মুরলেনের বাঁশী ছাব্বিশতম পর্ব
ঘটনাস্থলে পৌঁছে সকলেই স্তম্ভিত হয়ে গেল!
যে মেটাডরটাকে কিছুক্ষণ আগেও রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, বিস্ফোরণে তার আর প্রায় কিছুই অবশিষ্ট নেই! গাড়িটার সামনের অংশটা দুমড়ে-মুচড়ে গিয়েছে। ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে রয়েছে ধাতব কাঠামোর টুকরো, ভাঙা কাচ আর গাড়ির অন্যান্য অংশ। চারপাশের মাটিতে ছড়িয়ে রয়েছে নানা আকারের ধ্বংসাবশেষ।
গাড়িটার পোড়া অবশেষ থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। বাতাসে ডিজেল, পোড়া মবিল আর বারুদের তীব্র ঝাঁজালো গন্ধ। চোখ জ্বালা করছে, নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে।
ধোঁয়ার পর্দা একটু একটু করে সরতেই দেখা গেল, গাড়িটার কাছাকাছি মাটিতে পড়ে রয়েছেন তিনজন পুলিশকর্মী। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরা। তাঁদের মধ্যে একজন ইন্সপেক্টর রথীন!
“রথীন!” চাকমা সাহেবের গলা কেঁপে উঠল।
পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তিনি গর্জন করে উঠলেন, “সবাই এগিয়ে আসুন! আহতদের এখান থেকে সরাতে হবে! সাবধানে—গাড়ির ধ্বংসাবশেষের কাছে কেউ যাবেন না!"
নির্দেশ পেয়েই পুলিশকর্মীরা তৎপর হয়ে উঠলেন। দুজন রথীনের কাছে ছুটে গেলেন, বাকিরা অন্য দুই আহত পুলিশকর্মীকে উদ্ধারের কাজে হাত লাগালেন।
বিয়াকা, লিয়ানা আর রেমসাঙ্গাও এক মুহূর্ত দেরি করল না। রাগীবও ছুটে গিয়ে আহতদের সরিয়ে আনার কাজে হাত লাগাল।
চারদিকে তখন শুধু ছোটাছুটি আর উদ্বিগ্ন চিৎকার। কেউ আহতের হাত ধরছেন, কেউ পা। ধ্বংসস্তূপের ধার এড়িয়ে অত্যন্ত সাবধানে তাঁদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ দূরত্বে।
চাকমা সাহেব ইতিমধ্যে মোবাইল বের করে অ্যাম্বুল্যান্সে ফোন করলেন।
এদিকে রথীনকে নিরাপদ দূরত্বে সরিয়ে এনে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে। তাঁর পোশাকের বিভিন্ন জায়গায় রক্তের দাগ। শরীরের একাধিক স্থানে আঘাত লেগেছে। তবে সবচেয়ে গুরুতর ক্ষতটা ডান কাঁধে। সেখান থেকে তখনও গলগল করে রক্ত বেরিয়ে আসছে।
বিয়াকা দ্রুত নিজের পকেট থেকে একটা রুমাল বের করল। ক্ষতস্থানের ওপর রুমালটা চেপে ধরে রক্তপাত বন্ধ করার চেষ্টা করল সে, “রেমসাঙ্গা, তোর কাছে কিছু আছে?”
রেমসাঙ্গা তাড়াতাড়ি পকেট থেকে ডেটলের একটা ছোট শিশি বের করল। বিয়াকার হাতে থাকা রুমালে কিছুটা ডেটল ঢেলে দিল সে।
কিন্তু রক্তপাত তখনও বন্ধ হয়নি। বিয়াকা রুমালটা ক্ষতস্থানে চেপে ধরে বাঁধার চেষ্টা করল। কাপড়টা ছোট হয়ে যাওয়ায় ঠিকমতো বাঁধা যাচ্ছিল না।
সঙ্গে সঙ্গে রাগীব নিজের পকেট থেকে আরেকটা রুমাল বের করে এগিয়ে দিল, “এটা নাও! শক্ত করে বাঁধ!”
