মুরলেনের বাঁশী পচিশতম পর্ব

গাড়ি থেকে নেমেই দেখা গেল মেলবুক আউটপোস্টের পুলিশ ইতিমধ্যেই গোটা জায়গাটা ঘিরে ফেলেছে। সার্চলাইটের তীব্র সাদা আলো অন্ধকারের বুক চিরে ছড়িয়ে পড়েছে বহুদূর পর্যন্ত। ঘন গাছপালার ছায়া মাটির ওপর লম্বা হয়ে পড়ে আছে। কোথাও আলোর ঝলকানিতে উন্মোচিত হচ্ছে পাথুরে জমি, কোথাও আবার গাছের আড়ালে জমাট বেঁধে রয়েছে এমন অন্ধকার, যেন সেখানে আলোও প্রবেশ করতে ভয় পায়।

গাড়ি থেকে নামতেই ইন্সপেক্টর চাকমাকে স্যালুট জানালেন মেলবুক আউটপোস্টের অফিসার ইন-চার্জ।

চাকমা সাহেব স্যালুটের জবাব দিয়ে সোজা প্রশ্ন করলেন, “কিছু পেয়েছেন?”

“না স্যার। মেটাডরটাকে ঘিরে চারদিকে ব্যারিকেড করে দিয়েছি। আশপাশের মাটি, ঝোপঝাড়, জঙ্গলের ধার—সব তন্নতন্ন করে খুঁজেছি। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তবে গাড়িটায় আমরা কেউ হাত দিইনি। বাইরে থেকে দেখে অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না।”

চাকমা সাহেব একবার মেটাডরটার দিকে তাকালেন। তারপর ধীর গলায় বললেন, “গাড়িটা এখানে ফেলে রেখে গেল কেন? আর যারা ছিল, তারা গেল কোথায়?”

কথা দুটো যেন রাতের নিস্তব্ধতার মধ্যে আরও ভারী হয়ে ঝুলে রইল, “এই দুটো প্রশ্নের উত্তরই এখন আমাদের দরকার,” বললেন তিনি। “গাড়িটা এখানে পড়ে আছে, অথচ গাড়ির লোকজন উধাও! ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়।”

এরপর তিনি একে একে রাগীব, ঋষভ, বিয়াকা ও লিয়ানার সঙ্গে অফিসার-ইন-চার্জের পরিচয় করিয়ে দিলেন।

অফিসারটির নাম জোরামথারা। বয়স পঞ্চাশের কাছাকাছি। গোলগাল চেহারা, ভারী শরীর। মুখের গড়নে একটা কড়া মেজাজের ছাপ। তিনি রাগীবদের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। কিন্তু তাঁর চোখেমুখের অভিব্যক্তি দেখে রাগীবের বুঝতে অসুবিধা হল না, এই মুহূর্তে তাঁদের উপস্থিতি তিনি খুব একটা পছন্দ করছেন না।

মনে মনে হয়তো ভাবছেন—মুরলেনের জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে যাওয়ার কী দরকার ছিল! এখন একজনকে অপহরণ করা হয়েছে, আর তার জের সামলাতে রাতবিরেতে গোটা পুলিশবাহিনীকে ছুটতে হচ্ছে!

অবশ্য মুখে কিছু বললেন না। 

চাকমা সাহেব এবার মেটাডরটার দিকে তাকিয়ে বললেন, “আপনারা গাড়িটা পরীক্ষা করেননি কেন? প্রাথমিক তল্লাশিটা তো করতেই পারতেন।”

জোরামথারা একটু অপ্রস্তুত হয়ে বললেন, “ভেবেছিলাম, আপনি এসে নির্দেশ দিলে—”

“ঠিক আছে। এখন আর সময় নষ্ট করা যাবে না।” চাকমা সাহেবের গলায় এবার কঠোর নির্দেশের সুর। “গাড়িটা খুব সাবধানে পরীক্ষা করুন। বাইরে থেকে দেখে কোনও সিদ্ধান্তে আসবেন না। দরজা, জানালা, সিটের নীচে, গাড়ির পিছনের অংশ—সব খুঁটিয়ে দেখবেন। আর রথীন!”

ডাক শুনে রথীন এগিয়ে এলেন, "ইয়েস স্যার!" 

“তুমি পুরো তল্লাশির কাজটা মনিটর করবে।"

মুহূর্তের মধ্যে গোটা এলাকায় পুলিশি তৎপরতা শুরু হয়ে গেল। কেউ টর্চ নিয়ে গাড়ির চারপাশ পরীক্ষা করছে, কেউ রাস্তার ধারের ঝোপে আলো ফেলছে, কেউ আবার মাটিতে কোনও পায়ের ছাপ আছে কি না, তা খুঁটিয়ে দেখছে।

কিন্তু চারপাশের অন্ধকার যেন কিছুতেই তার গোপন কথা প্রকাশ করতে চাইছে না।

চাকমা সাহেব একটা পুলিশের গাড়ির গায়ে হেলান দিয়ে সিগারেট ধরালেন। ধোঁয়ার সরু রেখাটা রাতের বাতাসে মিলিয়ে গেল। পাশে এসে দাঁড়ালেন জোরামথারা।

ঠিক সেই সময় রাগীব রেমসাঙ্গাকে নিয়ে চাকমা সাহেবের সামনে গেল, “স্যার, ওর কাছে কিছু তথ্য আছে। আমার মনে হয়, তদন্তে সেগুলো কাজে লাগতে পারে।”

চাকমা সাহেব সিগারেটটা নামিয়ে রেমসাঙ্গার দিকে তাকালেন। চোখে প্রশ্ন।

কিন্তু তাঁর আগে জোরামথারাই বলে উঠলেন, “আরে, রেমসাঙ্গা! তুই আবার এখানে কী করতে এলি?”

তাঁর গলায় বিরক্তি স্পষ্ট।

চাকমা সাহেব ভ্রু কুঁচকে বললেন, “ছেলেটি কে?”

জোরামথারা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “রেমসাঙ্গা। এখানকার YMA ইউনিটের সেক্রেটারি। ছেলেটা খুব কথা বলে, স্যার। সব ব্যাপারেই ওর কিছু না কিছু মতামত থাকবেই। সবাইকে উপদেশ দেওয়াটা ওর স্বভাব।”

তারপর রেমসাঙ্গার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বললেন, “কী রে ছোকরা, এখানে আবার কী উপদেশ দিতে এলি? পুলিশকে তদন্ত শেখাবি নাকি?”

রেমসাঙ্গা মুখ খুলতে যাচ্ছিল। তার আগেই রাগীব বলে উঠল, “ও উপদেশ দিতে আসেনি, স্যার। ও এই গাড়ির সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে এসেছে।”

রাগীবের গলায় এমন দৃঢ়তা ছিল যে জোরামথারার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল।

চাকমা সাহেব এবার সোজা হয়ে দাঁড়ালেন। সিগারেটটা আঙুলের ফাঁকে ধরে বললেন, “বেশ। বলো রেমসাঙ্গা, কী জানো তুমি?”

রেমসাঙ্গা একবার রাগীবের দিকে তাকাল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল। যারা এই গাড়িটা চালাচ্ছিল তারা বার্মিজ থেকে শুরু করে বিকেলবেলায় এইখানে এক পাগলকে ঘোরাঘুরি করতে দেখা, তার অসলগ্ন কথাবার্তা আর হঠাৎ করেই অন্ধকারের মধ্যে মিলিয়ে যাওয়ার ঘটনা—সব খুলে বলল সে। বিশেষ করে লোকটার চোখের দৃষ্টির কথা বলতে গিয়ে তার গলা আরও দৃঢ় হয়ে উঠল।

সব শুনে চাকমা সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল।

কিন্তু জোরামথারা হঠাৎ ফ্যাচফ্যাচ করে হেসে উঠলেন। বিদ্রূপের স্বরে বললেন, “বাঃ! বাহ্! তা হলে তুই চোখ দেখেই বুঝে গিয়েছিলি লোকটা পাগল নয়, পাগলের অভিনয় করছে?” 

রেমসাঙ্গা কিন্তু একটুও বিচলিত হল না। বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল আত্মবিশ্বাসী হাসি, “হ্যাঁ, স্যার। আমার সন্দেহ হয়েছিল।”

“সন্দেহ হয়েছিল কেন?” চাকমা সাহেব এবার প্রশ্ন করলেন।

“একটা কারণ নয়, স্যার। লোকটার আচরণে কয়েকটা অসংগতি ছিল। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছিল ওর দৃষ্টি। আমি বইয়ে এ বিষয়ে পড়েছি, ইউটিউবেও কিছু ভিডিও দেখেছি। কিন্তু শুধু চোখ দেখেই কাউকে পাগল বা সুস্থ বলে দেওয়া যায় না—আমি সেটা জানি। লোকটার বাকি আচরণের সঙ্গেও চোখের দৃষ্টি মিলছিল না। মনে হয়েছিল, ও আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে।”

জোরামথারা আবার কিছু বলতে যাচ্ছিলেন।

কিন্তু চাকমা সাহেব হাত তুলে তাঁকে থামিয়ে দিলেন, “এক মিনিট, জোরামথারা!”

তারপর রেমসাঙ্গার দিকে ফিরে বললেন, “তোমার পর্যবেক্ষণ ঠিক কি না, সেটা পরে দেখা যাবে। কিন্তু লোকটা কোথায় গিয়ে অদৃশ্য হয়েছিল, সেই জায়গাটা তুমি আমাদের দেখাতে পারবে?”

