মুরলেনের বাঁশী অষ্টাদশ পর্ব
গভীর এক অরণ্য!
এতটাই গভীর যে দিনের উজ্জ্বল রোদও ঘন সবুজ ছাউনির নিচে এসে যেন সন্ধ্যার মলিন আলোর মত হয়ে গেছে। আকাশের অস্তিত্বই বোঝা যায় না। শতবর্ষী চেনা অচেনা গাছগুলো বিশাল ডালপালা মেলে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। তাদের গায়ে পেঁচিয়ে রয়েছে অসংখ্য লতা-গুল্ম, কোথাও ঝুলছে শ্যাওলা, কোথাও বিশাল ফার্ণ, আবার কোথাও তিন-চার ফুট উঁচু বুনো ঘাস। জঙ্গলের বুক চিরে এগিয়ে যাওয়ার মতো কোনো স্পষ্ট পথই নেই।
সেই দুর্ভেদ্য অরণ্যের মধ্যে হেঁটে চলেছে ঋষভ। একা!
চারপাশে এমন এক অস্বাভাবিক নীরবতা, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস আটকে আছে। কোনো পাখির ডাক নেই, ঝিঁঝিঁ পোকার একটুকুও শব্দ নেই। বাতাস পর্যন্ত যেন থমকে দাঁড়িয়েছে। এই নিস্তব্ধতাই আরও ভয়ঙ্কর। নিজের পায়ের শুকনো পাতা মাড়ানোর শব্দই বারবার চমকে দিচ্ছে তাকে।
কতক্ষণ ধরে হাঁটছে, তার কোনো হিসেব নেই। সে বুঝতে পারছে—পথ হারিয়ে ফেলেছে। কোন দিক থেকে এসেছে, কোন দিকে যাচ্ছে, কিছুই আর মনে পড়ছে না।
হঠাৎ তার মনে হতে লাগল, যেন সে একা নয়।
মনে হচ্ছে ঘন গাছপালার আড়াল থেকে অদৃশ্য কোনো চোখ যেন তাকে অনুসরণ করছে! কোনো ক্ষুধার্ত চিতা? নাকি হিংস্র ভালুক? কিংবা আরো ভয়ঙ্কর কিছু? যে কোনো মুহূর্তে তারা ওর উপর ঝাঁপিয়ে পড়বে! আবার মাটির দিকে তাকালেই বুক কেঁপে উঠছে—এই বুঝি শুকনো পাতার নিচ থেকে ফণা তুলে ছোবল মারবে এক বিশাল কিং কোবরা!
ঠিক সেই সময়...
নিস্তব্ধ অরণ্যের বুক চিরে হঠাৎ ভেসে এল এক বিষণ্ন বাঁশির সুর।
ঋষভের বুকটা ছ্যাঁৎ করে উঠল। আতঙ্কে সে প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিল। কিন্তু পরমুহূর্তেই বিস্ময়ে স্থির হয়ে গেল।
না... এ কোনো এলোমেলো সুর নয়।
বাঁশিতে বাজছে একটি রবীন্দ্রসংগীত। গানটি তার খুবই চেনা। বন্ধু রাগীবের সঙ্গে সে বহুবার এই গানের সঙ্গত করেছে। বাঁশীতে বাজছে-
"…শুধাই যত পথের লোকে, এই বাঁশিটি বাজালো কে?
নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে…
দিনের বেলায় বাঁশী তোমার বাজিয়েছিলে অনেক সুরে
গানের পরশ প্রাণে এল আপনি তুমি রইলে দূরে...! "
সুরটা ক্রমশ আরও কাছে আসতে লাগল। যেন অরণ্যের প্রতিটি গাছ, প্রতিটি লতা, প্রতিটি পাতায় প্রতিধ্বনিত হয়ে তাকে চারদিক থেকে ঘিরে ধরছে।
তারপর...
বাঁশির সুরের সঙ্গে মিলেমিশে ভেসে এল এক মানুষের কণ্ঠ।
কণ্ঠটা অদ্ভুতরকম পরিচিত! ঋষভের বুক ধক করে উঠল!আরে! এ তো রাগীবের গলা!
সে মরিয়া হয়ে চিৎকার করে উঠতে চাইল— "বন্ধু!... রাগীব!... কোথায় তুই?"
কিন্তু না!
গলা দিয়ে একটাও শব্দ বেরোল না। যেন কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠরোধ করে রেখেছে। মুহূর্তের মধ্যে হাত-পা অবশ হয়ে আসতে লাগল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। মাথা ঘুরে উঠল। মনে হল, এই বুঝি শরীরটা নিস্তেজ হয়ে বুনো ঘাসের ওপর লুটিয়ে পড়বে...
ঠিক সেই মুহূর্তেই ধড়মড় করে ঘুম ভেঙে গেল ঋষভের।
কয়েক সেকেন্ড সে হতবুদ্ধির মতো বিছানায় বসে রইল। বুকটা এখনও দ্রুত উঠানামা করছে। তারপর ধীরে ধীরে বুঝতে পারল—ঘরের কাচের জানলা দিয়ে সকালের সোনালি রোদ ঢুকে পড়েছে। দূরের সবুজ পাহাড়গুলো আলোয় ঝলমল করছে।
জানলার পাশে দাঁড়িয়ে সেই পাহাড়গুলোর দিকেই তাকিয়ে ওই গানেরই শেষ কয়েকটি লাইন আপনমনে গুনগুন করে গাইছে রাগীব—
"…বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহ আসন পেতে,
তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে।
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে,
গানের পরশ প্রাণে এল, আপনি তুমি রইলে দূরে…
দিনের বেলায়…"
ঋষভ নিজের শরীরের দিকে তাকিয়ে চমকে উঠল।
এই হিমশীতল আবহাওয়াতেও তার সারা শরীর ঘামে ভিজে একাকার। এমনকি গায়ের মোটা কম্বলটাও স্যাঁতসেঁতে হয়ে গেছে।
সে একবার রাগীবের দিকে তাকাল, তারপর ঘরের ভিতরে, জানলার ওপারে দাঁড়িয়ে থাকা নিস্তব্ধ পাহাড়গুলোর দিকে। স্বপ্নের সেই বাঁশির সুর যেন এখনও কোথাও মিলিয়ে যায়নি। বরং মনে হচ্ছিল, দিনের আলোর আড়ালেই সে নিঃশব্দে অপেক্ষা করে আছে হঠাৎ আবার বেজে উঠবে বলে!
সে তাড়াতাড়ি কম্বলটা সরিয়ে উঠে বসে ডেকে উঠল—"বন্ধু! বন্ধু!"
নিজের গলার স্বর শুনেই যেন বুকের ভেতর জমে থাকা পাথরটা নেমে গেল। গলা ঠিকই আছে। কোনো অদৃশ্য শক্তি তাকে চেপে ধরেনি। সবটাই ছিল এক বিভীষিকাময় স্বপ্ন।
রাগীব গান থামিয়ে ঘুরে তাকিয়ে মুচকি হেসে বলল, —"কী রে? সকালবেলায় এমন হাঁকডাক করছিস কেন?"
ঋষভ হেসে মাথা নাড়ল —"কিছু না! এমন একটা উদ্ভট স্বপ্ন দেখলাম যে ঘুমটা আচমকা ভেঙে গেল।"
রাগীব হেসে বলল,—"বেশ তো! তুই দিব্যি স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াচ্ছিস, আর আমি তো প্রায় সারারাত জেগেই কাটালাম।"
ঋষভ অবাক হয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল —"কেন? ঘুমোসনি কেন?"
—"ঘুমোবো কী করে?" রাগীব হাসতে হাসতে বলল, "সারারাত ধরে যে বাঁশির কনসার্ট শুনেছি! কখনও মনে হয়েছে দরবারী কানাড়া, কখনও মালকোষ, কখনও আবার যেন আমাদের প্রাণের রবি ঠাকুরের গান!"
ঋষভ ভুরু কুঁচকে বলল, —"মানে? তোর সেই প্রকৃতির সৃষ্টি বাঁশির আওয়াজে আবার রাগরাগিণী, রবি ঠাকুরের গান শোনা যায় নাকি?"
রাগীব একইভাবে উত্তর দিল, —"কেন, তুই কি জানিস না? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অধিকাংশ রাগই তো প্রকৃতির বুক থেকে উঠে আসা নানা সুরেরই শিল্পসম্মত রূপ। বাতাস, জল, পাখির ডাক, মানুষের অনুভূতি—সব মিলিয়েই তো রাগের জন্ম। আর রবি ঠাকুরের গান তো মানুষের অন্তর থেকে শুরু করে প্রকৃতির হৃদয়ের কথাও বলে!"
ঋষভ দেখল, রাগীব আজ একেবারেই অন্য মেজাজে আছে। গত রাতের সেই গভীর উদ্বেগ বা চিন্তার কোনো ছাপ নেই। বরং চোখে-মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভা। মনে হচ্ছে, রাতভর সে শুধু শব্দ শোনেনি, শব্দের আড়ালে লুকিয়ে থাকা রহস্যটাকেও যেন স্পর্শ করে ফেলেছে।
ঋষভ তাই জিগ্যেস করল —"ঠিক আছে, এত ধাঁধা না করে এবার বল তো কতক্ষণ ওই বাঁশির আওয়াজ শুনলি আর শুনে কি বুঝলি?"
রাগীব বলল, — "তুই তো তারপরে ঘুমিয়ে পড়লি! আমিও শুয়ে পড়লাম! কিন্তু আমার ঘুম আসছিলনা! মাথার মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল বিয়াকা তাহলে কি শুনেছে! ও একটা বিচক্ষণ ছেলে! এমনি এমনি সিন্থেসাইজারের বাঁশীর গল্প বলবেনা! তাছাড়া লিয়ানাও তো সেই আভাস দিয়েছে! তাহলে!"
"শুয়ে শুয়ে এমনটাই ভাবছি! এমন সময় হঠাৎ আবার সেই বাঁশির মতো আওয়াজটা ভেসে এল! আমি উঠে গিয়ে জানলার পাশে দাঁড়ালাম। জানলার পাল্লা খুলতেই আওয়াজটা হঠাৎ মিলিয়ে গেল। কিন্তু মিনিট দশেক পর একটু হাওয়া বইতেই আওয়াজটা আবার শোনা গেল!"
"তারপর?" ঋষভ কৌতুহলের সুরে জিগ্যেস করল।
রাগীব বলল —"ঠিক তখনই আরও-একটা বাঁশির সুর কানে এল। আমিতো চমকে উঠলাম!"
ঋষভের বুকটা ঢিপঢিপ করে উঠল, "বলিসকি! আর একটা বাঁশীর আওয়াজ?"
রাগীব বলল—"হ্যাঁ! একরকম নয়, দুইরকমের বাঁশী! ভালো করে লক্ষ্য করে তারপরই বুঝলাম আসল ব্যাপারটা। দুটো আওয়াজের কোয়ালিটি এক নয়। একটা প্রকৃতির—খসখসে, ভাঙা, বাতাসের দোলায় ওঠানামা করছে। আর অন্যটা... একেবারে নিটোল। পরিষ্কার। সুরেলা। যেন সত্যিই কোনো বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে! মানে, একই সময়ে দুটো বাঁশি বাজছে। একটা ন্যাচারাল... আর একটা আর্টিফিশিয়াল।"
কথাটা শুনে ঋষভের চোখ যেন বিস্ফারিত হয়ে গেল—"সত্যি? কি সাংঘাতিক! তা আমাকে ডাকিসনি কেন?"
রাগীব ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, —"ভেবেছিলাম তোকে ডাকি। কিন্তু দেখি মহাশয় এমন নাসিকা-গর্জন শুরু করেছেন যে, সেই কনসার্টে বাধা দেওয়ার দুঃসাহস আর করিনি! প্রকৃতির বাঁশি, মানুষের বাঁশি—সব চাপা পড়ে যাচ্ছিল তোর নাকের সিম্ফনির কাছে!"
ঋষভ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, —"আমি নাক ডাকি? কই, না তো! কোনোদিন তো শুনিনি!"
রাগীব হো হো করে হেসে উঠল —"যার নাক ডাকে, সে নিজে কি আর সেটা শুনতে পারে? পাশের মানুষগুলোই তার আসল ভুক্তভোগী!"
ঋষভের মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। কয়েক মুহূর্ত গম্ভীর হয়ে থেকে সে দ্রুত প্রসঙ্গ ঘুরিয়ে দিল —"আচ্ছা আচ্ছা, ওসব থাক! তারপর কী হল বল!"
রাগীবও এবার হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেল —"আমি জানলার ধারে দাঁড়িয়েই শুনছিলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম, প্রকৃতির সেই আসল আওয়াজটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে এল। যেন বাতাসের দিক বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটাও মিলিয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, অন্য আওয়াজটা একটুও বদলাল না। একই তালে, একই ছন্দে, একই ভলিউমে বাজতেই থাকল।"
সে একটু থেমে নিচু গলায় বলল, —"ঠিক তখনই আমি বুঝলাম!"
ঋষভ আগ্রহে ঝুঁকে এল, —"কি?"
—"এটা প্রকৃতির শব্দ নয়, প্রাকৃতিক ভাবে সৃষ্ট কোনো শব্দ এত নিখুঁত হতে পারে না। বাতাস কখনও জোরে বয়, কখনও আস্তে। পাহাড়ে প্রতিধ্বনি বদলায়, তখন শব্দ ওঠানামা করে। কিন্তু ওই দ্বিতীয় আওয়াজটার মধ্যে কোনো ওঠাপড়াই ছিল না। যেন রেকর্ড করা একটা সাউন্ড বাজানো হচ্ছে।"
রাগীব কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, —"আরও মন দিয়ে শুনে বুঝলাম, ওটা আসল সুরকে হুবহু নকল করার চেষ্টা করছে। কিন্তু তবু একটা কৃত্রিমতা লুকিয়ে থাকছে। সাধারণ মানুষের কান হয়তো সেটা ধরতে পারবে না, যারা গানবাজনা করে তারা এই সূক্ষ্ম পার্থক্য ধরতে পারবে।"
ঋষভ বিস্ময়ে ফিসফিস করে বলল, —"তার মানে... সত্যিই দু'রকম বাঁশির আওয়াজ শোনা যায়! বিয়াকা তাহলে ভুল বলেনি!"
রাগীব ধীরে ধীরে মাথা নাড়ল, —"হ্যাঁ। বিয়াকা নকল বাঁশীর আওয়াজ শুনেছিল ঠিকই। শুধু বলতে পারেনি মুরলেনের পাহাড়ে দুইরকমের বাঁশী বাজে। একটা ন্যাচারাল, আর একটা আর্টিফিশিয়াল!"
সে জানলার বাইরে দূরে মুরলেন পাহাড়ের দিকে তাকিয়ে বলল, —"আমার এখন দৃঢ় বিশ্বাস, প্রকৃতির তৈরি সেই রহস্যময় বাঁশির সুরকে ঢাল হিসেবে ব্যবহার করছে কেউ। ইচ্ছে করেই রাতের নির্জনতায় সিন্থেসাইজার বাজিয়ে কিম্বা রেকর্ড চালিয়ে নকল বাঁশি বাজানো হচ্ছে। যাতে এখানকার মানুষ আরো দৃঢ়ভাবে বিশ্বাস করে—মুরলেন পাহাড়ে রাতে অতৃপ্ত আত্মারা এখনো কাঁদে। যাদের কান্নার শব্দ বাঁশির আওয়াজের মতো... অতএব সেখানে যাওয়া নিষেধ। আর যখন সবাই ভয়ে সেই জঙ্গল এড়িয়ে চলবে। তাতে....!
রাগীব কথাটা শেষ না করলেও ঋষভ সব বুঝে গেল। মুহূর্তের মধ্যেই ঘরজুড়ে নেমে এল এক অদ্ভুত নীরবতা। যেন অদৃশ্য কেউ তাদের কথোপকথন শুনছে।
কয়েক সেকেন্ড চুপ থেকে রাগীব রহস্যময় হাসি হেসে বলল, — "বন্ধু, নকল বাঁশির রহস্যের জট তো মোটামুটি খুলেই গেল। কিন্তু আর একটা রহস্য এখনও অমীমাংসিত। প্রকৃতির বুকে কেন তৈরি হয় সেই বাঁশির সুর?"
ঋষভ সঙ্গে সঙ্গে বলল, — "সেটাই তো! পৃথিবীতে এত পাহাড়-জঙ্গল থাকতে শুধু মুরলেনেই কেন এমন আওয়াজ শোনা যায়? কিছু ভেবেছিস?"
রাগীব এবার উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করল। এগিয়ে এসে দু'হাত আলতো করে ঋষভের কাঁধে রেখে মৃদু হেসে বলল, — "তুই কী মনে করিস? আওয়াজটা কেন হয়?"
ঋষভ বেশ কিছুক্ষণ মাথা নিচু করে ভাবল। তারপর মাথা চুলকে একটু ইতস্তত করে বলল, — "আমার তো কিছুই মাথায় আসছে না। তাহলে... এখানকার লোকজন যেটা বলে সেটাই কি সত্যি? সত্যিই ওখানে অতৃপ্ত আত্মারা কেঁদে বেড়ায়?
রাগীব এবার হো হো করে হেসে উঠল — "ভাই ঋষভ! তুই একটা আস্ত জিনিয়াস! এতদিন আমার সঙ্গে থেকে এখনও যুক্তি দিয়ে ভাবতে চেষ্টা করলি না?"
ঋষভ ঠোঁট ফুলিয়ে বলল, — "আচ্ছা বাবা, তুই-ই বল। কেন ওই বাঁশির মতো শব্দ হয়?"