রাগীবের রুমালটা নিয়ে বিয়াকা আগের রুমালের ওপর সেটি জড়িয়ে দিল। তারপর দুটো রুমাল একসঙ্গে চেপে ধরে রক্তপাত বন্ধ করার চেষ্টা করতে লাগল।
রথীন যন্ত্রণায় চোখ বন্ধ করে শুয়ে আছেন। কপালে বিন্দু বিন্দু ঘাম। মুখটা যন্ত্রণায় বিবর্ণ হয়ে গিয়েছে। তবু আশ্চর্য, মুখ দিয়ে একটাও শব্দ বেরোচ্ছে না!
না কোনও আর্তনাদ, না কোনও অভিযোগ। শুধু দাঁতে দাঁত চেপে অসহ্য যন্ত্রণাটা সহ্য করে চলেছেন।
রাগীব কিছুক্ষণ তাঁর দিকে তাকিয়ে রইল। বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। এই মানুষটিই কিছুক্ষণ আগে পর্যন্ত নিজের দায়িত্ব পালন করছিলেন। আর এখন নিজের যন্ত্রণার কথা ভুলে গিয়ে হয়তো মনে মনে ভাবছেন, তাঁর সহকর্মীদের কী হল!
রাগীব নিচু হয়ে বলল, “রথীন স্যার, একটু ধৈর্য ধরুন। অ্যাম্বুল্যান্স আসছে।”
রথীন কষ্ট করে চোখ খুললেন। ঠোঁট দুটো সামান্য নড়ল, “বাকিরা... ঠিক আছে তো?”
নিজের যন্ত্রণার মধ্যেও সহকর্মীদের কথা! রাগীবের গলা যেন আটকে এল, “হ্যাঁ। ওঁদেরও দেখা হচ্ছে। আপনি এখন কথা বলবেন না।”
রথীন আবার চোখ বন্ধ করলেন।
কিছুক্ষণ পর বিয়াকা ক্ষতস্থানে চাপ দিয়ে ধরে রাগীবের দিকে তাকাল। “রক্তপাতটা কিছুটা কমেছে। কিন্তু দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দরকার।”
রাগীব মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল সে। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল।পুলিশকর্মীরা তখনও ব্যস্ত। চাকমা সাহেব আহতদের দেখছেন, পাশাপাশি বিস্ফোরণস্থল ঘিরে রাখার নির্দেশ দিচ্ছেন। জোরামথারা কয়েকজনকে নিয়ে গাড়ির ধ্বংসাবশেষের আশপাশে নজর রাখছেন।
ঠিক সেই সময় রাগীবের চোখ আটকে গেল ডানদিকের অন্ধকার জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায়।
কী যেন একটা নড়ল!
নাকি চোখের ভুল?
রাগীব চোখ সরু করে সেদিকে তাকাল। কিন্তু ঘন অন্ধকারের মধ্যে কিছুই স্পষ্ট বোঝা গেল না। গাছের মাথাগুলো বাতাসে সামান্য দুলছে। ঝোপের আড়ালে জমাট বেঁধে রয়েছে কালো ছায়া। তারই মধ্যে যেন কিছু একটা লুকিয়ে আছে!
রাগীবের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে দিল। সে পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশকর্মীর কাছ থেকে বড় টর্চটা চেয়ে নিল।
“কী হয়েছে?” লিয়ানা জিজ্ঞেস করল।
রাগীব নিচু গলায় বলল, “ওইদিকে কিছু একটা দেখলাম। চলোতো, একবার দেখে আসি।”
“চলো!”
আর কোনও কথা না বাড়িয়ে দুজনে এগিয়ে চলল জঙ্গলের দিকে। পিছনে তখনও বিস্ফোরণস্থলে পুলিশের ব্যস্ততা। আহতদের নিয়ে ছোটাছুটি চলছে। ধ্বংসস্তূপের কাছ থেকে ভেসে আসছে পোড়া ধাতু আর বারুদের ঝাঁজালো গন্ধ।
কিন্তু জঙ্গলের মধ্যে পা রাখতেই যেন অন্য একটা জগতে ঢুকে পড়ল ওরা। এখানে আলো নেই। মানুষের কোলাহল নেই। শুধু ঘন অন্ধকার, গাছের পাতার মর্মর আর মাঝেমধ্যে রাতজাগা পোকামাকড়ের একটানা ডাক।
রাগীব টর্চের আলো এদিক-ওদিক ঘুরিয়ে সাবধানে এগিয়ে চলল। লিয়ানা তার ঠিক পিছনে। কয়েক পা এগোতেই হঠাৎ থমকে দাঁড়াল রাগীব।
“কী হল?” লিয়ানা ফিসফিস করে জিজ্ঞেস করল।
রাগীব কোনও উত্তর দিল না। বরং পিছন ফিরে লিয়ানার গায়ে হাত রেখে তাকে থামিয়ে দিল।
তারপর নিঃশব্দে দাঁড়িয়ে রইল সে। কী যেন একটা শব্দ! খুব ক্ষীণ। যেন শুকনো পাতার ওপর দিয়ে কেউ পা টেনে সরিয়ে নিচ্ছে। শব্দটা একবার শোনা গেল, তারপরই থেমে গেল।
রাগীবের চোখ দুটো সতর্ক হয়ে উঠল। টর্চের আলোটা স্থির রেখে সে কান পেতে রইল।
কয়েকটা মুহূর্ত কেটে গেল। তারপর— খস্... খস্...!
এবার শব্দটা যেন একেবারে কাছ থেকে এল!
রাগীব বিদ্যুৎগতিতে টর্চের আলোটা নীচের দিকে নামিয়ে আনল। আর ঠিক সেই মুহূর্তেই তার চোখে পড়ল পায়ের কাছের অন্ধকারে কিছু একটা নড়ছে!
এক সেকেন্ডও দেরি করল না সে। দ্রুত পা বাড়িয়ে জিনিসটার ওপর পা চেপে ধরল।
“অ্যাই! কে ওখানে?”
রাগীবের বজ্রকণ্ঠে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। টর্চের তীব্র আলোয় এবার স্পষ্ট হয়ে উঠল দৃশ্যটা।
একটা মানুষের হাত!
একজন লোক মুখ থুবড়ে উপুড় হয়ে পড়ে রয়েছে মাটিতে। তার একটা হাত রাগীবের পায়ের নীচে চাপা পড়েছে।
লোকটা পালানোর চেষ্টা করছিল। রাগীব আর লিয়ানাকে এগিয়ে আসতে দেখে অন্ধকারের মধ্যে দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেছিল সে। কিন্তু তাড়াহুড়োয় সামনে উঁচু হয়ে থাকা একটা গাছের গুঁড়িতে সজোরে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছে।
“অ্যাই! কে তুই? উঠে দাঁড়া!” রাগীবের গলায় তখন কঠোর হুঁশিয়ারি।
কিন্তু লোকটা নড়ল না।
“কী ব্যাপার?” লিয়ানা এগিয়ে এল।
রাগীব লোকটার হাত ছেড়ে দিয়ে সতর্কভাবে তার পাশে দাঁড়াল। লিয়ানা হাঁটু গেড়ে বসে লোকটার কাঁধ ধরে তাকে উল্টে দিল।
টর্চের আলো সরাসরি পড়ল লোকটার মুখে।
দৃশ্যটা দেখে দুজনেই চমকে উঠল! পরনে ছেঁড়া, ময়লা পোশাক। মাথার চুল এলোমেলো, যেন বহুদিন চিরুনি পড়েনি। গালে অল্প অল্প নোংরা গোঁফ-দাড়ি। মুখে আর শরীরে জমে রয়েছে ময়লার আস্তরণ। দেখলে মনে হবে, কোনও ভবঘুরে কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষ।
কিন্তু এখন তার চোখ দুটো বন্ধ। মাথার সামনের দিকে আঘাত লেগেছে। কপাল ফেটে রক্ত বেরিয়ে এসে মুখের একপাশ বেয়ে গড়িয়ে পড়ছে।
“লোকটা অজ্ঞান হয়ে গিয়েছে!” লিয়ানা বলল।
রাগীব ঝুঁকে লোকটার শ্বাস পরীক্ষা করল। শ্বাস চলছে।
“বেঁচে আছে।”
কথাটা বলেই সে লোকটার হাতের দিকে তাকাল। আর পরক্ষণেই তার মুখের ভাব বদলে গেল! লোকটার ডান হাতের মুঠোয় শক্ত করে ধরা রয়েছে একটা ছোট যন্ত্র। রাগীব এক ঝলক দেখেই চিনতে পারল জিনিসটা।
একটা রিমোট কন্ট্রোল! “লিয়ানা! দেখ!”
লিয়ানা রিমোটটার দিকে তাকাতেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল।
“রিমোট! তা হলে...!”
রাগীবের মুখে কোনও কথা নেই। সে একবার অজ্ঞান লোকটার দিকে তাকাল, তারপর দূরে বিস্ফোরণে বিধ্বস্ত মেটাডরটার দিকে। মুহূর্তের মধ্যে যেন গোটা ঘটনাটা তার সামনে পরিষ্কার হয়ে উঠল।
“এবার বুঝতে পারছি!” রাগীব চাপা গলায় বলল।
“কী বুঝতে পারছ?”
“মেটাডরটা ওরা ইচ্ছা করেই এখানে ফেলে রেখে গিয়েছিল। গাড়ির মধ্যে বিস্ফোরক রাখা ছিল। আর এই লোকটা...” সে অজ্ঞান মানুষটার দিকে আঙুল দেখাল, “...পাগলের ছদ্মবেশে এখানে লুকিয়ে ছিল। রেমসাঙ্গা একেই তখন দেখেছিল!"
লিয়ানা বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল।
রাগীব এবার আরও দৃঢ় স্বরে বলল, “ওদের পরিকল্পনাটা ছিল খুব পরিষ্কার। পুলিশ যখন পরিত্যক্ত মেটাডরটা পরীক্ষা করতে আসবে, তখন এই লোকটা দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটাবে। গাড়ির সঙ্গে সঙ্গে আশপাশে থাকা পুলিশকর্মীরাও বিস্ফোরণের শিকার হবেন।"
এক মুহূর্ত থামল রাগীব।
তার চোখে তখন তীব্র ক্ষোভ, “কিন্তু ওরা একটা কথা ভাবেনি। বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে আমরা গাড়ির কাছে নয়, জঙ্গলের মধ্যে ছিলাম। আর বিস্ফোরণের পর এই লোকটা পালাতে গিয়ে আমাদের হাতে ধরা পড়ে গেল!”
লিয়ানা রিমোটটার দিকে তাকিয়ে বলল, “তা হলে পুলিশকে মারার জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল?”
“আমার তাই মনে হচ্ছে। তবে লোকটার জ্ঞান ফিরলে ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওর মুখ থেকেই জানতে হবে, কারা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে!”
কথাগুলো বলেই রাগীব লোকটার পাশে হাঁটু গেড়ে বসল। তারপর ওর হাত থেকে রিমোটটা নিয়ে নিজের কাছে রাখল!
তারপর লিয়ানার দিকে ফিরে বলল, “চাকমা সাহেবকে খবর দিতে হবে। এখনই!”
লিয়ানা উঠে দাঁড়াতে যাচ্ছিল, ঠিক তখনই অজ্ঞান লোকটার শরীরটা সামান্য কেঁপে উঠল।
দুজনেই চমকে লোকটার দিকে তাকাল।
লোকটার ঠোঁট দুটো অস্পষ্টভাবে নড়ছে! রাগীব ঝুঁকে পড়ল। তারপর প্রায় ফিসফিস করে বলল, “জ্ঞান ফিরেছে!”