“পারব, স্যার।”

“তা হলে চলো।”

চাকমা সাহেব পাশের এক কনস্টেবলের হাত থেকে পাঁচ সেলের ভারী টর্চটা নিয়ে জ্বালালেন। তীব্র আলোর শলাকাটা অন্ধকার চিরে সামনের ঝোপঝাড়ের ওপর গিয়ে পড়ল।

“জোরামথারা, আপনিও আসুন।" 

রেমসাঙ্গা পথ দেখিয়ে এগিয়ে চলল। তার পিছনে চাকমা সাহেব ও জোরামথারা। রাগীব, বিয়াকা আর লিয়ানাও তাঁদের সঙ্গে যোগ দিল।

মেটাডরের পাশের পাকা রাস্তা ছেড়ে কয়েক পা এগোতেই চারপাশের পরিবেশ বদলে গেল। রাস্তার আলোগুলো পিছনে পড়ে রইল। সামনে শুধু অন্ধকার, ঘন ঝোপঝাড় আর গাছের সারি।

টর্চের আলোয় কখনও দেখা যাচ্ছে ভেজা মাটি, কখনও শুকনো পাতার স্তূপ, কখনও আবার অদ্ভুত আকৃতির গাছের শিকড়। বাতাসে স্যাঁতসেঁতে মাটির গন্ধ।

রেমসাঙ্গা একটা জায়গায় এসে থামল।

“এইখানে, স্যার। লোকটাকে শেষবার এখানেই দেখেছিলাম।”

চাকমা সাহেব টর্চের আলো মাটির ওপর ফেললেন।

“তারপর?”

“তারপর লোকটা ওইদিকে এগিয়ে যায়।” রেমসাঙ্গা ডানদিকের ঘন ঝোপের দিকে আঙুল তুলল। “আমরা একটু দূর থেকে ওকে অনুসরণ করছিলাম। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল!”

“হাওয়ায় মিলিয়ে গেল মানে?” জোরামথারা বিরক্ত গলায় বললেন। “মানুষ কি হাওয়ায় মিলিয়ে যায় নাকি?”

রেমসাঙ্গা কোনও উত্তর দিল না।

চাকমা সাহেব এবার ঝোপের দিকে এগিয়ে গেলেন। টর্চের আলো একবার ডানে, একবার বাঁয়ে ঘুরতে লাগল। কয়েক পা এগিয়ে তিনি হঠাৎ থেমে গেলেন।

“এক মিনিট!”

তাঁর গলার স্বর শুনে বাকিরাও থমকে দাঁড়াল।

“কী হয়েছে, স্যার?” রাগীব জিজ্ঞেস করল।

চাকমা সাহেব উত্তর দিলেন না। তিনি নীচু হয়ে মাটির দিকে তাকিয়ে রইলেন। তারপর টর্চের আলোটা একটু সরাতেই ভেজা মাটির ওপর কয়েকটা অস্পষ্ট দাগ ফুটে উঠল।

দাগগুলো দেখে তিনি রথীনকে ডাকার জন্য পিছন ফিরতে যাচ্ছিলেন, ঠিক তখনই বিয়াকা ফিসফিস করে বলল, “স্যার, ওগুলো কি পায়ের ছাপ?”

কেউ কোনও উত্তর দিল না।

কারণ আলোটা আরও একটু এগিয়ে নিয়ে যেতেই দেখা গেল, পায়ের ছাপগুলো ঝোপের দিকে এগিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু একটা জায়গায় এসে হঠাৎ শেষ হয়ে গেছে।

তারপর আর কিছু নেই!

না কোনও স্পষ্ট পায়ের ছাপ, না ডালপালা ভাঙার চিহ্ন। যেন লোকটা মাটি ছেড়ে শূন্যে উঠে উধাও হয়ে গিয়েছে!

জোরামথারার মুখের হাসি ততক্ষণে উবে গেছে।

চাকমা সাহেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তাঁর চোখে এবার সতর্কতার ছাপ।

“কেউ এদিক-ওদিক যাবেন না। রথীনকে খবর দিতে হবে। এই জায়গাটা ঘিরে ফেলতে হবে।”

কথাগুলো বলেই তিনি আবার মাটির দিকে তাকালেন।

ঠিক তখনই—

ফি...ই...ই...উ...উ...!

অন্ধকার জঙ্গলের গভীর থেকে ভেসে এল সেই অদ্ভুত বাঁশির সুর!

সবাই একসঙ্গে চমকে উঠল।

রাগীবের বুকের ভিতরটা ধক করে উঠল। এই সুর তার অচেনা নয়! মুরলেন পাহাড়ের সেই রহস্যময় বাঁশির ডাক!

কিন্তু এ তো মুরলেনের জঙ্গল নয়! এ মেলবুক!

তা হলে কি বাঁশির সুর তাদের অনুসরণ করে এখানে চলে এসেছে?

নাকি—

অন্ধকারের আড়ালে কেউ তাদের জন্য অপেক্ষা করছে?

চাকমা সাহেবের হাতের টর্চটা মুহূর্তের জন্য কেঁপে উঠল। পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিয়ে বাঁশির শব্দের উৎসের দিকে আলো ফেললেন।

“কে ওখানে?” গর্জে উঠল তাঁর কণ্ঠস্বর।

কোনও উত্তর এল না।

শুধু কয়েক সেকেন্ড পর আবার সেই সুর—

ফি...ই...ই...উ...উ...!

এবার যেন আরও কাছে!

রেমসাঙ্গা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। লিয়ানা নিঃশব্দে রাগীবের দিকে তাকাল। বিয়াকা দাঁতে দাঁত চেপে অন্ধকারের দিকে তাকিয়ে রইল।

আর রাগীব?

তার চোখে তখন ভয় নয়—একটা তীব্র উপলব্ধির ঝলক।

সে ধীরে ধীরে বলল, “স্যার, আমার মনে হচ্ছে, এই দুটো ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে!”

চাকমা সাহেব মুখ ঘুরিয়ে তার দিকে তাকালেন।

“কী বলতে চাইছ, রাগীব?”

রাগীব উত্তর দেওয়ার আগেই জঙ্গলের ভিতর থেকে শুকনো ডাল ভাঙার শব্দ ভেসে এল।

মট্‌!

তারপর দ্রুত পায়ে কারও ছুটে যাওয়ার আওয়াজ!

“স্টপ! পুলিশ!” চিৎকার করে উঠলেন চাকমা সাহেব।

কিন্তু ততক্ষণে শব্দটা মিলিয়ে গেছে অন্ধকারের অতলে।

চাকমা সাহেব টর্চটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলেন। তাঁর মুখে আর কোনও সংশয় নেই। এবার তিনি বুঝতে পেরেছেন, ব্যাপারটা নিছক পরিত্যক্ত গাড়ি কিংবা অপহরণের মধ্যে সীমাবদ্ধ নয়।

মেলবুকের এই অন্ধকারে এমন কেউ রয়েছে, যে পুলিশের উপস্থিতি টের পেয়েও তাদের সঙ্গে এক অদ্ভুত লুকোচুরি খেলছে।

আর সেই খেলায় পরের চালটা কে দেবে, তা কেউ জানে না।

হঠাৎ—

বুম——ম——ম!!!

বিকট বিস্ফোরণের শব্দে যেন গোটা মেলবুকের পাহাড়ি জঙ্গল কেঁপে উঠল!

পরক্ষণেই অন্ধকার আকাশের বুক চিরে ঝলসে উঠল আগুনের তীব্র আভা! মেটাডরটার দিক থেকে ছিটকে উঠল আগুনের হলকা। মুহূর্তের জন্য চারপাশের গাছপালা, ঝোপঝাড়, পাহাড়ের গা—সবকিছু রক্তিম আলোয় ভেসে উঠল। তারপরই আবার গ্রাস করল অন্ধকার!

কয়েক মুহূর্তের জন্য গোটা এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হল। গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিরা আতঙ্কে ডানা ঝাপটাতে ঝাপটাতে আর্তনাদ করে উড়ে গেল। দূর পাহাড়ের দিক থেকে ভেসে এল শিয়ালের দীর্ঘ, বুক-কাঁপানো ডাক। পুলিশ বাহিনী এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করল। 

সবাই যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল!

তারপরই সম্বিত ফিরল চাকমা সাহেবের, "ব্লাস্ট হয়েছে! সবাই আমার সঙ্গে আসুন! তাড়াতাড়ি!”

চিৎকার করে উঠেই তিনি ছুটতে শুরু করলেন।

জোরামথারা, রাগীব, বিয়াকা, লিয়ানা—সকলেই তাঁর পিছনে প্রাণপণে ছুটল। টর্চের আলো কাঁপতে কাঁপতে ছুটে চলল অন্ধকারের বুক চিরে। পায়ের নীচে শুকনো ডালপালা মড়মড় করে ভাঙতে লাগল। দূর থেকে ভেসে আসছে পুলিশের ব্যস্ত চিৎকার, আর তারই মধ্যে বাতাসে ছড়িয়ে পড়েছে পোড়া ধাতু আর বারুদের ঝাঁঝালো গন্ধ!

রাগীবের বুকের ভিতরটা ধকধক করে উঠল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরলেনের বাঁশী উনবিংশ পর্ব

মুরলেনের বাঁশী তেইশতম পর্ব