মুরলেনের বাঁশী বিংশ পর্ব
আরও প্রায় আধঘণ্টা চলার পর হঠাৎই শেষ হয়ে এল চামফাইয়ের সেই অসীম বিস্তৃত ধানক্ষেত। যেন সবুজের সমুদ্রের শেষ ঢেউটুকুও পিছনে ফেলে তারা এসে দাঁড়াল এক সম্পূর্ণ ভিন্ন জগতের দোরগোড়ায়।
রহস্যময় মুরলেন পাহাড় এবার একেবারে সামনে।
পাহাড়টাকে দেখে রাগীবের মনে হলো, প্রকৃতি যেন এখানে এক আশ্চর্য ভাস্কর্য গড়েছে। সমগ্র পর্বতশ্রেণিটি অনেকটা ইংরেজি 'C' অক্ষরের মতো। মনে হচ্ছে, বিশাল দুটি বাহু প্রসারিত করে সে যেন সমতলভূমিকে নিঃশব্দে আলিঙ্গন করতে চাইছে।
কিন্তু সেই আলিঙ্গনে ছিল না কোনো স্নেহের উষ্ণতা। ছিল এক গা ছমছমে, রহস্যময় শীতল আহ্বান।
'C' অক্ষরের গভীর গহ্বরে শতাব্দীপ্রাচীন বাঁশের ঘন অরণ্য পাহাড়ের বুক বেয়ে উঠে গেছে আকাশের দিকে। মধ্য গগনে সূর্যের প্রখর আলো, তবু সেই জঙ্গলের গভীরে যেন ঢুকতেই সাহস পাচ্ছে না। সবুজের আড়ালে জমাট বেঁধে আছে এক অস্বস্তিকর জটিল অন্ধকার।
আরো একটু এগোতে ধানক্ষেতের একেবারে শেষ প্রান্তে, জঙ্গলের সীমানায় চোখে পড়ল রাস্তার উপর ছোট্ট একটি কাঠের তোরণ। তার মাথায় সবুজ রঙের বোর্ডে সাদা অক্ষরে লেখা—MURLEN RESERVE FOREST.
তোরণের একপাশে টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটি গুমটি—ফরেস্ট গার্ডদের অস্থায়ী বিশ্রামকক্ষ। আর একটু দূরে কাঠের তৈরি একটি ওয়াচ টাওয়ার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই।
শুধু পাহাড়ি বাতাসে বাঁশবনের মাথাগুলো একসঙ্গে দুলে উঠছে।
রাগীব লিয়ানাকে বলল, — "লিয়ানা, গুমটির সামনে গাড়িটা থামাও তো!"
লিয়ানা ব্রেক কষতেই গাড়ির ইঞ্জিনের শব্দ স্তব্ধ হয়ে গেল।আর ঠিক সেই মুহূর্তে চারদিকে নেমে এল এমন এক নিস্তব্ধতা, যেন মুরলেনের গহীন অরণ্য তাদের আগমনের খবর পেয়ে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে।
একে একে সবাই গাড়ি থেকে নামল।
রাগীব কিছুক্ষণ স্থির হয়ে কান পেতে রইল।
না... বাতাসে বাঁশপাতার মৃদু সড়সড় শব্দ আর দূরে দু-একটা পাখির ডাক ছাড়া কোথাও কোনো আওয়াজ নেই। এমন নিস্তব্ধতা যে, নিজেদের নিঃশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছে। শুকনো পাতার উপর ওদের পায়ের শব্দ যেন অরণ্যের বুক চিরে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে।
ধীরে ধীরে গুমটির সামনে গিয়ে দাঁড়াল রাগীব। ভেতরে কেউ নেই।
বাকিরাও এসে পাশে দাঁড়াতেই লিয়ানা চাপা গলায় বলল, — "ফরেস্ট গার্ড নিশ্চয়ই বাড়ি চলে গেছে। আসলে এখানে পাহারা দেওয়ার তেমন দরকারই হয় না। আত্মার ভয়ে কেউ এদিকে আসে না।"
রাগীব শুধু মৃদু হেসে মাথা নাড়ল। মনে মনে বলল, "তাই তো... আর সেই সুযোগেই জীবন্ত দুষ্ট আত্মারা আধুনিক যন্ত্রে বাঁশির সুর তুলে নিশ্চিন্তে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।"
ও পা বাড়াল ওয়াচ টাওয়ারের দিকে। বাকিরাও অনুসরণ করল।
নিস্তব্ধতা ভাঙল ঋষভ — "জানো, সুন্দরবনের কিছু জায়গায়ও ঠিক এমন গা ছমছমে নীরবতা।"
বিয়াকা হেসে বলল, — "গিয়েছি দু'বার। মনে হয়, এই বুঝি ম্যানগ্রোভের আড়াল থেকে রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়বে।"
লিয়ানা হালকা হেসে বলল, — "এখানে বাঘ নেই, তবে লেপার্ড আছে। ক্লাউডেড লেপার্ড! এদের আকার খুব বেশি নয়। গাছে চড়তে এরা খুবই পটু! গাছের ডালে বসে ওঁত পেতে থাকে... সুযোগ পেলেই ঝাঁপিয়ে শিকারের ঘাড়ে এসে পড়ে। এতটাই নিঃশব্দে যে এতটুকু আভাস পাওয়া যায়না!"
কথাগুলো খুব আস্তে বলা হলেও এই অস্বাভাবিক নীরবতায় যেন প্রতিটি শব্দ অরণ্যের মধ্যে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল।
প্রায় তিনতলা বাড়ির সমান উঁচু ওয়াচ টাওয়ারের সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই চারজনই একসঙ্গে থমকে দাঁড়াল।
সামনের দৃশ্য দেখে মুহূর্তের জন্য সবার নিঃশ্বাস যেন থমকে গেল।
উত্তর, পূর্ব আর পশ্চিম—তিন দিক জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে মুরলেন পাহাড়। তার সমগ্র শরীর জুড়ে যেন সবুজের এক অখণ্ড সাম্রাজ্য। পাহাড়ের ঢাল, উপত্যকা, খাঁজ—সবকিছু ঢেকে রয়েছে বিশাল বিশাল বাঁশ, বেত, শিমা, সেগুন আর ওকের অরণ্যে। বাঁশগুলো এতটাই মোটা যে, একটি কাণ্ড কেটেই যেন নেমন্তন্নবাড়ির বিরাট বিরাট ড্রাম বানানো যায়। আর উচ্চতা? একএকটা তো ছয়-সাততলা বাড়ির সমান। তাদের গায়ে অসংখ্য অর্কিড, শৈবাল আর লতাগুল্ম জড়িয়ে প্রকৃতিকে আরও দুর্ভেদ্য করে তুলেছে।
আর দক্ষিণ দিকে সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। যতদূর চোখ যায়, চামফাইয়ের সুবিশাল সমতলভূমি আর সোনালি-সবুজ ধানক্ষেত। তারও ওপারে আবার পাহাড়। একটার পর একটা... তারপর আরও একটা... নীলচে কুয়াশায় মিলিয়ে গেছে দিগন্তে।
লিয়ানা দূরের আবছা পাহাড়গুলোর দিকে আঙুল তুলে বলল, — "ওই পাহাড়গুলো মিয়ানমারের।"
— "সত্যি!"—উত্তেজিত হয়ে বলে উঠল ঋষভ। আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই রাগীব হঠাৎ ঠোঁটে আঙুল রেখে ইশারা করল।
— "চুপ...!"
মুহূর্তের মধ্যে চারদিকে আবার নেমে এল গভীর নীরবতা।
রাগীব ফিসফিস করে বলল,— "শোনো..."
সবাই নিঃশ্বাস আটকে কান পাতল। পাহাড়ের গা বেয়ে মৃদু বাতাস নেমে আসছে। আর সেই বাতাসের বুক চিরে, বহু দূরের বাঁশবনের গভীর অন্ধকার থেকে অস্পষ্টভাবে ভেসে এল এক দীর্ঘ, করুণ শিসের সুর—"ফি...ই...ই...উ...উ...!"
একবার... তারপর আবার..."ফি...ই...ই...উ...উ...!"
মুহূর্তেই চারজনের চোখ একে অপরের দিকে ঘুরে গেল।
কেউ কোনো কথা বলল না। কারণ তারা সবাই বুঝতে পারল—মুরলেনের রহস্যময় বাঁশি সত্যিই বাজছে।
কিন্তু... দিনের বেলায়?
বিয়াকা, লিয়ানা আর ঋষভ—তিনজনই বিস্মিত চোখে রাগীবের দিকে তাকাল। রাগীব কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে চারদিকে তাকাল। পাহাড়ের ঢাল, উপত্যকার আকৃতি, বাঁশবনের বিস্তার, বাতাসের গতিপথ—সবকিছু যেন চোখে নয়, মনের ভেতর মেপে নিল। তারপর কয়েক মুহূর্ত গভীর চিন্তায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
হঠাৎই তার মুখের গম্ভীরতা মিলিয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক তৃপ্তির হাসি। যেন বহুদিনের অমীমাংসিত ধাঁধার শেষ টুকরোটি ঠিক জায়গায় বসে গেছে।
সে আস্তে আস্তে গুনগুন করে গাইতে শুরু করল—"দিনেরবেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে..."
গান গাইতে গাইতে চোখ বুজে ফেলল রাগীব। শেষ স্তবকে পৌঁছে সে যেন নিজের অজান্তেই বারবার গাইতে লাগল—
"বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহো আসন পেতে,
তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে..."
একই লাইন... বারবার...
ওর মুখের উচ্ছ্বাস দেখে বিয়াকা আর লিয়ানা বিস্ময়ে একে অপরের দিকে তাকাল।
ঋষভ নিচু গলায় বলল,— "সকাল থেকে দেখছি, শুধু এই গানটাই গাইছে। আর বলছে, মুরলেনের বাঁশির বৈজ্ঞানিক ব্যাখ্যা নাকি এই গানটার মধ্যেই লুকিয়ে আছে!"
রাগীব হঠাৎ গান থামিয়ে হেসে উঠল।
প্রায় ছুটে গিয়ে ঋষভের দুই কাঁধ চেপে ধরে বলল,— "আছেই তো! এই গানটাই আমাকে পথ দেখিয়েছে। সকালে শুধু অনুমান করেছিলাম। কিন্তু এখানে এসে পাহাড়ের গঠন, উপত্যকার আকৃতি আর এই বিশাল বাঁশবন নিজের চোখে দেখার পর সব পরিষ্কার হয়ে গেল। এখন আমি নিশ্চিত—এখানে কেন বাঁশির মতো শব্দ তৈরি হয়, এখন মনে হচ্ছে, উত্তরটা আমি পেয়ে গেছি।"
তার চোখে তখন আবিষ্কারের দীপ্তি।
বিয়াকা আর লিয়ানা নির্বাক হয়ে ওর দিকে চেয়ে রইল।জন্মের পর থেকে তারা এই রহস্যময় শিসের শব্দ শুনে এসেছে। তাদের বাবা-ঠাকুরদারাও শুনেছেন। এ নিয়ে আত্মার কান্নার অলৌকিক কাহিনি প্রচলিত হয়েছে—কিন্তু আজ পর্যন্ত কেউ এর যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি।
আর রাগীব?
সেই সুদূর কলকাতার ছেলে। মাত্র কিছুক্ষণ আগে প্রথমবার মুরলেনে পা রেখেই এমন দৃঢ় কণ্ঠে দাবি করছে—সে রহস্যের সমাধান করে ফেলেছে! তাদের কাছে ব্যাপারটা প্রায় অবিশ্বাস্যই মনে হচ্ছে। এত শতাব্দীর রহস্যের সমাধান কি সত্যিই এত সহজ?
এমন সময় হঠাৎ একটা গাড়ি থামার শব্দ পেতেই সকলে সচকিত হয়ে রাস্তার দিকে তাকাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন