মুরলেনের বাঁশী আঠাশতম পর্ব

 বিপ্লববাবুর কথায় ঋষভ দ্বিরুক্তি না করে একটা চেয়ার টেনে বসল। বিপ্লববাবু কোনও কথা না বলে কিছুক্ষণ শীতল দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইলেন। ঋষভের বুকটা কেঁপে কেঁপে উঠল। কী করতে চান এই লোকটা?

খানিকক্ষণ পর বিপ্লববাবু চিবিয়ে চিবিয়ে বললেন, “জানেন, মিস্টার ঋষভ? আমি নিজেকে খুব বুদ্ধিমান বলে ভাবতাম! কিন্তু ছোট ছোট কিছু ভুলের জন্য...!” কথাটা বলে একটু থামলেন তিনি। তারপর বললেন, “এর ফলে আমার আর আমার ব্যবসার বিরাট ক্ষতি হয়ে গেল! আর সেই ভুলটা হল আপনাকে দিয়ে!”

বিপ্লববাবু আবার থামলেন। কয়েক মুহূর্ত পর সেই শীতল, নিষ্ঠুর দৃষ্টিতে ঋষভের দিকে তাকিয়ে রইলেন।

ঋষভ কোনও উত্তর দিতে পারল না। ভয়, আতঙ্ক আর রাগে ওর মুখটা থমথমে হয়ে উঠেছে। চোয়াল শক্ত, মুখ আড়ষ্ট।

বিপ্লববাবু আবার বলা শুরু করলেন, “সেদিন ট্রেনে আমি আমার অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে ভুল করে হারবাল মেডিসিনের পরিবর্তে একটা বিশেষ মেডিসিনের কৌটো দিয়ে ফেলি! সেই মেডিসিনই আমার আসল ব্যবসা! যেটা আপনাকে নয়, অন্য একজন বিশেষ মানুষকে দেওয়ার কথা ছিল!”

একটু থেমে তিনি আবার বললেন, “ভুলটা যখন হয়েই গেছে, তখন সেটা শুধরে নেওয়ারও চেষ্টা করেছি। সেদিন রাতে আপনাদের হোটেলে গিয়ে কৌটো বদলে নিয়ে আসি! তখনও ভাবতে পারিনি যে, এরই মধ্যে আপনি আর আপনার প্রফেসর বন্ধু ব্যাপারটা ধরে ফেলেছেন! আসলে আপনারা শিল্পী মানুষ। আপনাদের মধ্যে ব্যবহারিক বুদ্ধি খুব একটা থাকে না! শিল্পীরা সাধারণত আপনভোলা হন। আপনাদের সম্পর্কে আমার এই ধারণাই হয়েছিল। সেই কারণেই আপনাদের আমি কিছুটা তাচ্ছিল্য করেছিলাম। এটাই ছিল আমার দ্বিতীয় ভুল! ভুলটা আমার একেবারেই করা উচিত হয়নি। কারণ, আপনারা যে ওই বিশেষ কৌটোটা খুলেছিলেন এবং তার অল্প কিছু উপাদানও বের করেছিলেন, সেটা আমি স্বপ্নেও ভাবিনি!”

এই পর্যন্ত বলে বিপ্লববাবু আবার থামলেন।

ঋষভ চুপ করে শুনতে লাগল। মনে মনে ভাবল, আমার বন্ধুর বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতার কাছে তোর এই বুদ্ধির অহংকার একেবারে চুপসে গেছে রে হতভাগা! কিন্তু মুখে কিছু বলল না।

“কিন্তু আপনারা সেই উপাদান টেস্ট করালেন, আমার পিছু নিয়ে বড়বাজারের সেই রেস্তোরাঁতেও পৌঁছে গেলেন! তখনই আমার মনে হল, আপনাদের খাটো করে দেখাটা আমার ভুল হয়েছে। আপনারা শিল্পী বটে, কিন্তু সজাগ!” 