পরক্ষণেই লোকটার মুখের সামনে মুখ নিয়ে গর্জে উঠল, “অ্যাই! কে তুই? পালাচ্ছিলি কেন?”
লোকটা ছোট ছোট চোখ দুটো পিটপিট করে তাকাল। টর্চের তীব্র আলোয় চোখ মেলে তাকাতে পারছে না। ঠোঁট দুটো বারবার নাড়ছে, কিন্তু মুখ দিয়ে স্পষ্ট কোনও শব্দ বেরোচ্ছে না।
“কী বলছিস?” রাগীব আবার ধমকে উঠল।
লোকটা এবার ক্ষীণ স্বরে বলল, “ইয়ে... ইয়ে...!”
রাগীব বিরক্ত হয়ে বলল, “কী ইয়ে ইয়ে করছিস রে?”
লিয়ানা এতক্ষণ লোকটার মুখের দিকে তাকিয়ে ছিল। হঠাৎ সে বলে উঠল, “এক মিনিট! লোকটা জল চাইছে!”
“জল চাইছে মানে?”
“বার্মিজ ভাষায় ‘ইয়ে’ মানে জল। এই লোকটাও বার্মিজ।”
রাগীবের মুখে বাঁকা হাসি ফুটে উঠল।
“ও! তা হলে এ-ও একজন ব্রহ্মপুঙ্গব! তা জলই যখন চাইছিস, আমাদের সঙ্গে চল। জল পাবি, আর আমাদের সব প্রশ্নের উত্তরও দিবি!"
কথাটা শেষ হতে না হতেই লোকটার চোখেমুখে যেন একটা পরিবর্তন দেখা গেল। মুহূর্ত আগেও যে লোকটা প্রায় নেতিয়ে পড়েছিল, সে হঠাৎ শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে ঝটকা মেরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল! তারপরই এক লাফে পালানোর চেষ্টা!
কিন্তু রাগীব প্রস্তুত ছিল। সে লোকটার একটা হাত চেপে ধরল। অন্যদিকে লিয়ানাও তার বাহু শক্ত করে ধরে ফেলল, “কী রে! আবার পালানোর চেষ্টা হচ্ছে?” রাগীব দাঁত চেপে বলল।
লিয়ানা এবার বার্মিজ ভাষায় কঠোর স্বরে বলে উঠল, “পালানোর চেষ্টা করবে না! আমাদের সঙ্গে চলো!”
লোকটা হাত ছাড়ানোর জন্য ছটফট করতে লাগল। কিন্তু দুজনের সঙ্গে পেরে উঠল না। বাধ্য হয়ে তাকে উঠে দাঁড়াতে হল।
দু'দিক থেকে শক্ত করে ধরে রাগীব আর লিয়ানা তাকে নিয়ে এগিয়ে চলল বিস্ফোরণস্থলের দিকে। টর্চের আলোয় লোকটার মুখটা এবার স্পষ্ট দেখা যাচ্ছিল। কপালের ক্ষত থেকে রক্ত গড়িয়ে শুকিয়ে এসেছে। চোখে আতঙ্ক, মুখে অসহায় ভাব। অথচ কিছুক্ষণ আগেও এই লোকটাই রিমোট কন্ট্রোল হাতে নিয়ে মৃত্যুফাঁদ পেতে বসেছিল!
চাকমা সাহেব তখন আহত পুলিশকর্মীদের নিয়ে ব্যস্ত। রাগীবকে লোকটাকে ধরে নিয়ে আসতে দেখে তিনি ঘুরে দাঁড়ালেন, “স্যার! এই যে আপনার আসামি!”
রাগীব লোকটাকে তাঁর সামনে দাঁড় করিয়ে দিল। তারপর রিমোট কন্ট্রোলটা চাকমা সাহেবের হাতে তুলে দিয়ে বলল, “এটা ওর হাতেই ছিল!"
চাকমা সাহেব রিমোটটার দিকে একবার তাকালেন। তারপর ধীরে ধীরে চোখ তুললেন লোকটার মুখের দিকে।
তাঁর দৃষ্টিতে তখন কঠোরতা, “হুঁ! বেশ!”
তিনি পাশের পুলিশকর্মীদের নির্দেশ দিলেন, “লোকটাকে হেফাজতে নিন। তবে সাবধানে। মাথায় চোট লেগেছে। আপাতত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পরে জিজ্ঞাসাবাদ করা হবে। আর রিমোটটা ফরেনসিক পরীক্ষার জন্য সুরক্ষিত রাখতে হবে।”
পুলিশকর্মীরা লোকটাকে ঘিরে ফেললেন। লোকটা একবার চাকমা সাহেবের দিকে, একবার রাগীবের দিকে তাকাল। তার ছোট ছোট চোখ দুটোর মধ্যে তখন এমন একটা জিঘাংসা ভরা দৃষ্টি! যেন চোখ দিয়ে সবাইকে ভস্ম করে দেবে!"
চাকমা সাহেবও আর সময় নষ্ট করলেন না। সামনে তখন আরও জরুরি কাজ—আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছনো।
কিছুক্ষণ পর রাতের নিস্তব্ধতা ভেঙে ছুটে এল তিনটে অ্যাম্বুল্যান্স। সাইরেনের তীক্ষ্ণ শব্দ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনিত হতে লাগল।
পুলিশকর্মীরা তৎপর হয়ে উঠলেন। রক্তাক্ত রথীনসহ বাকি আহতদের সাবধানে একে একে অ্যাম্বুল্যান্সে তোলা হল। রেমসাঙ্গা আর বিয়াকা যথাসাধ্য সাহায্য করল। চাকমা সাহেবের নির্দেশে জোরামথারা এবং মেলবুক আউটপোস্টের কয়েকজন পুলিশকর্মী ঘটনাস্থলে থেকে গেলেন। বিস্ফোরণস্থল ঘিরে রাখা, ধ্বংসাবশেষের নিরাপত্তা এবং ফরেনসিক দল আসার আগে প্রমাণের সুরক্ষা—সবকিছুর দায়িত্ব তাঁদের ওপর দেওয়া হল।
বাকি পুলিশকর্মীরা, রাগীব, বিয়াকা ও লিয়ানা রওনা দিল চামফাই জেলা হাসপাতালের উদ্দেশে।
রাতের পাহাড়ি রাস্তা। দু'পাশে ঘন অরণ্য। অ্যাম্বুল্যান্সের সাইরেনের শব্দ যেন অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে। জানলার বাইরে তাকিয়ে রাগীবের বারবার মনে পড়ছিল মেটাডরের সেই ভয়াবহ বিস্ফোরণ, রক্তাক্ত রথীনের মুখ আর রিমোট কন্ট্রোল হাতে ধরা ছদ্মবেশী লোকটার কথা।
অবশেষে চামফাই জেলা হাসপাতালে পৌঁছল তারা।
অ্যাম্বুল্যান্সের দরজা খোলার সঙ্গে সঙ্গেই হাসপাতালের কর্মীরা স্ট্রেচার নিয়ে ছুটে এলেন। আহতদের দ্রুত জরুরি বিভাগে নিয়ে যাওয়া হল। চিকিৎসক ও নার্সদের ব্যস্ততা মুহূর্তের মধ্যে বেড়ে গেল।
চাকমা সাহেব চিকিৎসকদের সঙ্গে কথা বলতে এগিয়ে গেলেন। বিয়াকা আর লিয়ানা আহতদের খোঁজ নিতে ব্যস্ত হয়ে পড়ল।
আর রাগীব?
হাসপাতালের ভিতরে পা রাখতেই সে হঠাৎ থমকে দাঁড়াল!
চোখের সামনে যা দেখল, তা যেন বিশ্বাস করতে পারছে না!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন