মুরলেনের বাঁশী দ্বাবিংশ পর্ব
ওয়াচ-টাওয়ার থেকে নেমে ওরা গাড়িগুলোর কাছে এসে দাঁড়াল। লিয়ানা গাড়ির ডিকি খুলে একে একে বের করল চারটি হালকা কিন্তু মজবুত ফাইবারের ট্রেকিং পোল। প্রত্যেকের হাতে একটি করে তুলে দিয়ে নিজেও একটি নিল। ঋষভ সবার রুকস্যাগে জলের বোতল গুছিয়ে দিল। বিয়াকা কোমর থেকে খুলে হাতে নিল তার চকচকে ধারালো ম্যাশেটি। সূর্যের আলো ফলার ওপর পড়তেই এক ঝলক রুপালি বিদ্যুৎ যেন খেলে গেল।
এদিকে একটু দূরে দাঁড়িয়ে ইন্সপেক্টর রথীন মিজো ভাষায় তার সাদা পোশাকের পুলিশ বাহিনীকে শেষ নির্দেশ দিচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই সশস্ত্র পুলিশরা ছোট ছোট দলে ভাগ হয়ে নিঃশব্দে চারদিকে ছড়িয়ে পড়ল। পরিকল্পনা অনুযায়ী, সামনে থাকবে রাগীব, ঋষভ, লিয়ানা, বিয়াকা এবং রথীন। আর তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে, গাছপালা আর ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে অনুসরণ করবে পুলিশ বাহিনী। প্রত্যেকেই জঙ্গলে চলাফেরায় প্রশিক্ষিত। ক্যামোফ্লেজে তারা এতটাই দক্ষ যে কয়েক গজ দূরে দাঁড়িয়েও তাদের খুঁজে পাওয়া কঠিন। সবার কাছেই রয়েছে ওয়াকিটকি। মুরলেনের ঘন জঙ্গলে মোবাইল নেটওয়ার্কের অস্তিত্ব নেই বললেই চলে। তাই বিপদের মুহূর্তে একমাত্র ভরসা অ্যান্টেনাওয়ালা ওই যন্ত্রগুলো।
সব প্রস্তুতি শেষ করে রাগীব চারদিকে একবার তাকাল। তারপর নিচু অথচ দৃঢ় গলায় বলল, — "মনে রেখো, জঙ্গলের মধ্যে যদি কাউকে দেখতে পাই, সঙ্গে সঙ্গে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়বে। আগ বাড়িয়ে ধরতে যাবেনা। ওকে অনুসরণ করবে। আমাদের লক্ষ্য মানুষ নয়... ওদের আস্তানা। যে করেই হোক, ওদের ঘাঁটির সন্ধান বের করতে হবে।"
রথীন গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, — "আর একটা কথা। জঙ্গল বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরে ততটাই গোলকধাঁধা। এখানে পথ হারাতে সময় লাগে না। তাই কেউ কোনো অবস্থাতেই একা যাবে না। সবসময় জোড়ায় জোড়ায় থাকবে।"
এই বলে সে কাঁধের সাইড-ব্যাগ খুলে কয়েকটি রেফারির বাঁশি বের করল। প্রত্যেকের হাতে একটি করে দিয়ে বলল,— "বিপদ বুঝলেই এই বাঁশি বাজাবে।"
কথা শেষ করে সে কোমরে গোঁজা সার্ভিস রিভলবারটা আরেকবার ঠিকঠাক বসিয়ে নিল। তারপর চারদিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সংক্ষিপ্ত নির্দেশ দিল,— "চলো... লেটস গো!"
এক মুহূর্তের জন্য সবাই নীরব।
সামনেই দাঁড়িয়ে আছে মুরলেন ন্যাশনাল পার্কের সেই কাঠের তোরণ। তার ওপারে যেন অন্য এক পৃথিবী—সূর্যের আলোও যেখানে মাটিতে পৌঁছতে ভয় পায়।
সবার আগে ম্যাশেটি হাতে এগিয়ে চলল বিয়াকা। এই দুর্ভেদ্য অরণ্যে আজ সে-ই যেন দলের পথপ্রদর্শক, আবার প্রয়োজন পড়লে প্রথম প্রতিরোধও। তার ঠিক পিছনে ইন্সপেক্টর রথীন। পুলিশ অফিসার হিসেবে নিরাপত্তার দায়িত্ব তার কাঁধে। রথীনের পিছনে পাশাপাশি রাগীব আর ঋষভ। সবশেষে লিয়ানা। মাঝেমধ্যেই সে ঘুরে পিছনটা দেখে নিচ্ছে। যেন অদৃশ্য কোনো বিপদ তাদের অনুসরণ করছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে।
কাঠের তোরণটা পেরিয়েই যেন অন্য এক জগতে প্রবেশ করল তারা। এক পা... দু'পা... তারপর রহস্যময় মুরলেন অরণ্য ধীরে ধীরে ওদের গ্রাস করে ফেলল।
সরু পায়ে-চলা পথ। কোথাও শক্ত মাটি, কোথাও উঁচু-নিচু পাথর, আবার কোথাও বর্ষার জলে নরম হয়ে থাকা কাদামাটি। বর্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন, তবু জঙ্গলের বুক এখনও ভেজা। মাঝে মাঝেই ছোট ছোট গর্ত। কোথাও পিচ্ছিল শ্যাওলা। সামান্য অসাবধান হলেই পা হড়কে যেতে পারে। তাই ট্রেকিং পোলো দিয়ে পরীক্ষা করে প্রত্যেকটি পদক্ষেপ ফেলতে হচ্ছে।
পথের দু'ধারে বিশাল বিশাল বাঁশঝাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে। মধ্যে মধ্যে সেগুন কিম্বা শিমা গাছও আছে। তাদের ফাঁকে ফাঁকে ঘন ঝোপঝাড়, লতাগুল্ম, ফার্ণ আর মোটা শেওলার আস্তরণে ঢাকা গাছের গুঁড়ি। কোথাও শতবর্ষী বৃক্ষের শিকড় মাটির ওপর সাপের মতো এঁকেবেঁকে ছড়িয়ে আছে। চারদিকে এক অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ—ভেজা মাটি, শুকনো পাতা আর অরণ্যের নিজস্ব এক প্রাচীন গন্ধ।
অদৃশ্য কোথাও থেকে ভেসে আসছে নানা রকম পাখির ডাক। সুরগুলো অপূর্ব মধুর, অথচ সেই মাধুর্যের মধ্যেও যেন লুকিয়ে আছে এক অকারণ শিহরণ। মনে হয়, অরণ্য নিজেই যেন অচেনা ভাষায় কথা বলছে।
যত তারা ভেতরে এগোতে লাগল, ততই ঘন হতে লাগল জঙ্গল। একসময় আকাশ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। সূর্যও যেন কোথায় মিলিয়ে গেল পাতার অসংখ্য স্তরের আড়ালে। শুধু ডালপালা আর পাতার ফাঁক গলে কয়েকটি সরু আলোর রেখা নেমে এসেছে। দেখে মনে হচ্ছে, অশরীরী কারা যেন অন্ধকারের বুক চিরে টর্চের আলো ফেলেছে।
হঠাৎই ডানদিকের ঝোপের গভীর থেকে একসঙ্গে ডেকে উঠল অসংখ্য সিকাডা - কী-ই-ই... র... র... র...!
মুহূর্তের জন্য থমকে গেল সবাই। কিন্তু ডাকটা যেমন হঠাৎ শুরু হয়েছিল, তেমনই আবার মিলিয়েও গেল।
ঠিক সেই সময়েই আবার শোনা গেল সেই রহস্যময় শিসধ্বনি—ফি...ই...ই...উ...উ...!
একবার... তারপর আরেকবার...