“তখন মনে হল, আপনাদের আর বেশি দূর এগোতে দেওয়া উচিত নয়। আপনাদের খতম করে দেওয়া উচিত! কিন্তু পরক্ষণেই ভাবলাম, আপনাদের মতো বুদ্ধিমান দুজন যুবক যদি আমাদের এই বিশাল কারবারের সঙ্গে যুক্ত হন, তাহলে ব্যবসার পক্ষে তা অত্যন্ত লাভজনক হবে! এই নিয়ে কমিটির সঙ্গে কম তর্কবিতর্ক হয়নি। কমিটির অনেক সদস্যই আপনাদের মেরে ফেলার পক্ষে মত দিয়েছিল। এমনকী, এখনও অনেকে সেই মতেই অনড়। কিন্তু শেষ পর্যন্ত আমি তাদের বুঝিয়ে-সুঝিয়ে রাজি করাই!”

ঋষভ এবার মুখ খুলল। এতক্ষণ ধরে জমে থাকা ক্ষোভটা যেন কণ্ঠস্বরে ফুটে উঠল।

“তার মানে, সেই কারণেই আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসা হয়েছে? আপনারা চান, আমি আপনাদের নিষিদ্ধ মাদকের কারবারে যোগ দিই?”

“আপনি বুদ্ধিমান মানুষ, ঋষভবাবু! দেখছি, সহজেই ব্যাপারটা বুঝে গেছেন!” বিপ্লববাবুর ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। “ইচ্ছে ছিল, আপনার বন্ধুকেও কিডন্যাপ করব। কিন্তু মুরলেনের জঙ্গলে যেভাবে পুলিশ আমাদের লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক এনকাউন্টার শুরু করল, তাতে তাঁকে আর হাতের নাগালে পেলাম কই! বুঝেছি, তিনি আপনার চেয়েও বেশি বুদ্ধিমান। তাঁকে যদি আমাদের দলে আনতে পারি, তাহলে আমাদের লাভ আরও অনেক বেশি হবে!”

ঋষভ এবার বিপ্লববাবুর চোখের দিকে সরাসরি তাকাল, “আপনিও কম বুদ্ধিমান নন, বিপ্লববাবু! মুরলেন পাহাড়ের গভীর জঙ্গলে প্রাকৃতিকভাবেই বাঁশির মতো এক অদ্ভুত আওয়াজ সৃষ্টি হয়। সেই আওয়াজকে ঘিরে শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় মানুষের মধ্যে একটা লোকবিশ্বাস চলে আসছে। আর সেই বিশ্বাসকেই ঢাল করে আপনারা কৃত্রিমভাবে সেই আওয়াজ সৃষ্টি করছেন, যাতে মানুষ ওই দুর্গম পাহাড়-জঙ্গলের দিকে পা বাড়াতে ভয় পায়। সেই সুযোগে আড়ালে-আবডালে চালিয়ে যাচ্ছেন নিষিদ্ধ মাদকের এক বিশাল চোরাকারবার! বলতে বাধ্য হচ্ছি, এমন পরিকল্পনা কোনও সাধারণ মানুষের মাথা থেকে বেরোতে পারে না!”

ঋষভের কথা শুনে বিপ্লববাবু হেসে উঠলেন। সে হাসিতে আত্মতৃপ্তির ছাপ স্পষ্ট, “বাহ! দেখছি, আপনি প্রায় সবটাই বুঝে গেছেন!” তিনি সামান্য ঝুঁকে টেবিলের ওপর দুটো হাত রাখলেন। “আসলে, এ ধরনের কাজ করতে গেলে গোপনীয়তাই সবচেয়ে বড় অস্ত্র। আর গোপন কাজের জন্য মুরলেনের ওই দুর্ভেদ্য পাহাড়-জঙ্গলের চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে, বলুন? প্রকৃতি যেন নিজেই আমাদের কাজটা সহজ করে দিয়েছে! পাহাড়ের বুক থেকে বাঁশির মতো রহস্যময় আওয়াজ ভেসে আসে, আর সেই আওয়াজকে ঘিরে মানুষের মনে জন্ম নেয় ভয় আর কুসংস্কার। ধীরে ধীরে জায়গাটা সাধারণ মানুষের যাতায়াতের বাইরে চলে যায়। আর আমরা সেই সুযোগটাই কাজে লাগাই। বলুন তো, প্রকৃতি যখন নিজের অজান্তেই আমাদের এমন একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে, তখন আমরা তার সদ্ব্যবহার করব না?”

ঋষভ এবার একটু কঠিন স্বরে বলল, “কিন্তু বিপ্লববাবু, আপনি ভাবলেন কী করে যে আমাকে কিডন্যাপ করে, বন্দি করে, ভয় দেখিয়ে আপনাদের ওই জঘন্য নিষিদ্ধ মাদকের ব্যবসায় যুক্ত করবেন? আপনি বললেই আমি ইয়াবার মতো নিষিদ্ধ মাদক ছেলেমেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজে নেমে পড়ব? আমাকে কি এতটাই সহজ মনে হয় আপনার?”

ঋষভের কথায় বিপ্লববাবু বিন্দুমাত্র বিচলিত হলেন না। বরং তাঁর চোখ দুটো চকচক করে উঠল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। যেন এই প্রশ্নের উত্তর তাঁর কাছে আগে থেকেই তৈরি।

“একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ঋষভবাবু! কলকাতার বুকে তবলার টিউশনি করিয়ে মাসে কত টাকা রোজগার করেন আপনি? বিশ হাজার? পঁচিশ হাজার? বড়জোর তিরিশ হাজার! বলুন তো, আজকের দিনে এই টাকায় কি ভালোভাবে জীবন কাটানো যায়?”

একটু থেমে ঋষভের মুখের দিকে তাকালেন তিনি। তারপর কণ্ঠস্বরে আরও একটু মধুরতা মিশিয়ে বললেন, “এখন আপনার বয়স কম। সামনে গোটা জীবন পড়ে আছে। বিয়ে করবেন, সংসার করবেন, দায়িত্ব বাড়বে। তখন এই সামান্য রোজগারে সব সামলাবেন কী করে? তা ছাড়া, আপনারও তো একটা নিজস্ব জীবন আছে! নিজের মতো করে বাঁচতে, একটু বিলাসিতা করতে, জীবনের আনন্দ উপভোগ করতে কার না ইচ্ছে করে? অথচ অর্থের অভাবে কত সাধ-আহ্লাদই না বিসর্জন দিতে হয়!”

বিপ্লববাবু এবার চেয়ারে হেলান দিয়ে বসলেন। তাঁর চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট, “আমাদের সঙ্গে যুক্ত হলে একেক দিনেই লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন! ভাবুন তো, এই অল্প বয়সেই আপনার একটা বড় বাড়ি হবে, দামি গাড়ি হবে। যখন যেখানে ইচ্ছে ঘুরতে যেতে পারবেন। বছর বছর বিদেশ ভ্রমণ করবেন। দামি পোশাক, ভালো হোটেল, বিলাসবহুল জীবন—কোনও কিছুর জন্যই আর দ্বিতীয়বার ভাবতে হবে না। সারা জীবন শুধু তবলার টিউশনি করে আর কতটুকুই বা পাবেন? অথচ আমাদের সঙ্গে থাকলে রাতারাতি আপনার জীবনের ছবিটাই বদলে যাবে! বলুন তো, এমন জীবন উপভোগ করতে ইচ্ছে করে না?”

ঋষভের মুখে কোনও পরিবর্তন দেখা গেল না। বরং তার চোখের দৃষ্টি আরও কঠিন হয়ে উঠল। বিপ্লববাবুর চোখে চোখ রেখে সে দৃঢ় কণ্ঠে বলল, “না! পাপের টাকায় কখনও সত্যিকারের আনন্দ পাওয়া যায় না, বিপ্লববাবু!”

কথাটা বলে ঋষভ এক মুহূর্ত থামল। তারপর শান্ত অথচ প্রত্যয়দীপ্ত স্বরে বলল, “একজন মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, অন্যায় করে চিরকাল পার পেয়ে যাবে, এমনটা ভাবা তার বোকামি। নিজের বুদ্ধির ওপর অতিরিক্ত অহংকারই একদিন তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। আর সেই কথাটা তো আপনি নিজেই একটু আগে স্বীকার করে নিয়েছেন! ছোট ছোট ভুলের জন্যই আপনার এত বড় ক্ষতি হয়েছে, তাই না?”

ঋষভের ঠোঁটে এবার এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, “আমার বাবা একটা কথা বলেন—‘উৎপাতের ধন চিৎপাতে যায়!’ অন্যায় করে, মানুষের ক্ষতি করে যে সম্পদ অর্জন করা হয়, তা দিয়ে হয়তো সাময়িক বিলাসিতা করা যায়, কিন্তু সেই সম্পদ কোনও দিন প্রকৃত সুখ দিতে পারে না। বরং একদিন সেই সম্পদই মানুষের সর্বনাশ ডেকে আনে।”

এবার ঋষভের কণ্ঠস্বর আরও দৃঢ় হয়ে উঠল, “আমি তবলার টিউশনি করে যেটুকু রোজগার করি, তাতেই সন্তুষ্ট, বিপ্লববাবু। আমার চাহিদা সীমিত, আমার স্বপ্নগুলোও আমার সামর্থ্যের মধ্যেই গড়ে উঠেছে। সেই সামান্য রোজগারে হয়তো আপনার মতো বিলাসবহুল জীবন কাটাতে পারব না, কিন্তু অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারব। নিজের বিবেকের কাছে অপরাধী হতে হবে না। আর আমার কাছে সেটাই অনেক বড় প্রাপ্তি।”

একটু থেমে ঋষভ স্পষ্ট, দ্ব্যর্থহীন কণ্ঠে বলল, “আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট। আপনি আমাকে যত বড় বাড়ি, দামি গাড়ি কিংবা বিদেশ ভ্রমণের প্রলোভনই দেখান না কেন, আমি আপনার এই পাপের ব্যবসায় কোনও দিনও যুক্ত হব না! যে ব্যবসার মুনাফা মানুষের জীবন ধ্বংস করে, যে ব্যবসা কচি কচি ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়, সেই ব্যবসার সঙ্গে নিজেকে জড়ানোর চেয়ে সাধারণভাবে বেঁচে থাকাও আমার কাছে অনেক বেশি সম্মানের!”

ঋষভের চোখে তখনও ভয় ছিল, কিন্তু সেই ভয়ের আড়ালে তার আত্মমর্যাদা আর চারিত্রিক দৃঢ়তা ছিল অটুট। বিপ্লববাবুর চোখের দিকে তাকিয়ে সে দৃঢ় কণ্ঠে বলল, “আপনি আমার শরীরকে বন্দি করতে পারেন, বিপ্লববাবু। কিন্তু আমার বিবেককে নয়!”

ঋষভের কথা শুনে বিপ্লব চক্রবর্তী কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তাঁর মুখের অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই, মনের মধ্যে কী চলছে। কয়েক মুহূর্ত পর তিনি ধীরস্বরে প্রশ্ন করলেন, “আপনি তাহলে আমাদের এই কাজে যোগ দেবেন না?”

ঋষভ দৃঢ়ভাবে দুদিকে মাথা নাড়ল। “কখনও নয়! এবার আমাকে যেতে দিন!”

কথাটা শেষ করেই সে ঝট করে উঠে দাঁড়াল।

“কোথায় যাবেন, মিস্টার ঋষভ?” বিপ্লব চক্রবর্তীর কণ্ঠস্বরে এবার বরফশীতল নিষ্ঠুরতা। ঠোঁটের কোণে ফুটে উঠেছে বিদ্রূপের হাসি। “এখান থেকে আপনি বেরোতে পারবেন বলে ভেবেছেন? চারদিকে আমার লোকজন অস্ত্র হাতে পাহারা দিচ্ছে! একটা পা বাড়ানোরও উপায় নেই আপনার। আর একটা কথা মনে রাখবেন, ঋষভ—এটা ভারতবর্ষ নয়! এটা বার্মা! এখন যাকে বলে মায়ানমার!”

কথাটা শুনে ঋষভের বুকের ভিতরটা ধক করে উঠল। ঠিক কীসের প্রতিক্রিয়ায় তার এমন হল, তা সে নিজেও বুঝতে পারল না। এই মুহূর্তে সে যে মায়ানমারে রয়েছে, সেই সত্যিটা জানার মধ্যে কি এক অদ্ভুত রোমাঞ্চ আছে? নাকি বিপ্লব চক্রবর্তীর মতো এক ভয়ংকর অপরাধীর আস্তানায় বন্দি হয়ে থাকার আতঙ্কই তাকে ভিতরে ভিতরে কাঁপিয়ে দিচ্ছে? হয়তো দুটো অনুভূতিই একসঙ্গে আছড়ে পড়ল তার মনের মধ্যে।

“বসুন, মিস্টার ঋষভ! বসুন!”

এবার বিপ্লব চক্রবর্তীর কণ্ঠে আর কোনও অনুরোধের সুর নেই। স্পষ্ট আদেশ।

ঋষভ ধীরে ধীরে চেয়ারটায় বসে পড়ল। বিপ্লব চক্রবর্তী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, “আমার প্রস্তাবটা গ্রহণ না করে আপনি মোটেই বুদ্ধিমানের কাজ করলেন না! এত কিছুর পরেও আমি আপনাকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। আমাদের পিছনে লেগে, আমাদের ব্যবসার এত ক্ষতি করেও আপনি এখনও বেঁচে আছেন—এটা কি কম কথা? আমি চাইলেই অনেক আগেই আপনাকে সরিয়ে দিতে পারতাম! কিন্তু ভেবেছিলাম, আপনাকে আমাদের কাজে লাগানো যাবে। অথচ আপনি নিজেই সেই সুযোগ প্রত্যাখ্যান করলেন! এখন বলুন তো, এরপর যদি আপনার কোনও ক্ষতি হয়, তার জন্য কি আমাকেই দোষ দেবেন?”

ঋষভের মুখ কঠিন হয়ে উঠল। এতক্ষণ সে বিপ্লববাবুর কথা শুনছিল, কিন্তু এবার তার কণ্ঠেও বরফশীতল দৃঢ়তা ফুটে উঠল।

“আমাকে মেরে ফেললে আপনারা পার পেয়ে যাবেন বলে ভেবেছেন? ভুল করছেন, বিপ্লববাবু! আমার বন্ধু ঠিকই আপনাকে খুঁজে বের করবে। আর যেদিন আপনাকে খুঁজে পাবে, সেদিন আপনার এই সমস্ত অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে!”

ঋষভের কথা শেষ হতে না হতেই বিপ্লববাবু হো হো করে হেসে উঠলেন। তাঁর হাসিতে মিশে ছিল তাচ্ছিল্য আর আত্মবিশ্বাস “আগে খুঁজে বের করুক আমি ঠিক কোথায় আছি! তারপর না হয় শাস্তির কথা ভাবা যাবে!” 

ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল।

দরজা দিয়ে এক দীর্ঘদেহী, পাগড়ি পরা মধ্যবয়স্ক পাঞ্জাবি ভদ্রলোক প্রায় ঝড়ের বেগে ঘরে ঢুকলেন। তাঁর চোখেমুখে তীব্র রাগ। ঘরে ঢুকেই তিনি সোজা বিপ্লব চক্রবর্তীর দিকে এগিয়ে গেলেন। তারপর কোনও ভূমিকা না করেই তাঁর জামার কলারটা খামচে ধরে এক ঝটকায় টেনে তুলে গর্জে উঠলেন,

“ক্যা রে, বাঙালি! হাম লোগোঁ কে বিজনেস কো তুম ক্যা অ্যায়শি কা খেল সমঝতা হ্যায়? হ্যায়? এতনা বড়া ধান্ধা সব চৌপট হো গিয়া, অউর তুম...!”

লোকটার আকস্মিক আবির্ভাবে বিপ্লব চক্রবর্তীর মুখের সমস্ত ঔদ্ধত্য যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। চোখেমুখে ফুটে উঠল আতঙ্ক। তিনি ঢোক গিলে কোনওরকমে বললেন, “ক্যা হুয়া, কর্তার সিংজি?”

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরলেনের বাঁশী উনবিংশ পর্ব

মুরলেনের বাঁশী তেইশতম পর্ব