মুরলেনের বাঁশী চব্বিশতম পর্ব
চামফাই থানা থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যে হয়ে গেল।
সবার আগে রওনা হল পুলিশের একটি বোলেরো। সামনের আসনে চালকের পাশে ইন্সপেক্টর চাকমা। পিছনের আসনে সাব-ইন্সপেক্টর রথীন এবং আরও চারজন পুলিশকর্মী। তার ঠিক পিছনেই লিয়ানার গাড়ি। তাতে লিয়ানা নিজে, রাগীব আর বিয়াকা। সবশেষে বিশাল চেহারার দুটো পুলিশ ভ্যান। দুটোতেই ঠাসা সশস্ত্র পুলিশ।
সকালের মুরলেন অভিযানের সঙ্গে এই অভিযানের আকাশপাতাল তফাত। সেদিন ছিল গোপনে শত্রুর ডেরায় ঢোকার পালা। সাদা পোশাকের আড়ালে নিজেদের পরিচয় লুকিয়ে রেখে অন্ধকারের মধ্যে অপরাধীদের গতিবিধি লক্ষ করা। আর আজ কোনও ছদ্মবেশ নেই, কোনও রাখঢাক নেই। অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশবাহিনী নিয়ে একেবারে সম্মুখ অভিযান!
কিন্তু এত আয়োজন, এত লোকবল, এত অস্ত্রশস্ত্র সত্ত্বেও রাগীবের মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি ক্রমশ জেঁকে বসছিল। মনে হচ্ছিল, ওরা যেন কোনও অপরাধীকে ধরতে যাচ্ছে না, বরং এমন একটা রহস্যের মুখোমুখি হতে চলেছে যার উত্তর হয়তো কেউই জানে না।
চামফাই থেকে মেলবুকের দূরত্ব প্রায় আঠেরো কিলোমিটার। পুরোটাই পাহাড়ি পথ, তবে উতরাই। মেলবুকের অবস্থান চামফাইয়ের বেশ কিছুটা নীচে। আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়িগুলো যত নীচে নামতে লাগল, পাহাড়ের চূড়াগুলো ততই পিছনে সরে যেতে থাকল। রাস্তার দুপাশে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে উঠেছে। কোথাও বাঁশঝাড়ের সারি, কোথাও ফাঁকা জমি, কোথাও বা পাহাড়ের ঢালে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট ছোট বাড়ি। মাঝেমধ্যে কোনও পেট্রোল পাম্পের আলোয় মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠছে রাস্তার একটা অংশ। তারপর আবার সব ডুবে যাচ্ছে অন্ধকারে।
কোজাগরী পূর্ণিমা পেরিয়ে কৃষ্ণপক্ষের প্রতিপদ। আকাশে চাঁদ তখনও পুরোপুরি ওঠেনি। পাহাড়ের আড়াল থেকে তার ম্লান আলো কখনও রাস্তার ওপর এসে পড়ছে, কখনও আবার মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। দূরে অস্পষ্ট পাহাড়ের সারি। তাদের গায়ে গায়ে জমে থাকা অন্ধকারের মধ্যে কোথাও দু-একটা আলোর বিন্দু জ্বলছে। মনে হচ্ছে, পাহাড়ের বুকের মধ্যে কেউ যেন নিঃশব্দে জেগে আছে।
চারদিকে এমন একটা চাপা নীরবতা, যেন প্রকৃতিও নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে এই অভিযানের ফলাফলের জন্য।
গাড়ির ভিতরে কেউই প্রথম দিকে বিশেষ কথা বলছিল না। লিয়ানা মন দিয়ে গাড়ি চালাচ্ছিল। রাগীব জানলার বাইরে তাকিয়ে ছিল একদৃষ্টে। আর বিয়াকা বারবার মোবাইলের স্ক্রিনে চোখ বোলাচ্ছিল।
হঠাৎ বিয়াকাই নীরবতা ভাঙল, জানো, এখানকার YMA ইউনিট আমাদের সঙ্গে যেতে চেয়েছিল। কিন্তু আমি বারণ করেছি।
রাগীব জানলা থেকে চোখ ফিরিয়ে বলল, ঠিকই করেছ। পুলিশের অভিযানে ওদের সঙ্গে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হত না। তবে মেলবুকের YMA ইউনিট যদি নিজেদের মতো করে ওই মেটাডোরটার ব্যাপারে খোঁজখবর করতে পারে, তাহলে তদন্তে অনেক সুবিধে হতে পারে।
"সেই ব্যবস্থাই করেছি। আমি ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে মেলবুক ইউনিটকে সব জানিয়েছি। ওখানকার সেক্রেটারি রেমসাঙ্গা তার দলবল নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর শুরু করে দিয়েছে।" কথাটা বলে বিয়াকা একটু হাসল। তারপর রাগীবের দিকে তাকিয়ে বলল, "ঋষভ শুধু তোমার একার বন্ধু নয়, রাগীব। ও আমাদেরও বন্ধু। ওকে খুঁজে বের করা, নিরাপদে ফিরিয়ে আনা—এটা শুধু তোমার দায়িত্ব নয়। আমাদের সবার দায়িত্ব!"
কথাগুলো খুব সাধারণ। অথচ রাগীবের বুকের ভিতরটা কেমন করে উঠল। কতক্ষণ ধরে যে সে একা একা ঋষভের চিন্তায় ছটফট করছে! কখনও মনে হচ্ছে, বন্ধুকে আর কোনওদিন দেখতে পাবে না। কখনও মনে হচ্ছে, ঋষভ হয়তো কোথাও বন্দি অবস্থায় নানান অত্যাচার সহ্য করছে। আর অপেক্ষা করছে কখন রাগীব এসে ওকে উদ্ধ্বার করবে। আর সেই অনিশ্চয়তার মধ্যে বিয়াকার কথাগুলো যেন আচমকাই তার মনের ভিতর একটু আলো জ্বালিয়ে দিল।
রাগীব নিজের দুটো হাত বিয়াকার হাতের ওপর রাখল।
মনে মনে ভাবল, কী সুন্দর দেশ এই মিজোরাম! শুধু পাহাড়, জঙ্গল, নদী আর মেঘের সৌন্দর্য নয়—এই দেশের আসল সৌন্দর্য যেন এখানকার মানুষ। কত সহজ, কত আন্তরিক! বিপদের সময়ে কী অনায়াসে একজন আরেকজনের পাশে এসে দাঁড়ায়। বন্ধুত্বের কোনও সীমান্ত নেই, কোনও জাতিগত পরিচয় নেই। একজনের বিপদ কখন যে সকলের বিপদ হয়ে ওঠে, তা বুঝতেই পারা যায় না।
কিন্তু সেই মুহূর্তের আবেগ বেশিক্ষণ স্থায়ী হল না।
বিয়াকা আবার বলল, —বাবাকে ফোনে সব জানিয়েছি। উনি বলেছেন, প্রয়োজন হলে নিজেই আসাম রাইফেলসের সঙ্গে যোগাযোগ করবেন। ওদের সঙ্গে বাবার এখনও ভালো যোগাযোগ রয়েছে।
লিয়ানা গাড়ি চালাতে চালাতে বলল, —সেটা অবশ্যই কাজে লাগতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে। ঋষভকে সত্যিই মায়ানমারে পাচার করা হয়েছে, তার নির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত আসাম রাইফেলস সরাসরি কিছু করতে পারবে না। সীমান্তের নিরাপত্তা আর অন্য দেশের ভূখণ্ডে অভিযান চালানো এক ব্যাপার নয়।
"সেটা ঠিক" —বিয়াকা বলল।
এতক্ষণ চুপ করে থাকা রাগীব এবার ধীরে ধীরে মুখ তুলল, —কিন্তু আমার কী মনে হচ্ছে জানো?