রাগীব কান খাড়া করে দাঁড়িয়ে রইল। সে লক্ষ্য করল, বাতাসের ঝাপটা এলেই বাঁশঝাড়ের কোনো এক অদৃশ্য দিক থেকে শিসের মতো শব্দটা ভেসে উঠছে। বাতাস থামলেই শব্দও থেমে যাচ্ছে।
তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটল। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি এই শিসধ্বনি! বাতাস আর ফাঁপা বাঁশের নিখুঁত মিলনে জন্ম নেওয়া এক বিস্ময়কর সুর। কিন্তু রাতের অন্ধকারে... যখন এই একই শিস নিস্তব্ধ পাহাড়ের বুক চিরে প্রতিধ্বনিত হয়... তখন সেটাই আতঙ্কের রূপ নেয়। সেই থেকে তৈরি হয় রূপকথার কাহিনী। আর সেই রূপকথার আতঙ্ককেই অস্ত্র করে কেউ চালিয়ে যাচ্ছে তার কুটিল খেলা।
কিন্তু সেই 'কেউ' কি এই অরণ্যের গভীরে কোথাও লুকিয়ে আছে? সেই খোঁজেই তো এই ঘন অরণ্যে আজকের এই অভিযান!
ক্রমশ পথটা চড়াই হতে শুরু করল।
প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাড়তে লাগল পরিশ্রম। ট্রেকিং পোলে ভর দিয়ে এবড়োখেবড়ো পাথুরে পথ বেয়ে ধীরে ধীরে ওপরে উঠছে তারা। একদিকে ঘন জঙ্গল আরও ঘন হয়ে সূর্যের আলোকে প্রায় গিলে ফেলেছে। অন্যদিকে পাহাড়ের খাদ ক্রমেই গভীর হয়ে নেমে গেছে নিচের অন্ধকারে। সেই খাদ থেকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বিশাল বিশাল বাঁশঝাড়, সেগুন আর নাম-না-জানা অসংখ্য বৃক্ষ। নিচে তাকালে মনে হয়, সবুজের অতল গহ্বর যেন কাউকে নীরবে ডেকে চলেছে।
চারদিকে এমন এক চাপা নিস্তব্ধতা, যেন অরণ্য নিজেই শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে কোনো অজানা ঘটনার।
ঠিক তখনই ঋষভ চাপা উত্তেজনায় ফিসফিস করে বলল,— "বন্ধু... দেখ! দেখ! কাঠবিড়ালিগুলো কী করছে!"
রাগীব তাকিয়ে দেখল, ডানদিকের এক বিশাল গাছের কাণ্ড বেয়ে কয়েকটি বড়সড় কাঠবিড়ালি বিদ্যুতের গতিতে নেমে এল। মুহূর্তের মধ্যে তারা পথ পেরিয়ে বাঁদিকের খাদের ধারের জঙ্গলে ছুটে গেল। আবার সেখান থেকে ফিরে এসে পথের মাঝখানে থেমে চারদিকে সতর্ক দৃষ্টিতে তাকাতে লাগল। যেন তারা কিছু খুঁজছে... অথবা কারও উপস্থিতি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
পরক্ষণেই মানুষের গন্ধ টের পেয়েই এক ঝটকায় সবক'টি খাদের দিকের ঘন বাঁশঝাড়ে মিলিয়ে গেল।
রথীন মৃদুস্বরে বলল,— "হিমালয়ান জায়ান্ট স্ক্রুয়েল... পাহাড়ি কাঠবিড়ালি। মুরলেনের জঙ্গলে এদের প্রায়ই দেখা যায়।"
রাগীব কোনো উত্তর দিল না। সে কিছুক্ষণ খাদের দিকের ঘন অন্ধকারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল।
তার মনে হল, কাঠবিড়ালিগুলো শুধু মানুষের উপস্থিতিতেই ভয় পেয়ে পালায়নি... যেন তাদের আচরণে অন্য কিছুরও অস্বাভাবিক ইঙ্গিত লুকিয়ে ছিল।
কিন্তু সেটা কী? প্রশ্নটার উত্তর আপাতত অরণ্যের বুকেই চাপা রইল।
ওরা আবার এগিয়ে চলল। জঙ্গলের পথ এখন আরও খাড়া। হাঁটার শব্দ ছাড়া চারদিকে আর তেমন কোনো আওয়াজ নেই। শুধু মাঝেমধ্যে বাতাস বইলেই ভেসে আসছে সেই অদ্ভুত বাঁশির মতো শিস—ফি...ই...ই...উ...উ...!
শিসটা যেন কখনও সামনে, কখনও পিছনে, আবার কখনও মাথার ওপর থেকেই ভেসে আসছে। অরণ্যের প্রতিধ্বনি তার উৎসটাকে আরও রহস্যময় করে তুলেছে।
নীরবতা ভাঙল ঋষভ। বলল— "রথীন, শুনেছি এখানে নাকি অনেক ক্লাউডেড লেপার্ড আছে?"
রথীনের উত্তর দেওয়ার আগেই লিয়ানা মৃদু হেসে বলল,— "আছে। বেশ ভালো সংখ্যাতেই আছে। তবে ভয়টা ওদের নিয়ে নয়। ক্লাউডেড লেপার্ড সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে চায়। এখানকার সবচেয়ে ভয়ংকর শিকারি হলো পাহাড়ি বুনো কুকুর। ওরা দল বেঁধে ঘোরে, দল বেঁধেই শিকার করে। একবার যদি কোনো প্রাণীকে ঘিরে ফেলে... তাহলে আর তার রক্ষা নেই। কয়েক মিনিটের মধ্যেই শিকারের হাড়-মাংস কিছুই অবশিষ্ট থাকে না।"
কথাগুলো শুনে ঋষভের মুখের হাসি মিলিয়ে গেল। নিজের অজান্তেই সে রাগীবের হাতটা শক্ত করে চেপে ধরল— "আ... আর বুনো শুয়োর?"
রথীন এবার উত্তর দিল,— "ওরাও কম বিপজ্জনক নয়। বিশেষ করে যদি বাচ্চা সঙ্গে থাকে, তাহলে কোনো কারণ ছাড়াই তেড়ে আসতে পারে। কারণ ওরা ভাবে যদি কেউ বাচ্চাদের ক্ষতি করে!"
কয়েক মুহূর্ত নীরব থেকে সে আবার বলল,— "তবে একটা কথা মনে রেখো। জঙ্গলের অধিকাংশ প্রাণীই অকারণে আক্রমণ করে না। খিদে পেলে শিকার করে, অথবা নিজের জীবন কিংবা বাচ্চাদের বিপদে দেখলেই আক্রমণ করে। প্রকৃতির নিয়ম মেনেই তারা বাঁচে।"
রথীনের গলা আচমকা ভারী হয়ে উঠল— "কিন্তু মানুষ...!"
সে একবার চারদিকে তাকাল। তারপর বলল,— "মানুষই একমাত্র প্রাণী, যে নিজের স্বার্থে নির্বিচারে হত্যা করে। টাকার লোভে বন্যপ্রাণী মারে... বন ধ্বংস করে... আবার নিষিদ্ধ মাদক ছড়িয়ে হাজার হাজার তরুণের জীবনও নষ্ট করে দেয়। কখনও কখনও জঙ্গলের সবচেয়ে হিংস্র জন্তুও মানুষের নিষ্ঠুরতার কাছে হার মেনে যায়।"
রথীনের কথার পর আর কেউ আর কোনো কথা বলল না।
শুধু নিঃশব্দে এগিয়ে চলল তারা।
জঙ্গল এখন আরও দুর্ভেদ্য। দু'পাশের ঝোপঝাড় এতটাই ঘন হয়ে উঠেছে যে ডালপালাগুলো রাস্তার ওপর ঝুঁকে প্রায় প্রাকৃতিক সুড়ঙ্গ তৈরি করেছে। কোথাও কোথাও মাথা নিচু না করলে এগোনোই সম্ভব নয়। বিয়াকাকে বারবার ম্যাশেটি চালিয়ে পথ পরিষ্কার করতে হচ্ছে। প্রতিবার ফলাটা নামতেই ভেজা ডালপালা কেটে সরে যাচ্ছে, আর চারদিকে ছড়িয়ে পড়ছে কাঁচা পাতার তীব্র গন্ধ।
ঠিক তখনই—ঝপ্!
একটা বনবিড়াল বিদ্যুতের গতিতে পথের ওপর ছুটে এল। ওদের দেখে থমকে দাঁড়াল। সবুজ দুটো চোখ মেলে ওদের দিকে তাকিয়ে রইল। পরমুহূর্তের মধ্যে বিপরীত দিকের ঘন ঝোপের আড়ালে মিলিয়ে গেল।
ঋষভ চমকে উঠে ফিসফিস করে বলল,— "প্রথমে হিমালয়ান কাঠবিড়ালি, এবার বনবিড়াল... বন্ধু, এবার শুধু বুনো শুয়োর আর পাহাড়ি কুকুর দেখাই বাকি!"
রাগীব মুচকি হেসে বলল,— "দেখতে পেলেই তো ভয়ে আমাকে জড়িয়ে ধরবি!"
ঋষভও হেসে ফেলল, — "সেটাই তো করবই। কারণ তুই পাশে থাকলেই কেমন যেন সাহসটা বেড়ে যায়।"
রাগীব কিছু বলল না। শুধু একবার ঋষভের দিকে তাকিয়ে মৃদু হাসল। মনের অজান্তেই যেন এক অদ্ভুত অনুভূতি তাকে ছুঁয়ে গেল। কে জানে! হয়তো কোনো এক অচেনা জন্মে ঋষভ সত্যিই তার ছোট ভাই ছিল।
কিন্তু সেই কোমল অনুভূতি স্থায়ী হল না।
সামনের পথটা প্রায় সম্পূর্ণ বন্ধ করে ফেলেছে এক বিশাল কাঁটাঝোপ। বিয়াকা ম্যাশেটি দু'হাতে শক্ত করে ধরে পরপর কয়েকটি কোপ মারল।
ছ্যাঁক! ছ্যাঁক! ছ্যাঁক!
শেষ কোপটা পড়তেই ঝোপটা প্রবল ঝাঁকুনি খেয়ে ঝোপটা পড়ে গেল! আর ঠিক তখনই ঝোপের ভেতর থেকে টুপ করে ছোট্ট একটা সাদা জিনিস মাটিতে পড়ে গড়িয়ে গেল।
সবার আগে ছুটে গেল রাগীব। সে ঝুঁকে জিনিসটা তুলে হাতে নিতেই তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল।
সাদা প্লাস্টিকের একটি ছোট কৌটো। গায়ে কাদামাটি লেগে রয়েছে। তবু গোলাপি রঙের লেবেলের অবশিষ্ট অংশ স্পষ্ট বোঝা যাচ্ছে।
এটাই সেই হার্বাল মেডিসিনের কৌটো!
যে কৌটোতে সাধারণত ভরা থাকে ভেষজ ওষুধ... অথচ বিশেষ কিছু কৌটোর ভেতরে পাচার করা হয় ভয়ংকর মাদক ইয়াবা।
কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। চারপাশের জঙ্গল যেন আচমকা আরও নিস্তব্ধ হয়ে উঠেছে।
রাগীব ধীরে ধীরে মাথা তুলে চারদিকে তাকাল। তার চোখে তখন আর বিস্ময় নেই—বরং তদন্তকারীর সেই পরিচিত, তীক্ষ্ণ দীপ্তি। নিচু গলায় সে বলল,— "এর মানে, এই জঙ্গলে সত্যিই মাদকচক্রের লোকজনের যাতায়াত আছে।"
রথীনও কৌটোটার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল।
রাগীব আবার বলল,— "আর যদি তাই হয়... তাহলে রাতের অন্ধকারে শোনা সেই কৃত্রিম বাঁশির আওয়াজের সঙ্গে এদের যোগ থাকার সম্ভাবনা এখন অনেকটাই বেড়ে গেল।"
রথীন কৌটোটা হাতে নিয়ে কয়েকবার উল্টেপাল্টে দেখল। তারপর চারদিকে একবার তাকিয়ে গম্ভীর গলায় বলল,— "কিন্তু একটা কথা মাথায় আসছেনা, যদি সত্যিই এরা এখানে কাজ করে, তাহলে এই গভীর জঙ্গলে ওরা থাকে কোথায়? এখানে থেকে কী কাজ করে? আর বাইরের জগতের সঙ্গে যোগাযোগই বা করে কীভাবে?"
প্রশ্নটা শুনে রাগীব সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল। চোখ বুলিয়ে নিল চারপাশের বাঁশঝাড়, পাহাড়ের খাদ আর অন্ধকারে ঢাকা জঙ্গল।
তারপর ধীরে ধীরে বলল, — "ওদের ঘাঁটিটা কোথায়, আর সেখানে ওরা কী কাজ করে... সেটাই জানার জন্যই তো আমরা এসেছি।"
একটু থেমে কৌটোটার দিকে তাকিয়ে আবার বলল,— "তবে তোমার শেষ প্রশ্নটার একটা সম্ভাব্য উত্তর আমার মাথায় আসছে।"
রথীন কৌতূহলী হয়ে জিগ্যেস করল— "কী?"
রাগীব বলল,— "ধরো, জঙ্গলের বাইরে থাকা সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ওরা ওই নকল বাঁশির আওয়াজ ব্যবহার করে। ধরো, কেউ মাদকের চালান নিয়ে জঙ্গলের ধারে এসে পৌঁছল। সে নির্দিষ্ট ধরনের শিস বাজিয়ে ভেতরের লোকদের সংকেত দিল যে মাল এসে গেছে। ভিতরের লোকও আবার শিসের মাধ্যমে উত্তর দিল।
সে একটু থামল।
তারপর চারদিকে তাকিয়ে নিচু গলায় বলল,— "কাল রাতে আমি একটা আওয়াজ শুনেছি। কিন্তু যদি ওই শিসের দৈর্ঘ্য, বিরতি, ওঠানামা—সবকিছুর আলাদা আলাদা অর্থ থাকে? ঠিক মর্স কোডের মতো। একেক রকম শিস মানে একেক রকম বার্তা।"
কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না।
রথীনের চোখদুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল, — "দারুণ বলেছ তো!... এখানে এমনটা হওয়া অসম্ভব নয়! এতে মোবাইলেরও দরকার নেই, ওয়াকিটকিরও নয়। আর কেউ শুনলেও ভাববে, বাতাসের বাঁশীর শব্দ!"
রাগীব অল্প হেসে মাথা নেড়ে বলল,— "তবে সবটাই আমার অনুমান। এখন দেখা যাক সামনে কি আছে!"
সে কৌটোটা সাবধানে নিজের রুকস্যাগে রেখে দিল। তারপর ট্রেকিং পোলটা হাতে নিয়ে দৃঢ় গলায় বলল,— "চলো। এগোনো যাক!"
কথা শেষ হতেই আবার নীরবে এগিয়ে চলল দলটা। কিছুদূর যেতেই রথীন হঠাৎ কিছু একটা দেখতে পেয়ে থমকে দাঁড়াল।দেখাদেখি সবাই দাড়িয়ে গেল। রথীন ডানদিকে খাদের ধারের এক ঝোপের মধ্যে থেকে বের করে আনল একটা কাঁচের বোতলের টুকরো! বোতলটা ভেঙে গেছে। কিন্তু তার মাথায় ধাতব ক্যাপের প্যাঁচটা এখনো আটকে আছে। রথীন বোতলের টুকরোটা ভালো করে উল্টেপাল্টে দেখে একটু শুঁকে বলল, "হুম্! অ্যালকোহল! তারমানে এ পথে লোকজনের ভালোই আনাগোনা আছে দেখছি!"
রাগীবও মৃদু হাসল। মনে মনে ভাবতে লাগল, অতৃপ্ত আত্মার কান্নার ভয়ে যে জঙ্গলে মানুষ আসতে ভয় পায়, সে জঙ্গলে একে একে মিলছে প্লাস্টিকের কৌটো, কাঁচের বোতল! তারমানে কিছু মানুষ এই ভয়ঙ্কর জঙ্গলে ভালোই আসা যাওয়া করে, সময় কাটায়!
মিনিট পাঁচেক এগোতেই জঙ্গলের গভীর নিস্তব্ধতা ভেঙে কানে এল এক চাপা গর্জনের মতো শব্দ। যেন জেনারেটর চলছে!
সবাই থমকে দাঁড়াল।
রথীনের হাত অজান্তেই কোমরের রিভলবারের দিকে এগিয়ে গেল। বিয়াকাও ম্যাশেটিটা আরও শক্ত করে ধরল। কয়েক সেকেন্ড কান পেতে থাকার পর রহস্যটা পরিষ্কার হয়ে গেল।রাগীব মৃদু হেসে বলল,— "ভয় নেই। এটা কোনো মানুষের শব্দ নয়। ওপর থেকে জল নিচে পড়ছে। কাছাকাছি নিশ্চয়ই কোনো ঝরনা বা জলপ্রপাত আছে।"
শব্দটা এবার আরও স্পষ্ট শোনা যাচ্ছে।
ঝর... ঝর... ঝর...
সেই শব্দ অনুসরণ করেই এগোতে লাগল সবাই।
চলতে চলতে রাগীব নিচু গলায় বলল,— "মনে রেখো, জলাশয়ের আশপাশে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ ওরা মাঝে মাঝেই জল খেতে আসে!"
ঋষভের চোখ উজ্জ্বল হয়ে উঠল, — "তাই নাকি! তাহলে তাড়াতাড়ি চল, বন্ধু!"
রাগীব হেসে মাথা নেড়ে বলল,— "এই জঙ্গলে 'তাড়াতাড়ি' বলে কিছু হয় না। এখানে তাড়াহুড়ো মানেই বিপদ।"
সত্যিই তাই।
ঘন ঝোপঝাড় কেটে পথ তৈরি করে এগোতে হচ্ছে। প্রতিটি পদক্ষেপের আগে ট্রেকিং পোল দিয়ে পরীক্ষা করে নিতে হচ্ছে মাটি শক্ত না নরম, নিচে ফাঁপা গর্ত আছে কি না, পাথর আলগা না শক্ত। কোথাও ভেজা শ্যাওলা, কোথাও পচা পাতার স্তূপ। সামান্য ভুলেই ভয়ংকর দুর্ঘটনা ঘটতে পারে।
প্রায় পনেরো মিনিট এভাবেই এগোনোর পর হঠাৎ জঙ্গলটা একটু ফাঁকা হয়ে গেল।
সামনের দৃশ্য দেখে সবাই যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল।
পাহাড়ের খাড়া পাথুরে দেওয়াল বেয়ে প্রায় পনের কুড়ি ফুট ওপর থেকে সাদা জলরাশি গর্জন তুলে নিচে ঝাঁপিয়ে পড়ছে। নিচে তৈরি হয়েছে স্বচ্ছ নীলচে-সবুজ এক জলাশয়। সেখান থেকে আবার চিকন একটি জলধারা কুলুকুলু শব্দে পাহাড়ি জঙ্গলের বুক চিরে বয়ে চলে গেছে।
ঝরনার দু'পাশে দাঁড়িয়ে থাকা দুটি বিশাল বাঁশঝাড় তাদের সবুজ ডালপালা দুলিয়ে যেন প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে চামর দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে।
জলাশয়ের ধারে তখন দুটি চিত্রা হরিণ নিশ্চিন্তে জল খাচ্ছিল।
মানুষের পায়ের শব্দ পেতেই তারা চমকে মাথা তুলল। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে অভিযাত্রীদের দেখে বিদ্যুতের গতিতে লাফিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল।
ঋষভ আনন্দে হাততালি দিতে যাবে—
ঠিক সেই মুহূর্তেই...
পিঁইইইই...!
একটি তীক্ষ্ণ, প্রচণ্ড জোরালো বাঁশির শব্দ পুরো উপত্যকায় বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল।
শব্দের তীব্রতায় সবাই কেঁপে উঠল।
রাগীবের চোখ মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ হয়ে উঠল।
না!
এটা মুরলেনের সেই প্রাকৃতিক শিসধ্বনি নয়।
এটা মানুষের তৈরি আধুনিক সিগন্যাল হুইসেল।
তীক্ষ্ণ, নিখুঁত, কানে বিঁধে যাওয়ার মতো তীব্র।
সম্বিৎ ফিরতেই রথীন কোমরের দিকে হাত বাড়িয়ে সার্ভিস রিভলবার বের করতে যাবে এমন সময় চারজন কালো পোশাক পরা, মুখোশে ঢাকা লোক বিদ্যুতের গতিতে ঘন জঙ্গল থেকে বেরিয়ে এসে মুহূর্তের মধ্যে ওদের ঘিরে ফেলল। প্রত্যেকের হাতেই আধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। চারটি বন্দুকের কালো নল এখন সোজা তাক করা রাগীবদের বুকের দিকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন