মুরলেনের বাঁশী ষোড়শ পর্ব

লাল বিয়াকার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছিল। তাই Hotel Chawngthu-এর সামনে গাড়ি এসে থামতেই ওরা দেখতে পেল রাস্তার ধারে একটি লাল Pulsar মোটরবাইকের পাশে দাঁড়িয়ে আছে বিয়াকা। দূর থেকেই ওদের দেখতে পেয়ে সে হাসিমুখে হাত নাড়াল। তখন বিকেল। চামফাই এর পাহাড়ে তখন ছায়া নেমে আসছে ধীরে ধীরে। আর সেইসঙ্গে শীতল হয়ে উঠছে চারিদিক। 

গাড়ি থেকে নামতেই বিয়াকা একে একে রাগীব আর ঋষভকে জড়িয়ে ধরে বলল, —"বন্ধু, তোমরা তো এ দুদিনে একটা ছোটখাটো ঝড় তুলে দিয়েছ! মিজোরামের মানুষ তোমাদের কোনোদিন ভুলবেনা!" 

রাগীব মৃদু হেসে মাথা নেড়ে বলল, —"প্রশংসা পরে হবে। আগে মিশনটাতো সফল হোক। আসল কাজ তো এখনও বাকি।"

বিয়াকাও গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, —"ঠিক বলেছ। চলো, আগে ভেতরে যাই।"

লিয়ানাও ওদের সঙ্গে হোটেলের ভেতরে ঢুকে পড়ল।

রিসেপশনে প্রয়োজনীয় নথিপত্রে সইসাবুদ আর রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা শেষ হতে কয়েক মিনিট লাগল। তারপর সবাই মিলে দোতলায় উঠে নির্দিষ্ট ঘরে পৌঁছল।

ঘরটি ছিল প্রশস্ত, পরিচ্ছন্ন এবং আধুনিক সব সুযোগ-সুবিধায় সজ্জিত। তবে ঘরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দক্ষিণ দিকের পুরো দেওয়ালজুড়ে থাকা বিশাল কাঁচের জানালা। ভারী পর্দা সরাতেই যেন চোখের সামনে খুলে গেল পূর্ণিমার সন্ধ্যায় চামফাই উপত্যকার এক মোহনীয় জীবন্ত ক্যানভাস।

সবুজ পাহাড়ের ঢালে সারি সারি ছোট ছোট বাড়ি। পাহাড়ের গা বেয়ে একে একে জ্বলে উঠছে ঘরের আলো, যেন অন্ধকারের বুকে অসংখ্য জোনাকি ছড়িয়ে পড়েছে। পশ্চিম আকাশে সূর্য ডুবে যাওয়ার পর কোজাগরী পূর্ণিমার গোল, দুধসাদা চাঁদ ধীরে ধীরে উঠে এসেছে পাহাড়ের মাথার ওপর। তার রুপালি আলোয় চামফাই উপত্যকা যেন অলৌকিক এক রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। দূরের পাহাড়গুলো সন্ধ্যার ঘননীল অন্ধকারের আবরণে রহস্যময়, আর মাঝখানের গভীর জঙ্গলে ঢাকা উপত্যকাগুলোকে মনে হচ্ছে যেন অজানা কোনো গোপন রহস্য শতাব্দীর পর শতাব্দী ধরে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। চাঁদের আলোয় পাহাড়, বন আর নীরব উপত্যকার সেই অপার্থিব সৌন্দর্য দেখে মুহূর্তের জন্য রাগীব, ঋষভ আর লিয়ানা সবাই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল, প্রকৃতি যেন নিজের হাতে নিখুঁত তুলির আঁচড়ে এঁকে রেখেছে এক স্বপ্নময় ক্যানভাস। 

নীরবতা ভাঙল লাল বিয়াকাই। সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দূরের একটি ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ের দিকে আঙুল তুলে বলল, —"ওই যে দূরের পাহাড়টা দেখছ ওটাই মুরলেন পাহাড় আর মুরলেন ন্যাশেনাল পার্কের ঘন জঙ্গল। ওখান থেকেই মাঝে মাঝে ভেসে আসে সেই রহস্যময় বাঁশির আওয়াজ।"

কথাটা শেষ হতেই ঘরের ভেতরের আবহাওয়া যেন মুহূর্তে বদলে গেল। প্রকৃতির মায়াবী সৌন্দর্যের ওপর নেমে এল অদৃশ্য এক রহস্যের ছায়া। রাগীব আর ঋষভ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দূরের সেই অন্ধকার মুরলেন পাহাড় জঙ্গলের দিকে। পূর্ণিমার রুপালি আলোয় পাহাড়টা এখন যেন আরও বেশি নিস্তব্ধ, আরও বেশি রহস্যময়। মনে হচ্ছিল, তার বুকের গভীরে লুকিয়ে আছে এমন এক অজানা সত্য, যার টানেই এতদূর পথ পেরিয়ে তারা চামফাইয়ে এসে পৌঁছেছে।

বিয়াকা জানালার পাশ থেকে সরে এসে হাসিমুখে বলল,—"আচ্ছা বন্ধুরা, একটা কথা আগে থেকেই বলে রাখি। আজ রাতে তোমরা সবাই আমাদের বাড়িতে ডিনার করবেন। আমার বাবা-মা খুব করে বলে দিয়েছেন।"

রাগীব মৃদু হেসে বিয়াকার দিকে তাকাল। এত আন্তরিক আমন্ত্রণে তার মনটা ছুঁয়ে গেল।

ঋষভও প্রথমে হাসল। কিন্তু পরমুহূর্তেই তার মুখের হাসি যেন একটু ফিকে হয়ে গেল। গতকাল থেকেই সে লক্ষ্য করেছে, মিজোরামের মানুষের খাদ্যাভ্যাস তাদের থেকে অনেকটাই আলাদা। ইঁদুরের মাংস, শামুক, শূকরের মাংস—এখানকার মানুষের কাছে সবই স্বাভাবিক খাবার। মনে মনে সে ভাবল, 'আজ আবার এসবই খেতে হবে নাকি!'

ঋষভের মুখের ভাব দেখে বিয়াকা ব্যপারটা বুঝতে পারল সে ঋষভের ঘাড়ে হাত রেখে বলল, —"Don't worry, my friend! তোমার মুখ দেখেই বুঝে গেছি তুমি কী ভাবছ। তোমাদের পছন্দের খাবারই রেডি হচ্ছে!" 

কথাটা শুনে ঋষভ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল।

ঘরের ভেতর এক মুহূর্তে হাসির রোল উঠল। দীর্ঘ যাত্রার ক্লান্তি আর গত দুদিনের টানটান উত্তেজনার মাঝেও সেই হাসি যেন সবাইকে খানিকটা হালকা করে দিল।

হাসি থামতেই বিয়াকা ঘড়ির দিকে তাকিয়ে বলল, —"এখন সাড়ে পাঁচটা বাজে। আমাদের এখানে সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়। রাত আটটার মধ্যেই ডিনার শেষ হয়ে যায়। তাই সাতটার মধ্যে বেরোতে পারলে ভালো হয়।"

একটু থেমে সে আবার বলল, —"তা এখন তোমাদের কী প্ল্যান? এতটা পথ এসেছ, চাইলে একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে পারো। নাকি এখনি শহরটা একটু ঘুরে দেখবে?"

রাগীব আবার একবার জানালার বাইরে তাকাল। পূর্ণিমার রুপালি আলোয় দূরের সেই জঙ্গলে ঢাকা মুরলেন পাহাড়টা যেন অদ্ভুত এক আকর্ষণে তাকে ডাকছিল। এই মুহূর্তেই সেখানে ছুটে যেতে ইচ্ছে করছিল তার। মনে হচ্ছিল, রহস্যের পর্দা আর এক মুহূর্তও না সরিয়ে অপেক্ষা করা সম্ভব নয়।

কিন্তু পরক্ষণেই নিজের উত্তেজনাকে সংযত করল সে।

না... আজ নয়।

এতটা দীর্ঘ পথ পেরিয়ে তারা মাত্রই চামফাইয়ে পৌঁছেছে। অন্ধকার নেমে এসেছে, তার ওপর অপরিচিত পাহাড়ি জঙ্গল। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।

বরং আজ রাতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা করা যাক।

সত্যিই কি গভীর রাতে সেই রহস্যময় বাঁশির সুর ভেসে আসে? যদি আসে, তবে ঠিক কোন পাহাড়ের কোন দিক থেকে? শব্দের উৎস সম্পর্কে সামান্য ধারণা পেলেই আগামী দিনের অনুসন্ধান অনেক সহজ হবে।

মনে মনে পরিকল্পনাটা গুছিয়ে নিয়ে সে খিয়ান্টে সাহেবের কথাও মনে করল। তিনি বারবার বলে দিয়েছিলেন—চামফাই পৌঁছেই যেন একবার থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে দেখা করে নেয়। 

রাগীবের ঠোঁটের কোণে অজান্তেই একটা হাসি ফুটে উঠল।

বেড়াতে এসে প্রথম কাজ থানায় গিয়ে হাজিরা দেওয়া! ব্যাপারটা ভাবলেই বেশ মজার লাগছিল। সাধারণ পর্যটকদের ভ্রমণ শুরু হয় দর্শনীয় স্থান দেখে, আর তাদের শুরু হচ্ছে থানার বড়বাবুর সঙ্গে সাক্ষাৎ দিয়ে! জীবন যে কত বিচিত্র ঘটনা দেখায় তা আগে থেকে কে-ই বা বলতে পারে!

সে বিয়াকার দিকে তাকিয়ে বলল, —"চলো, আগে একবার থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে আলাপটা সেরে নেওয়া যাক। তারপর সেখান থেকে তোমাদের বাড়িতে যাব।" 

সবাই ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এল। লিয়ানা গাড়ির স্টিয়ারিংয়ে বসল, আর লাল বিয়াকা নিজের লাল Pulsar-এ চড়ে সামনে পথ দেখাতে লাগল।

শৈলনগরী চামফাইয়ের বুকে তখন নেমে এসেছে কোজাগরী পূর্ণিমার মায়াময় রাত। জ্যোৎস্না আর বৈদ্যুতিক আলোর মিশেলে শহরটা যেন স্বপ্নের মতো সুন্দর। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তাগুলো রুপালি আলোয় ঝলমল করছে। দূরে উপত্যকার ঢাল বেয়ে যতদূর শহর বিস্তৃত, ততদূর ছড়িয়ে থাকা ঘরবাড়ির আলো মনে হচ্ছে যেন আকাশের অসংখ্য তারা নেমে এসে পাহাড়ের গায়ে বসেছে। চারদিকে এক অপার্থিব নীরবতা। দিনের ব্যস্ততা শেষ করে মানুষজন ধীরে ধীরে নিজেদের ঘরে ফিরছে। রাস্তাঘাটও প্রায় ফাঁকা হয়ে এসেছে।

কয়েক মিনিটের মধ্যেই তারা পৌঁছে গেল চামফাই থানার সামনে।

থানাটি শহরের বেশ উঁচু একটি জায়গায়, তিনতলা ভবন। পাশেই চামফাই সরকারি হাসপাতাল। 

গাড়ি থেকে নেমে রাগীব বড়বাবুর খোঁজ করতেই ডিউটিতে থাকা এক কনস্টেবল কৌতূহলী দৃষ্টিতে ওদের দিকে তাকাল। তারপর ভুরু কুঁচকে করিডরের শেষ প্রান্তে পর্দা টাঙানো একটি ঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, —"সাহেব ভিতরে আছেন।"

ওরা পর্দা সরিয়ে ভেতরে ঢুকল।

ঘরের মাঝখানে কাঠের বড় টেবিল। তার ওপারে বসে আছেন বছর পঞ্চাশের এক খাটো, সুঠাম গড়নের এক পুলিশ অফিসার। ইনিই নিশ্চয়ই ইনস্পেকটর চাকমা। তিনি তখন মোবাইলে কারও সঙ্গে গম্ভীরভাবে কথা বলছিলেন। নতুন অতিথিদের দেখে একবার চোখ তুলে তাকালেন, তারপর ভদ্রভাবে বসার ইশারা করে আবার কথোপকথনে মন দিলেন।

মিনিট দুয়েক পর ফোন রেখে তিনি সোজা হয়ে বসে মৃদু হাসলেন, —"বলুন?"

রাগীব নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে অফিসারের মুখে আন্তরিক হাসি ফুটে উঠল।

আধো-আধো বাংলায় তিনি বললেন, —"আমি একটু-আধটু বাংলা বলতে পারি। কয়েক মাস ব্যারাকপুরে ট্রেনিং ছিল আমার... তখনই শিখেছি। আমি ইন্সপেক্টর চাকমা!"

কথা শেষ করে তিনি হালকা হেসে আবার ইংরেজিতে বললেন, —"I've already been briefed about you. Excellent work! What you did in Aizawl deserves appreciation. Unfortunately, the operation isn't over yet. The masterminds are still out there... and until they're behind bars, this case remains unfinished."

কথাগুলো বলার সময় তাঁর কণ্ঠে যেমন প্রশংসা ছিল, তেমনি ছিল একজন অভিজ্ঞ পুলিশ অফিসারের সতর্কতার সুর। ঘরের পরিবেশও যেন মুহূর্তে আরও গম্ভীর হয়ে উঠল। 

খানিকক্ষণ ঘরে নীরবতা নেমে রইল। বাইরে পূর্ণিমার আলো জানলার কাঁচে এসে পড়েছে, আর ঘড়ির টিকটিক শব্দ যেন সেই নীরবতাকে আরও ভারী করে তুলছিল।

অবশেষে চাকমা সাহেবই নীরবতা ভাঙলেন।

তিনি সামান্য সামনে ঝুঁকে দু'হাত টেবিলের ওপর রেখে বললেন, —"ইন্সপেক্টর খিয়ান্টে ফোনে আপনার সন্দেহের কথা আমাকে জানিয়েছেন। এখন বলুন তো, প্রফেসর... আপনারা ঠিক কী করতে চান?"

রাগীব এক মুহূর্তও দেরি করল না, —"স্যার, যে পাহাড় থেকে ওই রহস্যময় বাঁশির আওয়াজ ভেসে আসে, আমরা সেখানে যেতে চাই। নিজের চোখে দেখতে চাই—কেন ওই আওয়াজ হয়। আর যদি সত্যিই কেউ সেই লোকবিশ্বাসকে ঢাল হিসেবে ব্যবহার করে মাদক পাচারের মতো কোনো অপরাধ চালিয়ে থাকে, তাহলে সেই সত্যটাও সামনে আনতে চাই।"

কথা শেষ হতেই চাকমা সাহেব চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে থেকে নিচু গলায় বললেন,—"ওই বাঁশির আওয়াজ... আমি নিজেও বহুবার শুনেছি। যখন পাহাড়ে জোর হাওয়া বয়, তখনই ওই সুর ভেসে আসে। আমাদের কাছে ওটা নতুন কিছু নয়..."

একটু থেমে তিনি ধীরে ধীরে রাগীবের দিকে ফিরে তাকালেন —"কিন্তু সেই আওয়াজের আড়ালে মাদক পাচার চক্র লুকিয়ে থাকতে পারে এটা তো...!"—কথাটা শেষ করলেন না তিনি। কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস।

ঠিক তখনই লাল বিয়াকা আর চুপ থাকতে পারল না।

সে উত্তেজিত গলায় বলে উঠল, —"স্যার, সমস্যাটা সেখানেই। আগের সেই বাঁশির আওয়াজ আর এখনকার আওয়াজ এক নয়। আমি ছোটবেলা থেকে শুনেছি। কিন্তু গত কয়েক মাস ধরে শব্দটা বদলে গেছে। এখন শুনলে মনে হয় যেন বাঁশের বাঁশি নয়... কেউ ইলেকট্রনিক সিন্থেসাইজারের রিডে সেই সুর তুলছে। আওয়াজটা অনেক বেশি নিখুঁত... অনেক বেশি কৃত্রিম।"

লিয়ানা সঙ্গে সঙ্গে সায় দিল —"সিন্থেসাইজার কিনা আমি বলতে পারব না, স্যার। কিন্তু একটা পরিবর্তন যে হয়েছে, সেটা নিশ্চিত। ছোটবেলায় যে সুরটা শুনতাম, সেটা ভাঙা ভাঙা, ফ্যাসফ্যসে। এখনকার সুর অনেক বেশি পরিষ্কার, মসৃণ... যেন কেউ নিখুঁতভাবে ইলেকট্রনিক বাঁশী বাজাচ্ছে।"

চাকমা সাহেবের চোখ হঠাৎই সরু হয়ে এল। হঠাৎ তিনি চেয়ার ছেড়ে উঠে দাড়িয়ে কঠোর গলায় বললেন, —"যদি সত্যিই এত বড় পরিবর্তন হয়ে থাকে, তাহলে এতদিন আপনারা থানায় রিপোর্ট করেননি কেন? আজ দু'জন বাইরের লোক এসে একটা থিওরি দিল, আর আপনারা সেটাকেই সত্যি ধরে নিলেন?"

ঘরের বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে উঠল।

লিয়ানা কিন্তু একটুও বিচলিত হল না। সে শান্ত দৃষ্টিতে অফিসারের চোখে চোখ রেখে বলল, —"স্যার, আমরা ছোটবেলা থেকে ওই বাঁশির আওয়াজ শুনে বড় হয়েছি। আমাদের কাছে ওটা পাহাড়েরই একটা অংশ, প্রকৃতিরই একটা রহস্য। কেউ কোনোদিন ওটাকে অপরাধের সঙ্গে জুড়ে ভাবেনি।"

সে বিয়াকার দিকে তাকিয়ে আবার বলল, —"প্রথম সন্দেহটা আসলে বিয়াকারই হয়েছিল। কারণ ও বহু বছর ধরে কলকাতায় থাকে। দীর্ঘদিন পর ফিরে এসে ওর কানে পরিবর্তনটা ধরা পড়ে। আমরা যারা প্রতিদিন শুনেছি, আমাদের কাছে সেই পরিবর্তনটা এত স্পষ্ট না।"

চাকমা সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি ধীরে ধীরে নিজের চেয়ারে ফিরে এসে বসলেন। আঙুলের গাঁট দিয়ে টেবিলে কয়েকবার মৃদু টোকা দিলেন। মনে হচ্ছিল, কথাগুলো তিনি গভীরভাবে বিচার করছেন।

কয়েক সেকেন্ড নীরব থাকার পর চাকমা সাহেব ধীরে ধীরে বললেন, —"ধরে নিলাম, আপনাদের সন্দেহ একেবারে অমূলক নয়। কিন্তু একটা কথা বলুন তো, প্রফেসর..."

তিনি সামান্য ঝুঁকে রাগীবের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন —"আপনারা যে মুরলেন পাহাড়ে যেতে চাইছেন, সেই জায়গাটা সম্পর্কে আদৌ কোনো ধারণা আছে?"

ঘরের সবাই চুপ।

চাকমা সাহেব ধীরে ধীরে বলতে শুরু করলেন, —"ওটা কোনো সাধারণ পাহাড়ি জঙ্গল নয়। বাঁশ, বেত, বিশাল বিশাল ওক, শিমা, লরেল—শত শত বছরের পুরোনো গাছ আকাশ ঢেকে রেখেছে। তাদের গায়ে জড়িয়ে আছে অসংখ্য লতা, শ্যাওলা আর অর্কিড। নিচে কোমরসমান ফার্ন আর ঝোপঝাড়। সূর্যের আলো মাটিতে পৌঁছাতেই পারে না। দিনের দুপুরেও সেখানে সন্ধ্যা নেমে থাকে। তাই তো ওটাকে অনেকে 'ডার্ক ফরেস্ট অব মিজোরাম' বলে।"

একটু থেমে তিনি আরও নিচু গলায় বললেন, —"শুধু অন্ধকার নয়... ওখানে পথও নেই। আছে শুধু জন্তুর চলার সরু ট্রেইল। একবার ভুল পথে ঢুকলে মানুষ দিনের পর দিন ঘুরে বেড়িয়েও বেরোতে পারে না। অনেকসময় ডেথ সার্কেলে আটকে যায়!" 

ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল।

চাকমা সাহেব আবার বলতে শুরু করলেন, —"ওই জঙ্গলে অনেক পাহাড়ি চিতাবাঘ আছে, বিশাল বিশাল সব বুনো শূকর আছে, শেয়াল আছে, হিমালয়ান কালো ভালুকেরও দেখা মেলে বলে অনেকে দাবি করে। কিন্তু সবচেয়ে ভয়ংকর হলো বিষধর সাপ। কিং কোবরা, ব্যান্ডেড ক্রেইট, পিট ভাইপার—কোথায় কোনটা লুকিয়ে আছে, কেউ জানে না। শুধু তাই নয়, এমন কিছু বিষাক্ত মাকড়সা, বিছে, পোকামাকড় আছে, যাদের কামড়ে কয়েক মিনিটের মধ্যে মানুষ অচেতন হয়ে যেতে পারে।"

তিনি এবার টেবিলের ওপর হাত চাপড়ে বললেন, —"এই কারণেই বনদপ্তরের কর্মীরাও প্রয়োজন ছাড়া ওই জঙ্গলে ঢুকতে চান না। পুলিশও যায় না। Border Security Force-এর টহলও ওই এলাকায় খুব সীমিত।"

রাগীবরা নির্বাক।

চাকমা সাহেব এবার আরও গম্ভীর হয়ে বললেন, —"আর একটা কথা শুনুন। মুরলেনের ভেতরে ঢুকলেই বেশিরভাগ জায়গায় মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। ওটা একটা শ্যাডো জোন। যদি দুর্ঘটনা ঘটে... যদি কেউ আহত হয়... যদি কেউ নিখোঁজ হয়ে যায়... তাহলে বাইরে খবর পাঠানোরও কোনো উপায় থাকবে না।"

তিনি এবার চেয়ার ছেড়ে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ালেন। পূর্ণিমার আলোয় দূরের অন্ধকার পাহাড়ের দিকে তাকিয়ে যেন নিজেকেই বললেন, —"এবার ভাবুন... যদি সত্যিই কেউ ওই জঙ্গলের মধ্যে কৃত্রিমভাবে বাঁশির আওয়াজ তৈরি করে... আর যদি সেই রহস্যের আড়ালে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের কোনো গোপন ঘাঁটি লুকিয়ে থাকে..."

ধীরে ধীরে তিনি ওদের দিকে ফিরে দাঁড়ালেন —"তাহলে তারা কি এতদিনের গোপন আস্তানা রক্ষা করার বদলে চুপচাপ বসে থাকবে? আপনারা ওদের এলাকায় ঢুকবেন, আর ওরা আপনাদের ফুলের মালা দিয়ে বরণ করবে—এটা কি সত্যিই বিশ্বাস করেন?"

কথাগুলো শেষ হতেই ঘরের ভেতর আবার এক চাপা নীরবতা নেমে এল।

বাইরে পূর্ণিমার আলোয় পাহাড়গুলোকে শান্ত, নিরীহ আর স্বপ্নময় লাগছিল। কিন্তু সেই শান্ত সৌন্দর্যের আড়ালে যেন লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা অন্ধকার, যার গভীরে প্রবেশ করা মানে হয়তো মৃত্যুর দরজায় নিজে থেকেই কড়া নাড়া।

চাকমা সাহেব এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, —"আর একটা বিষয় ভুলে যাবেন না প্রোফেসর, গতকাল আইজলের অভিযানের পর আপনারা ইতিমধ্যেই ওদের হিট লিস্টে উঠে গেছেন।"

তিনি টেবিলের ওপর রাখা একটি ফাইল খুলে কয়েকটি কাগজ উল্টে দেখলেন —"আজ কালখুলেতে আপনাদের ওপর যে হামলা হয়েছিল, তার সঙ্গে জড়িত সবাইকে আমরা গ্রেপ্তার করেছি। জেরা করে জানা গেছে, ওরা স্থানীয় নয়। মণিপুর থেকে ভাড়া করে আনা পেশাদার গুন্ডা... Mercenaries."

রাগীব গম্ভীর স্বরে বলল, —"তাহলে ওরা মণিপুরের লোক! মর্সিনারি! কারা ওদের পাঠিয়েছে, সেটা কি মুখ খুলেছে?"

চাকমা সাহেব ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলেন,—"পেশাদার ভাড়াটে অপরাধীরা এত সহজে মুখ খোলে না, প্রফেসর। জেরা চলছে। তবে পরিস্থিতি দেখে আমাদের প্রায় নিশ্চিত ধারণা—ওরা বিপ্লব চক্রবর্তী আর জাতাঙ্গার হয়ে কাজ করছিল।"

রাগীব আবার প্রশ্ন করল, —"বিপ্লব চক্রবর্তী, জাতাঙ্গা কিংবা ওর স্ত্রী লালমিঙ্গি—কারও কোনো খোঁজ পাওয়া গেছে?"

চাকমা সাহেব ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, —"না... এখনও না।"

একটু থেমে তাঁর কণ্ঠ আরও ভারী হয়ে উঠল, —"আর সেটাই আমাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলছে। কারণ যে শত্রুকে চোখে দেখা যায় না... সে-ই সবচেয়ে ভয়ঙ্কর।"

রাগীব কিছুক্ষণ চুপ করে চাকমা সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল,—"তাহলে কি স্যার... আপনারা আমাদের ওখানে যেতে নিরুৎসাহিত করছেন? নাকি সরাসরি বারণ করছেন? আপনারা কি আমাদের এই অভিযানে কোনো সাহায্য করতে চান না?"

প্রশ্নটা শুনে চাকমা সাহেব কয়েক মুহূর্ত নিশ্চুপ রইলেন। তারপর ধীরে ধীরে তাঁর মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। সেই হাসিতে বিদ্রূপ ছিল না, ছিল অভিজ্ঞতার গভীরতা।

তিনি চেয়ারে হেলান দিয়ে বললেন, —"প্রফেসর রাগীব, আপনি ভুল বুঝছেন!"

একটু থেমে তিনি একে একে রাগীব, ঋষভ, লিয়ানা আর লাল বিয়াকার দিকে তাকালেন, —"গতকাল থেকে আপনারা যা করেছেন, তার জন্য মিজোরাম পুলিশ সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। একটা আন্তঃরাজ্য মাদকচক্রের পর্দা ফাঁস করার প্রথম ধাপটা আপনারাই তৈরি করেছেন। আপনার উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা, আপনার বন্ধুর ঝুঁকি নেওয়ার সাহস, আর পরিস্থিতি সামলানোর দক্ষতা—এসবের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।"

তিনি টেবিলের ওপর আঙুল ঠুকে দৃঢ় স্বরে বললেন,—"বিশ্বাস করুন, আপনাদের মতো মানুষ খুব কমই দেখা যায়। তাই আপনাদের সাহায্য করতে মিজোরাম পুলিশের কোনো দ্বিধা নেই। বরং এই মুহূর্তে আপনারাই আমাদের এই তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।"

ঘরের পরিবেশটা একটু নরম হয়ে এল।

চাকমা সাহেব আবার বললেন, —"কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে আমার প্রথম দায়িত্ব আপনাদের বিপদের কথা জানানো। আমি চাই না, আপনারা অন্ধকারে ঝাঁপ দিন। সামনে কী অপেক্ষা করছে, সেটা জেনেশুনেই যেন সিদ্ধান্ত নেন।"

ঠিক সেই সময় দরজায় মৃদু টোকা পড়ল।

একজন কনস্টেবল ট্রেতে ধোঁয়া ওঠা পাঁচ কাপ চা নিয়ে ভেতরে ঢুকল। নিঃশব্দে একে একে সবার সামনে কাপগুলো রাখল। 

চাকমা সাহেব কনস্টেবলটিকে মিজো ভাষায় নির্দেশ দিতে সে আবার স্যালুট জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল।

ঘরের ভেতর কয়েক মুহূর্ত শুধু গরম চায়ের সুবাস ভেসে বেড়াতে লাগল। চাকমা সাহেব হাতের ইশারায় বললেন, —"চা নিন... ইন্সপেক্টর দেবকে খবর দিয়েছি। আসছেন। তারপর অনেক আলোচনা আছে।"

সবাই কাপ তুলে নিল।

তিনি নিজের কাপে ধীরে ধীরে এক চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন, —"আপনাদের একা সেখানে যেতে হবে না! আগামীকাল সকাল থেকেই ইনস্পেক্টর দেবের নেতৃত্বে মিজোরাম পুলিশের একটি বিশেষ অপারেশন টিম আপনাদের সঙ্গে থাকবে। দলের সদস্যরা সবাই সশস্ত্র, জঙ্গলে অভিযান চালানোর অভিজ্ঞ এবং ক্ল্যামোফেজ সম্পর্কে প্রশিক্ষিত। সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে।"

আরেক চুমুক চা খেয়ে তিনি গম্ভীর স্বরে যোগ করলেন,—"শুধু তাই নয়... আজ রাত থেকেই Hotel Chawngthu-এর আশেপাশে আমাদের দুজন সশস্ত্র পুলিশ সদস্য সাদাপোশাকে নজরদারিতে থাকবে। আপনারা হয়তো তাদের দেখতেও পাবেন না। কিন্তু তারা আপনাদের হোটেলের ওপর সারাক্ষণ নজর রাখবে।"

তিনি এবার কাপটা নামিয়ে রাগীবের চোখে চোখ রেখে বললেন,—"কারণ এখন আপনারা শুধু অতিথি নন, গুরুত্বপূর্ণ সাক্ষীও। আবার আপনারা সেই অপরাধচক্রের চোখেও সবচেয়ে বড় বাধা।"

এক মুহূর্ত থেমে তাঁর কণ্ঠ আরও নিচু হয়ে এল—"আপনারা যেমন ওদের খুঁজছেন, ওরাও ঠিক তেমনভাবেই আপনাদের খুঁজছে।" 

ঘরে আবার নেমে এল এক অদ্ভুত নীরবতা। ঠিক সেই সময় দরজায় মৃদু টোকা পড়ল। অনুমতি মিলতেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন পুলিশের পরিপাটি উর্দি পরা রাগীবদেরই বয়সি এক তরুণ অফিসার। তাঁর পদক্ষেপে ছিল আত্মবিশ্বাস, আর চোখেমুখে সতর্কতার ছাপ।

ভেতরে ঢুকেই তিনি চাকমা সাহেবকে কড়া স্যালুট জানালেন। তারপর রাগীব ও ঋষভের দিকে এগিয়ে এসে হাসিমুখে হাত বাড়িয়ে নিখুঁত বাংলায় বললেন, —"হ্যালো! আমি ইনস্পেক্টর রথীন দেব।"

রাগীব ও ঋষভ দুজনেই বিস্মিত হয়ে উঠে দাঁড়াল। মুহূর্তের মধ্যেই করমর্দনের মাধ্যমে শুরু হল পরিচয়ের পালা।

আলাপচারিতায় জানা গেল, ইনস্পেক্টর রথীন দেব শিলচরের বাঙালি। মিজোরাম পুলিশে যোগ দেওয়ার পর গত তিন বছর ধরে তাঁর কর্মস্থল চামফাই। ছাত্রজীবনেরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বছর কেটেছে রহড়া রামকৃষ্ণ মিশনে।

পরিচয়পর্ব শেষ হতেই সবাই আবার মূল আলোচনায় ফিরে এল।

রাগীব বলল, —"স্যার, আপনাদের ব্যবস্থাপনা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তবে একটা প্রস্তাব আছে। আগামীকাল আমরা যখন মুরলেন পাহাড়ে যাব, তখন আপনাদের ফোর্স ইউনিফর্মে নয়, সাদা পোশাকে আলাদা আলাদা যাবে। আমরা সবাই একসঙ্গে গেলে সহজেই সবার নজরে পড়ে যাব। ওরাও সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাবে। তখন ওদের হাতেনাতে ধরাটা অনেক কঠিন হয়ে পড়বে।"

ইনস্পেক্টর রথীন দেব সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নেড়ে বললেন,—"আপনি একদম ঠিক বলেছেন, প্রোফেসর। আমাদের লোকেরা যদি সাধারণ পোশাকে আলাদা আলাদা যায়, তাহলে সবাই আমাদের পর্যটক বলেই ভাববে।"

রাগীব মৃদু হেসে বলল,—"তাহলে ঠিক রইল। আগামীকাল আমরা চারজন লিয়ানার গাড়িতে আগে মুরলেন পাহাড়ের উদ্দেশে রওনা দেব। আপনারা সাধারণ পর্যটকের ছদ্মবেশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমাদের অনুসরণ করবেন।"

চাকমা সাহেব বললেন,—"চমৎকার পরিকল্পনা। কিন্তু জঙ্গলে ঢোকার পর যদি কোনো বিপদ হয়, বা জরুরি খবর দেওয়ার প্রয়োজন পড়ে? আগেই বলেছি, ওখানে কিন্তু মোবাইল নেটওয়ার্কের কোনো অস্তিত্বই নেই।"

কথাটা শেষ হতেই লাল বিয়াকা যেন হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ার মতো বলে উঠল,—"স্যার, আমি একটা কথা বলব? যদি আমাদের একটা করে রেফারির বাঁশী দেওয়া যায়, বিপদে পড়লে আমরা তো বাঁশী বাজিয়ে অন্যদের জানাতে পারি!"  

চাকমা সাহেবের চোখ উজ্জ্বল হয়ে উঠল—"ঠিক!" 

কিন্তু ঠিক পরের মুহূর্তেই ইনস্পেক্টর দেবের মুখ আবার গম্ভীর হয়ে উঠল —"তবু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রোফেসর। আপনাদের কারও কাছেই তো কোনো অস্ত্র নেই। যদি সত্যিই অস্ত্রধারী অপরাধীদের মুখোমুখি হতে হয়... তখন কী করবেন?"

রাগীব উত্তর দেওয়ার আগেই ঋষভ হেসে উঠল।

সে গর্বভরে রাগীবের মাথার দিকে আঙুল তুলে বলল,—"স্যার, এই অস্ত্রটার ওপরই আমাদের সবচেয়ে বেশি ভরসা।"

ইনস্পেক্টর দেব এক মুহূর্ত রাগীবের দিকে তাকিয়ে থেকে হেসে ফেললেন —"ওহ! বুঝেছি... সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত 'মগজাস্ত্র'!"

তারপর মুচকি হেসে বললেন,—"তাহলে কী বলব, প্রোফেসর রাগীব? আমাদের সামনে কি তবে ফেলুদার এক আধুনিক সংস্করণ বসে আছে?"

ঘরের সবাই হেসে উঠল।

রাগীব একটু অপ্রস্তুত হয়ে মাথা নেড়ে বলল,—"না স্যার, ফেলুদার সঙ্গে আমার তুলনা করবেন না। ওঁর মতো হওয়া তো দূরের কথা, আমি শুধু যুক্তি আর পর্যবেক্ষণের সাহায্যে রহস্যের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি।"

—"দারুণ!" ইন্সপেক্টর দেব বললেন। "তবে পুলিশ অফিসার হিসেবে আমার একটা স্ট্রিক্ট অর্ডার আছে।"

কথাটা শুনে সবাই কৌতূহলী হয়ে তাঁর দিকে তাকাল।

ইন্সপেক্টর দেব ইচ্ছে করেই কয়েক সেকেন্ড নীরব রইলেন। তারপর একবার সবার মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, —"এখন থেকে আমাকে 'স্যার' বা 'আপনি' বলা একেবারেই চলবে না। শুধু 'রথীন' আর 'তুমি'। আমিও তোমাদের সবাইকে 'তুমি' বলেই ডাকব।"

এক মুহূর্তের নীরবতা।

তারপর রথীন নিজেই হো হো করে হেসে উঠলেন।

সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়ল ঘরের সবাই।

মুহূর্তের মধ্যেই আনুষ্ঠানিকতার অদৃশ্য দেয়ালটা যেন ভেঙে গেল। পরিবেশ অনেকটাই হালকা হয়ে উঠল। অথচ সেই হাসির আড়ালেই নিঃশব্দে গড়ে উঠছিল আগামী দিনের কঠিন, অনিশ্চিত অভিযানের জন্য এক অটুট বন্ধুত্ব আর পারস্পরিক বিশ্বাসের ভিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরলেনের বাঁশী উনবিংশ পর্ব

মুরলেনের বাঁশী তেইশতম পর্ব