রাগীব একটু গম্ভীর হয়ে জানলার বাইরে তাকাল। দূরে সকালের আলোয় ঝলমল করছে মুরলেনের সবুজ পাহাড়— "বলতে পারি... কিন্তু পুরো উত্তরটা দিতে হলে আমাকে আবার সেই জঙ্গলের ভেতর গিয়ে দাঁড়াতে হবে। ওখানকার পাহাড়ের গঠন, বাতাসের গতি আর জীববৈচিত্র্য দেখতে হবে!"
ঋষভ এবার সত্যিই অভিমানী গলায় বলল, — "তাহলে যতটা জানিস ততটাই বল। আমার তো আর তোর মতো মাথা নেই যে পাহাড়ের গঠন আর জীববৈচিত্র্য দেখেই সব বলে দিতে পারব!"
বন্ধুর গলায় অভিমান টের পেয়ে রাগীব আবার সস্নেহে তার কাঁধে হাত রাখল। তারপর আস্তে আস্তে গুনগুন করে গেয়ে উঠল—
"বাহির ছেড়ে ভিতরেতে
আপনি লহ আসন পেতে।
তোমার বাঁশি বাজাও আসি
আমার প্রাণের অন্তঃপুরে..."
ঋষভ বিরক্ত মুখে বলল, — "আবার গান গাইছিস! আমি রহস্যের উত্তর চাইছি, তুই রবীন্দ্রসংগীত শোনাচ্ছিস?"
রাগীব মুচকি হেসে বলল, — "উত্তরটা তো ওই চারটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে রে।"
ঋষভ অবিশ্বাসে চোখ বড় বড় করে তাকাল — "কি বলছিস! মুরলেন পাহাড়ের বাঁশির রহস্যের উত্তর রবীন্দ্রনাথের গানের মধ্যে? আমাকে বোকা পেয়ে যা খুশি তাই বলে দিচ্ছিস!"
রাগীব মাথা নাড়ল। হেসে বলল, — "না রে। রবীন্দ্রনাথ শুধু কবি নন, প্রকৃতির এক অসাধারণ পর্যবেক্ষকও ছিলেন। তাঁর অনেক রচনার মধ্যেই বিজ্ঞানের সূক্ষ্ম ইঙ্গিত ছড়িয়ে আছে। এই গানের ওই কয়েকটি লাইনই আমাকে একটা নতুন দিশা দেখিয়েছে।"
একটু থেমে সে দৃঢ় কণ্ঠে বলল, — "আজ মুরলেনের জঙ্গলে দাঁড়িয়েই তোকে বুঝিয়ে দেব, কেন ওই পাহাড় নিজের বুকের ভেতর বাঁশির মতো সুর সৃষ্টি করে!"
ঋষভ আর একটি কথাও বলল না। তার চোখেমুখে আবার সেই অভিযাত্রীর উত্তেজনা ফিরে এল। মুহূর্তের মধ্যে সে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল প্রস্তুত হতে।
রাগীব ঘড়ির দিকে তাকিয়ে বলল,— "আমি ইতিমধ্যেই বিয়াকা আর লিয়ানাকে তৈরি হয়ে চলে আসতে বলে দিয়েছি। ওরা এলেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব। আর গত রাতের পরিকল্পনা অনুযায়ী, আমরা জঙ্গলের পথে পা রাখার সঙ্গে সঙ্গেই রথীন সাদা পোশাকে সশস্ত্র পুলিশবাহিনী নিয়ে পর্যটকের ছদ্মবেশে আমাদের অনুসরণ করবে।"
কথা শেষ হতেই ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল।
জানলার ওপারে সকালের সূর্যালোকে দীপ্ত মুরলেন পাহাড় যেন অপার্থিব শান্তির আলো ছড়াচ্ছে। কিন্তু সেই শান্ত সবুজের অন্তরালে কি শুধু প্রকৃতির এক বিস্ময়কর বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে? যা একটি জাতির মনে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহমান রয়েছে এক লোমহর্ষক লোকবিশ্বাস!
নাকি সেই লোকবিশ্বাসকে ঢাল করে মানুষের লোভ, রক্তাক্ত ষড়যন্ত্র আর বহুদিনের অমীমাংসিত অন্ধকার—সবকিছুই অপেক্ষা করছে তাদের জন্য?
আর সেই রহস্যের পর্দা উঠবে আজ...
যখন মুরলেনের নীরব অরণ্য আবার নিজের বুকের ভেতর থেকে বাজিয়ে তুলবে সেই অদ্ভুত বাঁশির সুর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন