে তাণ্ডব সৃষ্টি করছিল, ঋষভকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল, তারা যেন মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে! জঙ্গলের কোথাও তাদের পায়ের ছাপের স্পষ্ট চিহ্ন নেই, নেই ভাঙা ডালপালা কিংবা এমন কোনও নির্ভরযোগ্য সূত্র, যা ধরে তাদের পালানোর দিকটুকুও অনুমান করা যায়। চারদিকে শুধু নিস্তব্ধ বনভূমি, মাথার ওপর ঘন বাঁশঝাড় আর পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ। মনে হচ্ছিল, এই জঙ্গল যেন নিজের বুকের মধ্যে এক ভয়ংকর রহস্য লুকিয়ে রেখে নির্বিকার দাঁড়িয়ে আছে—আর সেই রহস্যের সঙ্গেই অন্ধকারে হারিয়ে গেছে ঋষভ!

শেষ পর্যন্ত বাধ্য হয়েই তল্লাশি স্থগিত রেখে চামফাই থানায় ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়েছিল।

থানায় ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে গেছে।

চাকমা সাহেব প্রথমেই সকলের খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু ঋষভকে হারিয়ে কারও মুখে খাবার রুচছিল না। তবু বড়বাবুর অনুরোধে প্রত্যেকেই সামান্য কিছু মুখে দিয়েছে।

একমাত্র রাগীব কিছুতেই খেতে রাজি হয়নি।

খাবারের থালা তার সামনে এগিয়ে দেওয়া হলেও সে মুখ ফিরিয়ে নিয়েছে। যেন এই মুহূর্তে খিদে, তৃষ্ণা, ক্লান্তি—সবকিছুই তার কাছে অর্থহীন। তার সমস্ত চিন্তা জুড়ে এখন একটাই নাম—ঋষভ।

কিছুক্ষণ নীরব থাকার পর ইন্সপেক্টর চাকমা ধীরে ধীরে মুখ তুললেন। তাঁর চোখেমুখে গভীর উদ্বেগ, কপালে চিন্তার ভাঁজ।

“প্রফেসর,” গম্ভীর স্বরে বললেন তিনি, “আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি।  কিন্তু এই মুহূর্তে আমাদের শরীর, মন আর মাথা—সব ঠান্ডা রাখতে হবে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিলে চলবে না। আমাদের প্রথম এবং একমাত্র লক্ষ্য ঋষভকে খুঁজে বের করা। আর তার জন্য দরকার সঠিক সূত্র।”

রাগীব এতক্ষণ চুপ করে শুনছিল। এবার সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখেমুখে উৎকণ্ঠা স্পষ্ট।

“কিন্তু সূত্র কোথায়, চাকমা সাহেব?” কণ্ঠে চাপা হতাশা। “ওরা ঋষভকে কোথায় নিয়ে গেল, তার কোনও চিহ্নই তো আমরা পেলাম না! জঙ্গলের প্রতিটি পথ খুঁজে দেখেছি, তবু কিছুই পাওয়া গেল না। অন্তত ওরা কোন দিকে পালিয়েছে, সেটা জানতে পারলেও আমরা একটা সম্ভাব্য পথ ধরে এগোতে পারতাম!”

কথাগুলো বলতে বলতে রাগীবের গলা ক্রমশ ভারী হয়ে এল। সে একবার চোখ বন্ধ করল। আবার চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য—মুখোশধারীদের শক্ত হাতে অসহায়ভাবে আটকে থাকা ঋষভ, আর তার দিকে তাকিয়ে সাহায্যের জন্য আকুল সেই চোখ দুটো!

রাগীব মুঠো করে ধরল হাত দুটো। না! ঋষভকে কিছুতেই হারিয়ে যেতে দেওয়া যায় না!

এমন সময় লিয়ানা একটু গলা খাঁকারি দিয়ে নীরবতা ভাঙল, “আমি একটা কথা বলব?”

ঘরের সবাই তার দিকে তাকাল।

লিয়ানা একটু ইতস্তত করে বলল, “জঙ্গলে গোলাগুলির সময় একটা বিষয় আমার কানে এসেছিল। ওই মুখোশধারীরা নিজেদের মধ্যে মাঝে মাঝেই একটা কথা বলছিল—‘মিয়ান-মিয়ান লৌক!’ কথাটা আমার কানে কয়েকবার এসেছে। আমার ধারণা, ওরা মিয়ানমারের লোক হতে পারে। আমি ওই অঞ্চলের ভাষা সামান্য বুঝতে পারি। বার্মিজ ভাষায় ‘মিয়ান-মিয়ান লৌক’ কথাটার অর্থ—‘তাড়াতাড়ি কর!’”

কথাটা শুনে চাকমা সাহেবের ভ্রূ কুঁচকে গেল।

“তুমি কি নিশ্চিত, লিয়ানা? ওরা মিয়ানমারেরই লোক?”

“একেবারে নিশ্চিত করে বলতে পারব না,” লিয়ানা সতর্কভাবে উত্তর দিল। “কিন্তু ওদের কথা বলার ধরন আর শব্দগুলো শুনে আমার তেমনই মনে হয়েছে। অন্তত এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না।”

চাকমা সাহেব কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, “তার মানে তুমি বলতে চাইছ, ঋষভকে নিয়ে ওরা মিয়ানমারের দিকে চলে যেতে পারে?”

রাগীবের চোখ দুটো মুহূর্তে চকচক করে উঠল। এতক্ষণ যে হতাশা তাকে গ্রাস করে রেখেছিল, তার মধ্যে যেন হঠাৎ আশার একটা ক্ষীণ আলো জ্বলে উঠল। সে চেয়ারে সোজা হয়ে বসল।

“খুবই সম্ভব, স্যার! একবার ভেবে দেখুন—এই মাদক পাচারকারীদের সঙ্গে মিয়ানমারের যোগসূত্র থাকার যথেষ্ট প্রমাণ আমরা আগেই পেয়েছি। ওই ভুয়ো হারবাল মেডিসিনের কৌটোগুলোর গায়ে যে ঠিকানার উল্লেখ ছিল, সেটাও তো মিয়ানমারের হামুয়াল নামে একটা শহরের!”

সে একটু থামল। তারপর উত্তেজিত স্বরে বলে উঠল, “আমার এখন স্থির বিশ্বাস, এই গোটা চক্রটার শিকড় সীমান্তের ওপার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তাহলে ওকে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনাও যথেষ্ট।”

কথা শেষ করেই রাগীব চাকমা সাহেবের দিকে তাকাল। তার চোখে এবার আশার পাশাপাশি তীব্র তাগিদ, “আমাদের আর এক মুহূর্তও নষ্ট করা উচিত নয় স্যার!”

চাকমা সাহেব চিন্তিত মুখে মাথা নাড়লেন, “কিন্তু ব্যাপারটা এত সহজ নয়, ভাই। যদি সত্যিই ওরা ঋষভকে সীমান্ত পার করে মিয়ানমারে নিয়ে গিয়ে থাকে, তাহলে তদন্তের বিষয়টা সম্পূর্ণ অন্য পর্যায়ে চলে যাবে। তখন আর শুধু মিজোরাম পুলিশের পক্ষে এগোনো সম্ভব হবে না। প্রয়োজন হবে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে সমন্বয়। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্যও নিতে হতে পারে।”

কথাটা শুনে রাগীবের মুখটা মুহূর্তে কঠিন হয়ে গেল, “কিন্তু ততক্ষণে যদি ঋষভের কোনও ক্ষতি হয়ে যায়?” প্রশ্নটা সে প্রায় চিৎকার করেই করে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, “স্যার, আমি জানি আন্তর্জাতিক তদন্তের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। কিন্তু ততদিন অপেক্ষা করা সম্ভব নয়! ঋষভকে ওরা কেন তুলে নিয়ে গেছে, আমরা জানি না। ওদের উদ্দেশ্য কী, সেটাও অজানা। ওকে কোথায় আটকে রেখেছে, কেমন অবস্থায় রেখেছে—কিছুই জানি না আমরা!”

শেষের কথাগুলো বলতে বলতে তার গলা ধরে এল, “ওরা যদি ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে থাকে? প্রতিটা মুহূর্ত যে ওর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে!”

ঘরের মধ্যে আবার নীরবতা নেমে এল। প্রত্যেকেই নিজের মতো করে ঘটনাগুলোর যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। এমন সময় রথীন এতক্ষণে মনে মনে যে আশঙ্কাটা পোষণ করছিলেন, সেটাই প্রকাশ করলেন, “এমনও তো হতে পারে, মুখোশধারীরা আসলে ভাড়াটে দুষ্কৃতী। মার্সিনারি! মিয়ানমার থেকে ওদের ভাড়া করে আনা হয়েছে। ওরা হয়তো ড্রাগ ট্র্যাফিকার, অর্থাৎ মাদক পাচারকারীও। মিয়ানমার থেকে মাদক নিয়ে এসে এদিকে পাচার করে। সেইসঙ্গে ওপরওয়ালার নির্দেশে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারপর সুযোগ বুঝে ঋষভকে তুলে নিয়ে গেছে!”

একটু থেমে তিনি সকলের মুখের দিকে তাকালেন। তারপর বললেন, “মনে আছে তো, ওদের একজন প্রথমেই বলেছিল—‘আমাদের ওপর নির্দেশ আছে তোমাদের ধরে নিয়ে যাওয়ার!’ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওরা প্রথম থেকেই আমাদের কিডন্যাপ করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। গোলাগুলির মধ্যে ঋষভকে নিয়ে পালানোটা হয়তো ওদের পরিকল্পনার একটা অংশ ছিল না, কিন্তু মূল নির্দেশটা ছিল আমাদের বন্দি করে ওপরওয়ালার কাছে নিয়ে যাওয়া।”

ইন্সপেক্টর চাকমা ধীরে ধীরে মাথা নাড়লেন, “ঠিক বলেছ, রথীন। তোমার অনুমানটা যথেষ্ট যুক্তিসংগত।” তিনি টেবিলের ওপর রাখা ফাইলটার দিকে একবার তাকিয়ে আবার বলতে শুরু করলেন, “একটা বিষয় লক্ষ করেছ? ওদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। অথচ কাউকে মেরে ফেলার কোনও চেষ্টা ওরা করেনি। বরং প্রথম থেকেই অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল। এর অর্থ, ওদের উদ্দেশ্য হত্যা নয়। তোমাদের জীবিত অবস্থায় ধরে নিয়ে যাওয়ার নির্দেশই ওদের দেওয়া হয়েছিল বলে মনে হচ্ছে।”

চাকমা সাহেবের কণ্ঠে এবার দৃঢ়তা ফুটে উঠল, “ওরা প্রশিক্ষিত অপরাধী হলে এমন নির্দেশ মেনে চলার জন্য প্রস্তুত থাকতেই পারে। কিন্তু পুলিশের উপস্থিতি আর পালটা আক্রমণের মুখে ওদের পরিকল্পনা ভেস্তে যায়। তখন ওদের সামনে দুটো পথ ছিল—গুলি চালিয়ে লড়াই চালিয়ে যাওয়া, অথবা কোনওভাবে পালিয়ে যাওয়া। কিন্তু ওপরওয়ালার নির্দেশও তো অমান্য করা যাবে না! তাই শেষ মুহূর্তে সুযোগ বুঝে অন্তত একজনকে সঙ্গে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয় ওরা।”

“কিন্তু ওরা শুধু ঋষভকেই কিডন্যাপ করল কেন?” রাগীব প্রায় অসহায়ভাবে বলে উঠল।

তার গলায় এবার স্পষ্ট অধৈর্যতা। এতক্ষণ ধরে আলোচনার প্রতিটি সম্ভাবনা সে মন দিয়ে শুনছিল, কিন্তু ঋষভের অপহরণের রহস্যটা কিছুতেই তার মাথায় ঢুকছিল না, “আমাদের সবাইকে ধরে নিয়ে যাওয়ার নির্দেশ থাকলে, অন্তত আরও একজনকে তো নিয়ে যেতে পারত! শুধু ঋষভকেই কেন? ওর মধ্যে এমন কী আছে, যার জন্য ওরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও ওকে তুলে নিয়ে গেল?”

প্রশ্নগুলো একনাগাড়ে করে রাগীব থামল। তার চোখে তখন গভীর উদ্বেগ।

ইন্সপেক্টর চাকমা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্ত অথচ গম্ভীর স্বরে বললেন, “এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রফেসর। তবে আমার মনে হয়, এর উত্তরটা খুব জটিল নাও হতে পারে।”

“কী রকম?” রাগীব তৎক্ষণাৎ জানতে চাইল।

“দেখুন, পুলিশের পালটা আক্রমণে ওরা হকচকিয়ে গিয়েছিল। পরিস্থিতি দ্রুত ওদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সেই অবস্থায় প্রত্যেককে বন্দি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওরা নিজেরাই ধরা পড়ে যেত। অথচ ওপরওয়ালার নির্দেশ পালন করাও ওদের কাছে জরুরি ছিল। তাই সুযোগ বুঝে একজনকে নিয়ে পালিয়ে যাওয়াটাই ওদের কাছে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে মনে হয়েছে।”

লিয়ানা এবার একটু সোজা হয়ে বসে বলল, “ঠিক বলেছেন, স্যার। জঙ্গলে গোলাগুলির সময় ওদের একজনকে আমি চিৎকার করে বলতে শুনেছিলাম—‘মিয়ান-মিয়ান লৌক-দাউ! আ-নে-জৌং তা-য়ৌক-কো ফ্যান! ফ্যান-পী দি-নে-য়া-কা-নে প্যেই-দাউ!’”

একটু থেমে সে যোগ করল, “কথাগুলোর অর্থ অনেকটা এই রকম—‘আর দেরি কোরো না! অন্তত একজনকে ধরে এখান থেকে পালাও!’”

"তাই নাকি?" চাকমা সাহেবের চোখ চকচক করে উঠল, "তারমানে আমার অনুমান সঠিক। ওরা এনকাউন্টারে বেশি সময় নষ্ট না করে সুযোগ বুঝে শুধু ঋষভকে নিয়ে পালিয়েছে!" 

রাগীব এবার একটু মরিয়া হয়ে বলে উঠল, “কিন্তু ওরা পালিয়েছে কোথায়? মুরলেনের ওই দুর্ভেদ্য জঙ্গল ছাড়া আশপাশে এমন আর কোন গোপন আস্তানা রয়েছে, যেখানে ওরা ঋষভকে লুকিয়ে রাখতে পারে? আমাদের তো সেটা জানতেই হবে!”

কথা শেষ করেই রাগীব উত্তেজিতভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল, “স্যার, আর এক মুহূর্তও অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়! ঋষভকে কোথায় নিয়ে গেছে, সেটা খুঁজে বের করতেই হবে। ওর যদি কোনও ক্ষতি হয়ে যায়...” কথাটা বলতে গিয়ে তার গলা ধরে এল। কয়েক মুহূর্ত সে চুপ করে রইল। তারপর অস্ফুট স্বরে বলল, “আমি নিজেকে কোনও দিন ক্ষমা করতে পারব না!”

রাগীবের চোখের কোণ দুটো ভিজে উঠেছে। এতক্ষণ যে মানুষটা বুকের মধ্যে রাগ আর প্রতিশোধের আগুন জ্বালিয়ে বসেছিল, এবার তার সমস্ত দৃঢ়তার আড়াল থেকে বেরিয়ে এল এক অসহায় বন্ধুর গভীর যন্ত্রণা।

বিয়াকা আর চুপ করে থাকতে পারল না। সে উঠে এসে রাগীবের কাঁধে হাত রাখল,  “রাগীব... নিজেকে সামলাও বন্ধু। আমরা সবাই মিলে ঋষভকে খুঁজে বের করব।”

রাগীব মাথা নিচু করল। তারপর ধরা গলায় বলল, “ঋষভ আমার শুধু ছেলেবেলার বন্ধু নয়, ও আমার ভাই! আমাদের পরিবারের সঙ্গে ওদের পরিবারের সম্পর্ক কত গভীর, ওর বাবা-মা আমাকে কতটা স্নেহ করেন! ছোটবেলা থেকে কতবার ওদের বাড়িতে গেছি, কতবার কাকু-কাকিমার কাছে আদর পেয়েছি! আজ ওদের ছেলেকে চোখের সামনে থেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, আর আমি কিছুই করতে পারলাম না!”

সে একবার চোখ মুছে নিয়ে বলল, “ঋষভের যদি কিছু হয়ে যায়, আমি কোন মুখে কাকু-কাকিমার সামনে দাঁড়াব? কী বলব ওদের? যে ছেলেটাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি, তাকে আমি বিপদের মধ্যে ফেলে রেখে এসেছি?”

ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। লিয়ানা নীরবে চোখ নামিয়ে নিল। চাকমা সাহেবও কয়েক মুহূর্ত কোনও কথা বলতে পারলেন না।

রথীন এবার উঠে এসে রাগীবের কাঁধে হাত রাখলেন, “শান্ত হও, রাগীব। বসো।”

রাগীব কোনও কথা না বলে ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল।

রথীন গম্ভীর স্বরে বললেন, “তোমার মনের অবস্থাটা আমরা সবাই বুঝতে পারছি। ঋষভকে ফিরিয়ে আনার জন্য আমরাও মরিয়া। কিন্তু আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিলে চলবে না। ওরা কোন পথে পালিয়েছে, তার কোনও সূত্র এখনও আমাদের হাতে নেই। কোথায় ওদের আস্তানা, কোথায় নিয়ে গিয়ে ঋষভকে আটকে রেখেছে—কিছুই জানা নেই। আমরা সবাই সেই সূত্রটাই খুঁজছি।”

রাগীব মুখ তুলে তাকাল, “কিন্তু এতক্ষণ আলোচনা করেও তো কোনও সূত্র পেলাম না, স্যার! আমরা শুধু সম্ভাবনার কথা বলে যাচ্ছি। এদিকে সময় চলে যাচ্ছে! কে জানে, ওরা ঋষভের সঙ্গে কী করছে!”

তার গলায় জমে থাকা হতাশা এবার যেন ঘরের প্রত্যেকের বুকেই গিয়ে বিঁধল।

ঠিক সেই সময় দরজার বাইরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। একজন কনস্টেবল তাড়াহুড়ো করে ঘরে ঢুকে ইন্সপেক্টর চাকমার কাছে এগিয়ে এল। স্যালুট করে নিচু গলায় তাঁর কানে কানে কিছু বলল।

কথাগুলো শোনামাত্র চাকমা সাহেবের মুখের ভাব বদলে গেল। তিনি চেয়ারে সোজা হয়ে বসলেন। চোখে ফুটে উঠল তীক্ষ্ণ দৃষ্টি, “কী বললে? মেটাডোরটা এখনও ওখানেই পড়ে আছে?”

কনস্টেবল মাথা নাড়ল, “হ্যাঁ স্যার। স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, মেলবুকের কাছে টিয়াউ নদীর তীরে গভীর জঙ্গলের মধ্যে একটি ছোট মেটাডোর গাড়ি বেশ কিছুক্ষণ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। গাড়ির আশপাশে কাউকে দেখা যায়নি।”

চাকমা সাহেব কয়েক মুহূর্ত স্থির হয়ে রইলেন। তারপর হাতের ইশারায় কনস্টেবলকে বাইরে যেতে বললেন।

ঘরের সবাই তখন তাঁর মুখের দিকে তাকিয়ে, “শোনো,” তিনি গম্ভীর স্বরে বললেন, “মেলবুকের কাছে টিয়াউ নদীর তীরে একটা মেটাডোর অনেকক্ষণ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমার মনে হচ্ছে, এই সূত্রটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।”

রথীন চেয়ার ছেড়ে সামান্য এগিয়ে এলেন,  “ঠিক বলেছেন, স্যার! আমারও তাই মনে হচ্ছে। জঙ্গলে হামলা চালানোর পর দুষ্কৃতীরা ওই মেটাডোরে করে পালিয়ে থাকতে পারে। ওই মেটাডোর আর তার আশেপাশের জায়গাটা একবার পরীক্ষা করে দেখা দরকার!" 

চাকমা সাহেব মাথা নাড়লেন “আমিও তাই ভাবছি। এখনি মেলবুক আউট পোস্টকে খবর দাও, মেটাডোরটার চারপাশটা ঘিরে ফেলতে!" 

রথীন সঙ্গে সঙ্গে মোবাইল বের করে মেল্বুক পুলিশ আউটপোস্টে খবর দিয়ে দিলেন। 

রাগীব এতক্ষণ ব্যপারটা লক্ষ্য করছিল। এবার সে জিগ্যেস করল, “মেলবুক কোথায়, রথীনদা?” তার চোখে আবার সেই তীব্র আকুলতা।

রথীন তার দিকে ঘুরে বললেন, “মেলবুক টিয়াউ নদীর ধারে ছোট একটা শহর। এখান থেকে আঠের কিলোমিটার। টিয়াউ নদী ভারত ও মিয়ানমারের সীমান্তের একটা গুরুত্বপূর্ণ অংশ দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে মিজোরাম, অন্যদিকে মিয়ানমারের শান প্রদেশ। জোখওয়াথার বর্ডার ওখান থেকে বেশি দূরে নয়, কাজেই এই সূত্রটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” 

একটু থেমে তিনি বললেন, “যদি ওই মেটাডোরটা দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়ি হয়, তাহলে তারা হয়তো সেটাকে নদীর ধারে রেখে অন্য কোনও পথে পালিয়েছে। এমনও হতে পারে, ওখান থেকে সীমান্তের দিকে যাওয়ার কোনও গোপন পথ ব্যবহার করেছে। আর যদি সত্যিই তাই হয়, তাহলে ঋষভকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার একটা সূত্র আমরা পেয়ে যেতে পারি।”

কথাটা যেন রাগীবের ভিতরে নতুন করে প্রাণ সঞ্চার করল। সে আর এক মুহূর্তও বসে থাকতে পারল না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, “তাহলে আর দেরি কেন, স্যার? চলুন! এখনই চলুন! গাড়িটা যদি ওদের হয়, তাহলে ওখানে নিশ্চয়ই কোনও না কোনও সূত্র পাওয়া যাবে!”

চাকমা সাহেবও উঠে দাঁড়ালেন, “ঠিক আছে। রথীন, ফোর্স প্রস্তুত করো। আমরা এখনই রওনা হচ্ছি।" 

রথীন দৃঢ়ভাবে মাথা নাড়লেন,  “স্যার!”

রাগীব দরজার দিকে এগিয়ে গেল। তার চোখে এখন আর শুধু অসহায়তা নেই—জেগে উঠেছে প্রবল সংকল্প। ঋষভকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে সে পাহাড়ের পর পাহাড়, জঙ্গলের পর জঙ্গল তন্নতন্ন করে খুঁজবে।

কিন্তু তার অজান্তেই, মিজোরামের সেই সীমান্তবর্তী অরণ্যের গভীরে তখন হয়তো অন্য কোনও ঘটনা ঘটছে। টিয়াউ নদীর তীরে পরিত্যক্ত মেটাডোরটি কি সত্যিই তাদের সামনে নতুন কোনও পথ খুলে দেবে? নাকি সেটি অপরাধীদের পাতা আরও বড় কোনও ফাঁদ?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরলেনের বাঁশী উনবিংশ পর্ব