তার গলায় এমন একটা স্বর ছিল যে লিয়ানা একবার রিয়ারভিউ মিররে তার দিকে তাকাল।
"কী মনে হচ্ছে?" বিয়াকা জিজ্ঞেস করল।
রাগীব কয়েক মুহূর্ত চুপ করে রইল। যেন নিজের ভাবনাগুলোকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারপর বলল, আমার মনে হচ্ছে, ঋষভকে ওরা মায়ানমারেই নিয়ে গেছে।
"কেন এমন মনে হচ্ছে?" বিয়াকার গলায় কৌতূহল।
"এই ফেলে যাওয়া মেটাডোরটার জন্য। টিয়াউ নদীর ধারে একটা পরিত্যক্ত গাড়ি পড়ে থাকার খবরটা নিছক কাকতালীয় বলে আমার মনে হচ্ছে না। যদি সত্যিই গাড়িটার সঙ্গে ঋষভের অপহরণের কোনও যোগসূত্র থাকে, তাহলে পুরো ঘটনাটা একবার অন্য দিক থেকে ভাবতে হবে।"
রাগীব একটু সামনের দিকে ঝুঁকে পড়ে বলল, "মুরলেনের জঙ্গল থেকে ওরা ঋষভকে তুলে নিয়ে গেল। তারপর অন্য কোনও পাহাড়ি রাস্তা ধরে তাকে মেটাডোরে করে মেলবুকের কাছে টিয়াউ নদীর ধারে নিয়ে এল। সেখানে গাড়িটা ফেলে রেখে নদীপথে সীমান্ত পেরিয়ে মায়ানমারে চলে গেল। পরিকল্পনাটা অসম্ভব নয়। বরং ভেবে দেখলে, এই পথটা তাদের কাছে সুবিধাজনকও হতে পারে।
একটু থেমে সে নিজেই প্রশ্ন করল, কিন্তু কেন?
কেন মানে? —বিয়াকা এবার পুরোপুরি ওর দিকে ঘুরে তাকাল।
রাগীবের চোখ তখন জানলার বাইরে। রাস্তার পাশে অন্ধকারে ডুবে থাকা বাঁশঝাড়গুলো দ্রুত পিছিয়ে যাচ্ছে। কোনও কোনও গাছের ছায়া গাড়ির আলোয় এমনভাবে ভেসে উঠছে, যেন মুহূর্তের জন্য কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। পরক্ষণেই সে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে।
রাগীব বলল, একটা শক্তিশালী আন্তর্জাতিক মাদকপাচার চক্রের কথা ভাবো। যারা বছরের পর বছর ধরে গোপনে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের আস্তানার সন্ধান যদি কেউ পেয়ে যায়, তাদের গোপন কারবারের খবর যদি বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, তাহলে তারা কী করবে? সেই লোকটাকে বন্দি করে রেখে দেবে? নাকি চিরদিনের জন্য সরিয়ে দেবে?
বিয়াকা কোনও উত্তর দিল না।
রাগীব নিজেই বলল, সাধারণত এ ধরনের অপরাধীরা নিজেদের বিপদের কারণ হয়ে উঠতে পারে এমন কাউকে বাঁচিয়ে রাখে না। অথচ বিপ্লব চক্রবর্তী আর জাতাঙ্গার লোকজন আমাদের বারবার আক্রমণ করছে, ভাড়াটে গুন্ডা পাঠাচ্ছে, অপহরণ করার চেষ্টা করছে। কিন্তু লক্ষ্য করে দেখেছ? এখনও পর্যন্ত তারা আমাদের কাউকে সরাসরি খুন করার চেষ্টা করেনি।"
"তাহলে তোমার ধারণা, ওদের অন্য কোনও উদ্দেশ্য আছে?" লিয়ানা জিজ্ঞেস করল।
"হ্যাঁ! কিন্তু কি সেই উদ্দেশ্য সেটা বুঝতে পারছি না!"
রাগীব আবার বিয়াকার দিকে তাকাল, "আর একটা ব্যাপার। এই ধরনের চক্র নিজেদের ব্যবহৃত গাড়ি এভাবে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে যায় না, যদি না তার পিছনে কোনও বিশেষ উদ্দেশ্য থাকে। গাড়িটা কি সত্যিই ওদের কাজের শেষে ফেলে যাওয়া একটা অকেজো যান? নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের ওটার দিকে টেনে নিয়ে যেতে চাইছে?"
কথাটা বলে রাগীব থেমে গেল।
গাড়ির ভিতরে আবার নেমে এল নীরবতা।
বাইরে পাহাড়ি রাস্তা ক্রমশ নীচে নেমে যাচ্ছে। দূরের কোথাও টিয়াউ নদী বয়ে চলেছে অন্ধকারের মধ্যে। এখন তাকে দেখা যাচ্ছে না, শুধু তার অস্তিত্বটুকু অনুভব করা যায়। পাহাড়ের গা বেয়ে নেমে আসা শীতল বাতাসের মধ্যে যেন একটা অজানা আশঙ্কা মিশে রয়েছে।
রাগীব নিচু গলায় বলল, জানো আমার সিক্সথ সেন্স অন্যকিছু বলতে চাইছে! কিন্তু সেই অন্যকিছুটা কি সেটাই ধরতে পারছিনা! বারবার ঋষভের চিন্তা মাথায় আসছে। ওরা ওকে মেরে না ফেলে কেন ধরে নিয়ে গেছে? আমাদেরই বা ধরে নিয়ে যেতে চাইছিল কেন? ধরে নিয়ে গিয়ে কি করতে চাইছে? তিলে তিলে মেরে ফেলতে চাইছে নাকি এমন কিছু যা মেরে ফেলার চেয়েও ভয়ঙ্কর?"
রাগীবের কথায় গাড়ির পরিবেশ আবার থমথমে হয়ে উঠল।রাগীব মাথা নেড়ে সম্মতি জানাল।
গাড়ি আবার ছুটতে শুরু করল। পাহাড়ি রাস্তার বাঁকগুলো ক্রমশ ঘন হতে লাগল। প্রায় পনেরো মিনিট চলার পর হঠাৎই চোখের সামনে ভেসে উঠল এক জনপদের আলো। পাহাড়ের গা বেয়ে নেমে আসা অন্ধকার উপত্যকার বুকের মধ্যে সেই আলো যেন মাটিতে ছড়িয়ে থাকা অজস্র জোনাকি। দূর থেকে মনে হচ্ছিল, অন্ধকারের সঙ্গে আলোর এক নীরব লড়াই চলছে।
লিয়ানা সামনের দিকে তাকিয়ে বলল, ওই যে মেলবুক!
কিন্তু জনপদের আলো যত কাছে এগিয়ে আসছিল, রাগীবের মনে ততই বাড়ছিল অজানা একটা অস্বস্তি। কেন জানে না, তার বারবার মনে হচ্ছিল, এই আলোকিত জনপদের ঠিক বাইরেই কোথাও যেন লুকিয়ে রয়েছে অন্য এক পৃথিবী। যে পৃথিবীতে মানুষের পরিচয়, মুখের ভাষা কিংবা স্বাভাবিক জীবনযাত্রার কোনও মূল্য নেই। যেখানে মানুষ মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে, আর তার রেখে যাওয়া চিহ্নগুলোই হয়ে উঠতে পারে এক ভয়ংকর রহস্যের সূত্র।
শহরে ঢোকার মুখে একটা তেমাথার মোড়। রাস্তার একপাশে কয়েকটা ছোট দোকান, অন্যদিকে অন্ধকারে হারিয়ে যাওয়া পাহাড়ি পথ। মোড়ের কাছেই দাঁড়িয়ে ছিল বছর কুড়ি-একুশের একটি ছোটখাটো মিজো যুবক।
পুলিশের বোলেরোটা তাকে পেরিয়ে যাওয়ার পর লিয়ানার গাড়ি তার সামনে এসে থামল। দরজা খোলার আগেই ছেলেটি প্রায় লাফিয়ে গাড়ির পিছনের আসনে উঠে পড়ল, হাই, এভরিবডি!
একেবারে আমেরিকান কায়দায় হাসিমুখে সম্ভাষণ জানাল সে।
এই রেমসাঙ্গা!
রাগীব একটু অবাক হয়ে তার দিকে তাকাল। বয়স বড়জোর কুড়ি-একুশ। অথচ এই বয়সেই মেলবুকের YMA ইউনিটের সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছে! ছেলেটির চেহারায় কোনও জড়তা নেই, চোখেমুখে ভয়ডরহীন আত্মবিশ্বাস। যেন রাতের অন্ধকারে একদল সশস্ত্র পুলিশের সঙ্গে অজানা বিপদের সন্ধানে বেরোনো তার কাছে নেহাতই একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা।
রেমসাঙ্গা সবার সঙ্গে আলাপ জমিয়ে ফেলল নিমেষে। তার কথাবার্তায় ইংরেজি, হিন্দি আর মিজো ভাষা এমনভাবে মিশে যাচ্ছিল যে, মাঝে মাঝে ঠিক কোন ভাষায় সে কথা বলছে, বোঝাই মুশকিল। তবে তার বক্তব্যের সারমর্ম বুঝতে কারও অসুবিধা হল না।
রেমসাঙ্গা বলতে শুরু করল, দুপুরের দিকে আমি আর আমার কয়েকজন বন্ধু এই রাস্তার ধারেই গল্প করছিলাম। হঠাৎ দেখি চামফাইয়ের দিক থেকে একটা মেটাডোর বেশ জোরে ছুটে আসছে। এই রাস্তায় প্রতিদিন কত গাড়ি যাতায়াত করে! তাই প্রথমে বিশেষ কিছু মনে হয়নি।
একটু থেমে সে বলল, তবে একটা ব্যাপার আমাদের চোখে লেগেছিল। গাড়িটায় মিজোরামের নম্বরপ্লেট, অথচ চালক আর তার পাশের আসনে বসা লোকটা দুজনেই বার্মিজ!
বিয়াকা জিজ্ঞেস করল, তখন সন্দেহ হয়নি?
রেমসাঙ্গা কাঁধ ঝাঁকাল, সত্যি বলতে, খুব একটা হয়নি। এই সীমান্ত এলাকায় বার্মিজদের যাতায়াত নতুন কিছু নয়। তাই আমরাও বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামাইনি কিন্তু ঘন্টাখানেক পর আমাদের এক বান্ধবী এসে খবর দিল, জঙ্গলের মধ্যে টিয়াউ নদীর ধারে একটা মেটাডোর পড়ে আছে। গাড়ির ভিতরে কেউ নেই। আশপাশেও কোনও লোকজন নেই। গাড়ির মধ্যে কোনও জিনিসপত্রও নেই। একেবারে ফাঁকা!
রেমসাঙ্গা পিছন ফিরে রাগীব আর বিয়াকার দিকে তাকিয়ে বলল, তখন আমাদের একটু কৌতূহল হল। আমরা কয়েকজন বন্ধু বাইক নিয়ে নদীর ধারের ওই জঙ্গলে গেলাম। মেটাডোরটার আশপাশটা ঘুরে দেখলাম। গাড়ির ভিতরটা দেখলাম। ঝোপঝাড়ের দিকে গেলাম। কিন্তু কোথাও কেউ নেই! চারদিকে এমন নীরবতা যে, নিজেদের পায়ের শব্দও কানে লাগছিল।
লিয়ানা এবার প্রশ্ন করল, গাড়িটা কি খারাপ হয়ে গিয়েছিল বলে মনে হয়েছিল?
না! সেটাই তো আশ্চর্যের ব্যাপার। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল না গাড়িটা বিকল হয়েছে। কোনও দুর্ঘটনার চিহ্নও আমাদের চোখে পড়েনি। অথচ একটা গাড়ি এমন নির্জন জায়গায় পড়ে রয়েছে, তার চালক নেই, যাত্রী নেই, কোনও মালপত্র নেই—ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল।
রাগীব মন দিয়ে শুনছিল।
রেমসাঙ্গা এবার একটু নিচু গলায় বলল, ঠিক তখনই লোকটাকে দেখলাম।
কোন লোক? বিয়াকা জিজ্ঞেস করল।
"একটা পাগলাটে গোছের লোক। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। গায়ে ছেঁড়া, ময়লা পোশাক। চুল উসকোখুসকো, মুখে দাড়িগোঁফের জঙ্গল। হাঁটার ভঙ্গিটাও কেমন অদ্ভুত। কখনও সোজা হাঁটছে, কখনও হঠাৎ থেমে যাচ্ছে, আবার কখনও নিজের মনেই বিড়বিড় করছে। প্রথমে মনে হয়েছিল, হয়তো সত্যিই কোনও ভবঘুরে।"
রেমসাঙ্গা একটু থামল। গাড়ির ভিতরের সবাই তখন তার দিকে তাকিয়ে।
আমরা ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘এই, তুই কে? এখানে কী করছিস?’
লোকটা আমাদের দিকে তাকাল। তারপর হঠাৎ বলে উঠল, "দে-য়েই-তে লে! দে-য়েই-তে লে!" এইটুকু বলেই সে পাগলের মতো হাসতে শুরু করল।
রেমসাঙ্গা কথাটা বলার সময় নিজের অজান্তেই গলার স্বরটা নামিয়ে এনেছিল। গাড়ির ভিতরে যেন আচমকা তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে গেল, বার্মিজ ভাষায় ‘দে-য়েই-তে লে’ কথাটার অর্থ জানো? —সে জিজ্ঞেস করল।
লিয়ানা বলল, দে-য়েই-তে এল মানেতো সবাই মরবে!
রেমসাঙ্গা মাথা নাড়ল, ঠিক তাই। আমাদের মধ্যে অনেকেই বার্মিজ ভাষা জানে। তাই আমরা কথাটা শুনে প্রথমে হকচকিয়ে গিয়েছিলাম। তারপর ওকে ধমকে বললাম, ‘কী সব আবোলতাবোল বকছিস? কেন সবাই মরবে?’
রেমসাঙ্গা এবার নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু লোকটা আমাদের কোনও উত্তর দিল না। শুধু হা-হা করে হাসতে লাগল। এমন হাসি যে, মনে হচ্ছিল, ও কোন মজার কথা বলছে। তারপর হাসতে হাসতেই জঙ্গলের ভিতর ঢুকে গেল।
তোমরা ওর পিছু নাওনি? রাগীব জিজ্ঞেস করল।
গিয়েছিলাম কিছুটা। কিন্তু ঝোপঝাড়ের মধ্যে ঢুকে লোকটা কোথায় যে মিলিয়ে গেল, বুঝতেই পারলাম না। আশ্চর্যের ব্যাপার, এত কাছেই ছিল, অথচ কয়েক মুহূর্তের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া গেল না। আমরা ভেবেছিলাম, পাগলের প্রলাপ। তাই সেখান থেকে ফিরে এলাম।
রেমসাঙ্গা একটু থেমে আবার বলল, তারপর বিয়াকা দাদার ফোন পেলাম। দাদার সঙ্গে কথা হওয়ার পর আমরা চারদিকে খোঁজখবর শুরু করলাম। কিন্তু সেই লোকটার আর কোনও হদিস পাইনি। এখন ওই মেটাডোরটাকে পুলিশ ঘিরে রেখেছে। তবু লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে!
কথাগুলো শেষ করে রেমসাঙ্গা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর রাগীবের দিকে তাকিয়ে বলল, কিন্তু এখন আমার মনে হচ্ছে, লোকটা ঠিক পাগল নয়।
রাগীব অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? তোমার এমন মনে হচ্ছে কেন?
রেমসাঙ্গা এবার এমন একটা কথা বলল, যাতে রাগীবের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল, "আমি লোকটার চোখ দেখেছি রাগীবদাদা!"
চোখ? কেমন চোখ?, রাগীব ভ্রু কুঁচকে জিগ্যেস করল।
"হ্যাঁ। ওর পোশাক ছেঁড়া, চুল এলোমেলো, কথাবার্তা পাগলের মতো। কিন্তু চোখ দুটো? অসাধারণ তীক্ষ্ণ! যেন আমাদের প্রত্যেককে আলাদা করে মেপে নিচ্ছিল। চোখের দৃষ্টিতে এমন একটা স্থিরতা ছিল, যা সাধারণ পাগলের চোখে আমি কখনও দেখিনি। আর চোখ দুটো কী চকচক করছিল জানো? যেন জঙ্গলের অন্ধকারের মধ্যেও সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে!"
রেমসাঙ্গা একটু ঝুঁকে এল, "পাগলের অভিনয় করছিল লোকটা। আমি প্রায় নিশ্চিত!"
কথাটা বলেই সে চুপ করে গেল। গাড়ির ভিতরে আবার সেই থমথমে পরিবেশ।
রাগীব জানলার বাইরে তাকাল। অন্ধকার পাহাড়ের সারি দ্রুত পিছিয়ে যাচ্ছে। কিন্তু তার মনে হচ্ছিল, রেমসাঙ্গার বলা লোকটা যেন এখনও কোথাও তাদের আশপাশে রয়েছে। হয়তো এই মুহূর্তেও কোনও অন্ধকার ঝোপের আড়াল থেকে তাদের গতিবিধি লক্ষ করছে।
‘দে-য়েই-তে লে!’
কথা দুটো বারবার কানে বাজতে লাগল রাগীবের।
সবাই মরবে!
এমন সময় সামনের বোলেরোটা গতি কমিয়ে দিল। কয়েক মুহূর্ত পর লিয়ানার গাড়িটাও একটা বাঁক ঘুরে এসে থামল।
সামনে ঘন জঙ্গলের ভিতর একটা বিশাল উপত্যকা। চারদিকে পাহাড়ের কালো ছায়া। আর সেই অন্ধকারের বুক চিরে জ্বলে রয়েছে চারটে শক্তিশালী সার্চলাইট। তাদের আলোয় উন্মোচিত হয়েছে এক অদ্ভুত দৃশ্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন