মুরলেনের বাঁশী পঞ্চদশ পর্ব

কেইফ্যাঙ পেরিয়ে আবার পথ ধরল ওদের গাড়ি।

স্টিয়ারিংয়ে আবার ঋষভ, সামনের আসনে তার পাশেই লিয়ানা, আর পিছনের সিটে জানালার ধারে একা বসে রাগীব। গাড়িটা ধীরে ধীরে এগিয়ে চলেছে পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া নতুন দুই লেনের সড়ক ধরে। আঁকাবাঁকা কালো রাস্তা কখনও উঠে যাচ্ছে পাহাড়ের কাঁধ বেয়ে, কখনও আবার নেমে যাচ্ছে সবুজ উপত্যকার দিকে। 

দু'ধারে সারি সারি সেগুন, বাঁশ আর মাঝেমধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইনগাছ। কোথাও কোথাও কুয়াশার হালকা পর্দা ভেসে এসে মুহূর্তের জন্য ঢেকে দিচ্ছে গাড়ির কাচ, আবার শরতের কোমল রোদে মিলিয়ে যাচ্ছে নিঃশব্দে। আকাশ একেবারে ধুয়ে-মুছে নীল—দূরের পাহাড়চূড়ায় শুধু সাদা মেঘের কয়েকটি টুকরো অলস ভঙ্গিতে ঝুলে আছে।

মাঝেমধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাইনবোর্ডগুলো চোখে পড়ছে— চামফাই ৯৪ কিলোমিটার, জোখাওয়ার ১১৬ কিলোমিটার।

বোর্ডটা দেখে ঋষভ আনন্দে উত্তেজিত গলায় বলে উঠল, — "মানে এই রাস্তাই সোজা বার্মা বর্ডার পর্যন্ত গেছে? আমরা তাহলে এখন বার্মার পথেই চলেছি?" 

লিয়ানা মুচকি হেসে মাথা নেড়ে বলল, — "ঠিক তাই ভাই। এই রাস্তাই সোজা চলে গেছে মিয়ানমার সীমান্ত পর্যন্ত। চামফাই থেকে জোখাওয়ার মাত্র একুশ কিলোমিটার।"

শুনে ঋষভের মুখে শিশুসুলভ আনন্দ ফুটে উঠল। অজান্তেই ঠোঁটে ভেসে এল সেই পুরোনো একটি বিখ্যাত গান—"মেরা পিয়া গয়ে রেঙ্গুন... কিয়া হ্যায় উহাঁ সে পহলি ফুন..." গানটি সে অনেকক্ষণ ধরে গুনগুন করতে দেখে পিছন থেকে রাগীব হেসে বলল, — "বা রে বন্ধু! এত বছরের বন্ধুত্ব আমাদের—একবারও তো বলিসনি তোর পিয়া কবে হলো! আর সে আবার রেঙ্গুনেই বা কবে গেল?" 

ঋষভ গাড়ি চালাতে চালাতে রহস্যময় ভঙ্গিতে উত্তর দিল, — "সব কথা কি আর খোলাখুলি বলা যায়? কিছু কথা গোপনই থাকে। সময় হলে সব জানতে পারবি।"

মুহূর্তের মধ্যেই হাসিতে ভরে উঠল গাড়ির ভেতর।

গতকাল সারাদিন কেটেছে আইজলে। ভেজাল হারবাল ওষুধের রহস্য, ড্রাগস পেডলারদের সন্ধান, পুলিশের সঙ্গে দৌড়ঝাঁপ—সব মিলিয়ে টানটান উত্তেজনায় ভরা একদিন। আজ যেন তার সম্পূর্ণ উল্টো ছবি। মেঘছোঁয়া পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে ওদের গাড়ি। চারদিকে শুধু সবুজ আর সবুজ। তার ওপর হালিমপুই দিদির পরিচালিত 'আশা' - আর্ত পীড়িতের সেবামন্দির থেকে বেরিয়ে আসার পর সবার মন যেন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে। 

তবে এই প্রশান্তির মাঝেও রাগীবের মন অশান্ত হয়ে উঠছে।

জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে ওর মনে বারবার ফিরে আসছে একই প্রশ্ন। ওর অনুমান যদি সত্যি হয়, তাহলে হয়ত চামফাইয়ের কাছে মুরলেন পাহাড় জঙ্গলে —নয়ত জোখাওয়ারের সীমান্তের কাছে কোথাও আত্মগোপন করে আছে বিপ্লব চক্রবর্তী, জাতাঙ্গার মত ভয়ঙ্কর অপরাধীরা।

গাড়ি আরও কিছুটা এগোতেই হঠাৎ সামনে দেখা দিল তুইভাওয়াল নদী। পাহাড়ের বুক চিরে সাদা ফেনায় উন্মত্ত জলধারা নিচের গভীর উপত্যকার দিকে ছুটে চলেছে। সেই গর্জন যেন বহু দূর থেকেই কানে এসে আছড়ে পড়ছে। নদীর ওপর ছোট্ট একটি লোহার সেতু, আর সেই সেতুর বুক দিয়েই এগিয়ে গেছে পাহাড়ি রাস্তা।

ঋষভ গাড়িটা একপাশে দাঁড় করিয়ে দিল।

তিনজনই নেমে এল।

চারদিকে অপার্থিব নীরবতা। সেই নীরবতাকে ভেঙে অবিরাম গর্জে চলেছে নদীর জল। পাহাড়ের ঢাল জুড়ে ফুটে আছে অসংখ্য ছোট ছোট সাদা আর বেগুনি ফুল। বাতাসে তাদের মৃদু দোল, যেন প্রকৃতি নিজেই অদৃশ্য তুলিতে আঁকছে এক স্বর্গীয় ছবি।

লিয়ানা ফুলগুলোর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, — "এই ফুলগুলোর নাম Forget-me-not।"

ঋষভ দু'হাত জোড় করে ফুলগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, — "হে পাহাড়ি পুষ্প! তোমার সৌন্দর্যে আমরা সত্যিই মুগ্ধ। বিশ্বাস করো, তোমাকে আমরা কোনোদিন ভুলব না।"

কথাটা শেষ হতেই যেন চারপাশের বনভূমি একসঙ্গে সাড়া দিল, "আমরা কোনদিন ভুলবনা! ভুলবনা!" 

প্রতিধ্বনি শুনে আনন্দে প্রায় নেচে উঠল ঋষভ। হঠাৎ অসংখ্য বনঝিঁঝি একযোগে ডেকে উঠল। পাহাড়ের নীরব বাতাস মুহূর্তে ভরে গেল সেই অদ্ভুত সুরে।

রাগীবের মনে হলো, যেন প্রকৃতি নিজের কণ্ঠে উত্তর দিল— "আমরাও তোমাদের ভুলব না।"

এক অদ্ভুত প্রশান্তি নেমে এল ওর অন্তরে। সত্যিই তো—প্রকৃতিকে যে ভালোবাসে, প্রকৃতিও তাকে কখনও নিরাশ করে না। ভালোবাসার এই অদৃশ্য বন্ধনেই যেন জড়িয়ে আছে পাহাড়, নদী, বন, আকাশ—আর সমগ্র বিশ্বচরাচর।

আবার পথচলা শুরু হলো।

এবার স্টিয়ারিংয়ের দায়িত্ব নিল লিয়ানা। পাহাড়ি বাঁকগুলো দক্ষ হাতে সামলে গাড়িটা এগিয়ে চলেছে চামফাইয়ের দিকে। সামনে তাকিয়েই সে হেসে বলল, — "আর বেশি দূর নয়। সামনেই খুব সুন্দর একটা লেক আছে—ডুল্টে ডিল লেক। আগে লেকটা ঘুরে দেখি, তারপর সেখানেই দুপুরের খাবার খেয়ে নেব।"

ঋষভ উৎসাহভরে মাথা নেড়ে সম্মতি জানাল। কিন্তু রাগীবের মাথায় তখন অন্য একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাই সে ইন্সপেক্টর খিয়ান্টেকে ফোন করল। 

ফোন ধরেই খিয়ান্টে বললেন, — "প্রোফেসর, আপনারা ঠিক আছেন তো? এখন কোথায় পৌঁছেছেন?"

রাগীব সংক্ষেপে নিজের অবস্থান জানাতেই খিয়ান্টের কণ্ঠস্বর আচমকা গম্ভীর হয়ে উঠল, — "একটা খবর পেয়েছি... খুবই গুরুত্বপূর্ণ খবর।"

রাগীবের চোখ দুটো মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে উঠল — "কী খবর, স্যার?"

ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ধীরে ধীরে খিয়ান্টে বললেন, — "কর্তার সিং... তিন দিন আগে কলকাতা হয়ে ইয়ঙ্গন চলে গেছে।"

এক মুহূর্তের জন্য চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল। পাহাড়ি রাস্তার ওপর ছুটে চলা গাড়ির ইঞ্জিনের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই।

রাগীব ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল, — "ইয়ঙ্গন... মানে রেঙ্গুন?" 

তারপর স্বরটা আরও দৃঢ় হয়ে উঠল — "তাহলে আমার অনুমানই ঠিক স্যার। আমরা সঠিক পথেই এগোচ্ছি!"

খিয়ান্টে এবার আর একমত হলেন না। তাঁর গলায় স্পষ্ট উদ্বেগ — "অনুমান ঠিক হলেও পরিস্থিতিটা সহজ নয়, প্রোফেসর। যদি ওই বাঙালি আর জাতাঙ্গা সত্যিই সীমান্ত পেরিয়ে মায়ানমারে ঢুকে পড়ে, তাহলে বিষয়টা আর আমাদের জুরিসডিকশনে থাকবে না। তখন ইন্টারপোলের জুরিসডিকশনে চলে যাবে।"

রাগীব কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইল। দূরে নীলচে পাহাড়ের সারি ক্রমশ ঘন হয়ে আসছে। কয়েক সেকেন্ড চুপ থেকে শান্ত কিন্তু অটল স্বরে বলল, — "প্রয়োজন হলে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করুন, স্যার।"

একটু থেমে গলায় ইস্পাতের দৃঢ়তা এনে যোগ করল, — "কিন্তু আমি এখনও বিশ্বাস করি স্যার, কর্তার সিং ইয়ঙ্গন গেলেও বিপ্লব চক্রবর্তী আর জাতাঙ্গা এখনও ভারতবর্ষেই আছে। আর ভারতের মাটিতে যখন আছে, তখন আমি ওদের খুঁজে বের করবই!"

খিয়ান্টে এবার যেন পাল্টা চাল দিলেন, — "আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কীভাবে? আমার পুলিশি ইনস্টিংক্ট কিন্তু অন্য কথা বলছে। কর্তার সিং যদি ইয়ঙ্গনে পৌঁছে থাকে, তাহলে ওরাও সীমান্ত পেরিয়ে মায়ানমারের ভিতরে চলে যেতে পারে।"

রাগীব মৃদু হেসে মাথা নেড়ে বলল, — "সেখানেই ভুলটা হচ্ছে, স্যার।"

ওর গলার স্বর শান্ত, কিন্তু প্রতিটি শব্দ যেন ধারালো ছুরির মতো — "কর্তার সিংয়ের সঙ্গে বাকিদের সম্পর্কটা এখনও স্পষ্ট নয়। হতে পারে, সে শুধু ওই রেস্টুরেন্টের একজন ব্যবসায়িক পার্টনার। তার ইয়ঙ্গনে যাওয়ার কারণ সম্পূর্ণ আলাদা। তাই সে দেশ ছাড়লেই বিপ্লব চক্রবর্তী আর জাতাঙ্গাও পালাবে— এমন সিদ্ধান্তে পৌঁছনো এখনই তাড়াহুড়ো হয়ে যাবে।"

ফোনের ওপাশে খিয়ান্টে নিশ্চুপ। রাগীব এবার একে একে নিজের যুক্তিগুলো সাজাতে শুরু করল — "আর একটা কথা ভেবে দেখুন, স্যার। এদেশে ওদের কোটি কোটি টাকার মাদক দ্রব্য পড়ে রয়েছে। এত বড় নেটওয়ার্ক, এত দিনের ব্যবসা— গতকালের একটা রেইডের ভয়েই ওরা সব ছেড়ে পালাবে? আমি সেটা বিশ্বাস করি না।"

একটু থেমে আবার বলল — "বরং অপরাধীদের মনস্তত্ত্ব অন্য কথা বলে। ওরা জানে, মাঝেমধ্যে পুলিশ খুব তৎপর হয়। হঠাৎ হঠাৎ রেইড করে। ধড়পাকড় হয়! দিনকয়েক এসব চলার পর আবার সব ঠান্ডা হয়ে যায়! ওরা ঠিক সেই সময়ের জন্য অপেক্ষা করে।"

রাগীবের কণ্ঠস্বর আরও নিচু হয়ে এল, — "আমার দৃঢ় বিশ্বাস, বিপ্লব চক্রবর্তী আর জাতাঙ্গা এখনও ভারতবর্ষেই আছে। শুধু ভারতবর্ষেই নয়... এই মিজোরামেই আছে।"

আরও এক মুহূর্ত থেমে ধীরে ধীরে উচ্চারণ করল, — "আর যদি আমার হিসেব একটুও ভুল না হয়ে থাকে... তাহলে ওরা এখন মুরলেন পাহাড়ের ওই দুর্ভেদ্য জঙ্গলের কোনো গোপন আস্তানায় ঘাপটি মেরে বসে আছে। ওরা অপেক্ষা করছে— কখন চারদিক শান্ত হবে, আর তখনি ওরা আবার গর্ত থেকে বেরিয়ে আসবে।"

ফোনের ওপাশে দীর্ঘ নীরবতা। রাগীবের যুক্তিগুলো যেন একটার পর একটা দাবার চালের মতো খিয়ান্টের সমস্ত ভাবনাকে আটকে দিচ্ছিল। অবশেষে খিয়ান্টে ধীরে ধীরে বললেন, — "প্রোফেসর রাগীব...  আপনার মিউজিক প্রোফেসর না হয়ে পুলিশে যোগ দেওয়া উচিত ছিল।"

রাগীব হেসে ফেলল! খিয়ান্টে আবার বললেন, — "ঠিক আছে। আপনারা এগিয়ে যান। আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা করব। আর... আশা করি, আপনার এই যুক্তিই শেষ পর্যন্ত ঠিক প্রমাণিত হবে।"

ফোনটা কেটে গেল।

রাগীব কিছুক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে থেকে মৃদু মৃদু হাসতে লাগল। ঋষভ এতক্ষণ চুপচাপ সব শুনছিল। আর থাকতে না পেরে প্রশ্নভরা চোখে তাকিয়ে বলল, — "কী হল?"

রাগীব হেসে বলল, — "ইন্সপেক্টর খিয়ান্টে ভীষণ দক্ষ অফিসার। কিন্তু মাঝে মাঝে পুলিশি ইনস্টিংক্টের ওপর এতটাই ভরসা করেন যে একটু ঠান্ডা মাথায় যুক্তিগুলো সাজিয়ে দেখতে ভুলে যান...এই ঠিক তোর মতো!" বলে ঋষভের মাথায় আলতো করে গাট্টি মারল। 

ঋষভ গাট্টামারা জায়গাটায় হাত বোলাতে বোলাতে ভুরু কুঁচকে বলল, — "কেন রে?"

রাগীব শুধু নিজের ঠোঁটে তর্জনী ঠেকিয়ে ইশারা করল — "শ্‌... এখন আর কথা নয়।"

আরও খানিকটা পথ অতিক্রম করার পর ওরা এসে পৌঁছল ডুল্টে ডিল লেকের ধারে। পাহাড়ের কোলে ছোট্ট এক প্রাকৃতিক গহ্বরের মধ্যে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে স্বচ্ছ পান্না-সবুজ জলরাশি—যেন সবুজ প্রকৃতিরই এক জোড়া মায়াভরা চোখ। চারদিকে এমন নীরবতা যে, পাইন আর বাঁশপাতার ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের মৃদু সুরও স্পষ্ট শোনা যায়।

লেকের সৌন্দর্য দেখে ঋষভ আর নিজেকে সামলাতে পারল না। রাগীবকে জড়িয়ে ধরে বলে উঠল — "বন্ধু রে! এ যে কাশ্মীরের চেয়েও সুন্দর! এখন থেকে আর কাশ্মীর নয়, আমার কাছে মিজোরামই আসল ভূস্বর্গ!"

রাগীব মুচকি হেসে বলল, — "কাশ্মীরে যাওয়ার সুযোগ আমার হয়নি। কিন্তু উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের পাহাড়-জঙ্গলে এমন এক সৌন্দর্য লুকিয়ে আছে, যা সত্যিই স্বর্গকেও হার মানায়। তাই তো একে সবাই Unexplored Paradise বলে।"

একটু থেমে সে যেন স্মৃতির ভেতর হারিয়ে গেল — "তুই তো জানিস, আমার জন্ম আর ছোটবেলা কেটেছে আসামের গুয়াহাটিতে। তাই আসাম আর মেঘালয়ের পাহাড়-নদীর সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। শিলঙের উমিয়াম লেক, ওয়ার্ডস লেক, এলিফ্যান্ট ফলস, সেভেন সিস্টার্স ফলস—সবই আমার শৈশবের স্মৃতি। তখন থেকেই মনে হতো, এই পাহাড়গুলোর বুকে নিশ্চয়ই আরও কত অজানা সৌন্দর্য লুকিয়ে আছে। আজ মিজোরামে এসে বুঝতে পারছি, সেই অপূর্ণ বিস্ময়েরই যেন নতুন এক অধ্যায় খুলে গেছে।"

আরও কিছুক্ষণ লেকের মোহময় সৌন্দর্য উপভোগ করে ওরা আবার গাড়িতে উঠে বসল। পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে পৌঁছে গেল কালখুল শহরের উপকণ্ঠে। রাস্তার ধারে ছোট্ট, পরিপাটি একটি মিজো রেস্টুরেন্ট দেখে লিয়ানা গাড়ি থামাল।

পাহাড়ি পথের দীর্ঘ যাত্রায় সবারই তখন বেশ খিদে পেয়েছে। লিয়ানা ভেতরে গিয়ে খোঁজ নিয়ে ফিরে এসে বলল, — "এখানে ভাত, ডাল ফ্রাই, মিক্সড সবজি আর ডিমের কষা পাওয়া যাবে।"

ঋষভ হেসে উঠে বলল, — "এই মুহূর্তে এর চেয়ে রাজকীয় ভোজ আর কিছু হতে পারে না!"

ওরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকল। রেস্টুরেন্টটা খুব একটা জাঁকজমকপূর্ণ নয়, তবু চোখে পড়ার মতো পরিচ্ছন্ন। বাঁশ আর কাঠের তৈরি ছোট্ট ঘর। কাঠের টেবিল-চেয়ারগুলো যত্নে সাজানো। মাঝখানে রাখা আছে নুন, লঙ্কার গুঁড়ো আর আচারের শিশি! মাথার ওপর একটা পুরোনো সিলিং ফ্যান ধীরে ধীরে ঘুরছে।" 

রেস্টুরেন্টটা একদম ফাঁকা! ওরা জানালার ধারের একটি ফাঁকা টেবিলে গিয়ে বসল। অল্প সময়ের মধ্যেই খাবার চলে এল। রাগীব আর ঋষভের সামনে ধোঁয়া ওঠা ভাত, ডাল, মিক্সড সবজি আর ডিমের কষা। লিয়ানার প্লেটে ধোঁয়া ওঠা পর্কের ঝোল।

ভাতের দানাগুলো সাধারণ সাদা নয়—হালকা লালচে-বাদামি। রাগীব একমুঠো ভাত হাতে তুলে মৃদু হেসে বলল,— "ঝুম চাষের চাল... দেখেই বোঝা যাচ্ছে। এই চালের মধ্যেও যেন পাহাড়ি মাটির গন্ধ লেগে থাকে।"

খাবারের সঙ্গে সঙ্গে গল্পও চলছিল হালকা বাতাসের মতোই নির্ভার ছন্দে।

হঠাৎ রাগীবের মুখটা গম্ভীর হয়ে উঠল। সে ধীরে ধীরে বলল, — "জানিস, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড—উত্তর-পূর্ব ভারতের প্রতিটি পাহাড় যেন একেকটা সৌন্দর্যের স্তম্ভ। কিন্তু মিজোরামে এসে আজ একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। কোনটা জানিস?"

ঋষভ আর লিয়ানা দুজনেই ওর দিকে তাকাল।

রাগীব বলল, — "হালিমপুই দিদির আশা রিহ্যাবিলিটেশন সেন্টার।"

সে কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবার বলতে শুরু করল,— "ড্রাগে আসক্ত মানুষদের আমরা বেশিরভাগ সময় ঘৃণা করি, অবহেলা করি। সমাজ থেকে দূরে সরিয়ে দিই। তারা ধীরে ধীরে হারিয়ে যায় অন্ধকারে। অথচ এখানে দেখলাম সম্পূর্ণ উল্টো ছবি। কেউ তাদের পরিত্যাগ করেনি। বরং নিজের আপনজনের মতো বুকে টেনে নিয়ে ধৈর্য, ভালোবাসা আর মমতা দিয়ে নতুন জীবনের পথে ফিরিয়ে আনার চেষ্টা করছে।"

রাগীবের কণ্ঠ আরও ভারী হয়ে উঠল — "এই দিদিরা শুধু মানুষকে নেশামুক্ত করছেন না... ওদের ভেতরে হারিয়ে যাওয়া মানুষটাকেই আবার জাগিয়ে তুলছেন। আমার কাছে এটাই প্রকৃত স্বর্গ। পাহাড়, নদী, ঝরনা, ফুল—এসব প্রকৃতির দান। কিন্তু মানুষের হৃদয়ে যখন করুণা জন্ম নেয়, যখন একজন মানুষ আরেকজন মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে... তখন সেই মানুষের মধ্যেই সৃষ্টি হয় এক অনাবিষ্কৃত স্বর্গ—মানুষের তৈরি স্বর্গ।"

ঠিক সেই মুহূর্তেই রেস্টুরেন্টের শান্তির নীরবতা চিরে কর্কশ একটা গলা ভেসে এল — “আরে হিরো! তুমলোগ তো হিঁয়া পর আগয়ে! হাম তো কবসে তুমলোগোকো ঢুন্ড রহে থে... তুমলোগোকো স্বর্গ ভেজনে কে লিয়ে! তো, অব চলে?” 

সঙ্গে সঙ্গে ওরা মাথা তুলে সামনে তাকাল। চারজন পাহাড়ি গুন্ডা ওদের টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চোখেমুখে নিষ্ঠুর হিংস্রতার ছাপ। একজনের হাতে মোটা মোটরবাইকের চেন, আরেকজনের হাতে ধারালো ভোজালি, তৃতীয়জনের মুঠোয় চকচকে নেপালি কুকরি, আর শেষজনের হাতে ভারী লোহার রড।

রাগীবের বুকের ভেতর যেন এক মুহূর্তে সতর্কতার ঘণ্টা বেজে উঠল। এরা নিঃসন্দেহে বিপ্লব চক্রবর্তী আর জাতাঙ্গারই লোক।

এক সেকেন্ডও নষ্ট করল না রাগীব।

নিচু অথচ দৃঢ় গলায় বলে উঠল — “ঋষভ! লিয়ানা! শিগগির... চোখ, নাক, মুখ রুমাল দিয়ে ঢেকে ফেল!”

কথা শেষ হওয়ার আগেই নিজের রুমাল মুখে চেপে ধরে টেবিলের ওপর রাখা শুকনো লঙ্কার গুঁড়োর কৌটোটা এক ঝটকায় তুলে নিল।

পরের মুহূর্তেই শিশির ছিপিটা খুলে ভিতরের লাল শুকনোলঙ্কার গুঁড়ো ছুড়ে মারল গুন্ডাগুলোর মুখ লক্ষ্য করে। 

কৌটোটা মাটিতে আছড়ে ভাঙতেই ঝাঁঝালো লাল গুঁড়ো বিস্ফোরণের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে রেস্টুরেন্টের বাতাস লঙ্কার গুঁড়োয় ভরে গেল। 

— “Aww ma u!... Chhân a tlu a ni u!”
(ও মাগো! চোখ জ্বলে গেল!) চারজন একসঙ্গে আর্তনাদ করে উঠল।

কেউ দু'হাতে চোখ চেপে ধরেছে, কেউ কাশতে শুরু করেছে। কেউ একটানা হাঁচছে, আবার কেউ টলতে টলতে টেবিলের ওপর গিয়ে ধাক্কা খেল। টিনের ছাদের নিচে লাল লঙ্কার গুঁড়ো ধোঁয়ার মতো ভেসে বেড়াতে লাগল। দুপুরের আলো সেই ঝাঁঝালো ধূলিকণার ভেতর দিয়ে ঢুকে গোটা ঘরটাকে যেন রক্তিম কুয়াশায় ঢেকে দিল।

রুমালে মুখ ঢেকেই রাগীব চিৎকার করে উঠল — “ঋষভ! লিয়ানা! মুভ ফাস্ট... কুইক!”

আর এক মুহূর্তও দেরি করল না তিনজন।

চেয়ার উল্টে দিয়ে প্রায় দৌড়েই রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এল।

বাইরে এসে রাগীব হাঁক দিল — “গাড়িতে ওঠো! তাড়াতাড়ি!”

লিয়ানা ছুটে গিয়ে ড্রাইভারের আসনে বসেই ইঞ্জিন স্টার্ট দিল।

রাগীব আর ঋষভ গাড়িতে উঠতে না উঠতেই সে জানলার কাচ তুলে দিল।

গাড়ি গতি নিতে শুরু করল।

জানলার কাচের ওপার থেকে রাগীব শেষবারের মতো রেস্টুরেন্টটার দিকে তাকাল।

চারজন গুন্ডা তখনও চোখের জলে নাকের জলে কাশতে কাশতে এদিক-ওদিক হাতড়ে বেড়াচ্ছে। কেউ রাগে চিৎকার করছে, কেউ আবার চোখ খুলতেই পারছে না।

আর সেই দৃশ্য দেখে রেস্টুরেন্টের টিনের ছাদের ওপর বসে থাকা কয়েকটা দুষ্টু বাঁদর হইচই করে এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়াচ্ছে। ওরা আনন্দে নাচছিল, না ভয় পেয়ে পালানোর পথ খুঁজছিল—তা অবশ্য বোঝার উপায় ছিল না।

গাড়ির ভেতরে কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না।

লিয়ানার মুখ ফ্যাকাসে। স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে সে শুধু সামনে তাকিয়ে গাড়ি চালিয়ে চলেছে।

তারপর হঠাৎ ঋষভ একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বলে উঠল — “একেই বোধহয় বলে লঙ্কাকাণ্ড!"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরলেনের বাঁশী উনবিংশ পর্ব

মুরলেনের বাঁশী তেইশতম পর্ব