জয়পুর রহস্য

রূদ্রেশ বলল, “রাগীবদা, আমাদের দেশের বাড়ি নয়নপুর গ্রামে প্রতিবছর বড়দিনের সময় একটা বইমেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের সবাই মিলে বেশ বড় করেই এই আয়োজন করে। আমার দাদু, অর্ধেন্দুশেখর রায়, এই বইমেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা। তোমার কথা তিনি অনেক শুনেছেন। তাঁর খুব ইচ্ছে এবছরের বইমেলায় তুমি আর ঋষভদা আমাদের গ্রামে এসো! তোমরা দুজনে মিলে সাংস্কৃতিক মঞ্চে একটা সুন্দর অনুষ্ঠান করবে। আমার দাদু আর বাবা তোমাকে ফোন করবেন। তবে আমি আগে থেকেই বলে রাখছি দাদা, তোমাদের কিন্তু আসতেই হবে! কোনও অজুহাত শুনব না!”

রূদ্রেশের গলায় ছিল আন্তরিক আমন্ত্রণের সঙ্গে একরাশ আবদার। কথাগুলো বলতে বলতে তার চোখেমুখে যে উচ্ছ্বাস ফুটে উঠেছিল, রাগীব সেটা লক্ষ্য করছিল। 

রূদ্রেশ রায় রাগীবের ছাত্রছাত্রীদের মধ্যে অন্যতম প্রিয়। আশুতোষ কলেজের এম.এ. প্রথম বর্ষের ছাত্র। বয়স একুশ, কিন্তু তার মুখে এখনও ছেলেমানুষি সারল্যের ছাপ স্পষ্ট। ভবানীপুরের ফ্ল্যাটে বাবা-মায়ের সঙ্গে থাকলেও তাদের আদি বাড়ি বাঁকুড়ার নয়নপুর গ্রামে।

পড়াশোনার পাশাপাশি সঙ্গীতের প্রতি তার গভীর অনুরাগ। নিয়মিত রেওয়াজ করে, রাগীবের শেখানো প্রতিটি বিষয় মন দিয়ে আত্মস্থ করার চেষ্টা করে। রাগীব তার কাছে শুধু একজন সঙ্গীতশিক্ষক নয়, অনেকটা আদর্শ মানুষের মতো। তার চোখে রাগীব মানে শিক্ষা, শৃঙ্খলা আর নির্ভরতার এক উজ্জ্বল প্রতীক।

রূদ্রেশের বাবা সূর্যশেখর রায়ও রাগীবকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একজন উচ্চপদস্থ আধিকারিক হওয়ার পাশাপাশি তিনি একজন সঙ্গীতানুরাগী মানুষ। রাগীবের গানের গভীরতা এবং শেখানোর আন্তরিকতা তাঁকে মুগ্ধ করেছে। রূদ্রেশের মা-ও রাগীবকে অত্যন্ত স্নেহ করেন। সব মিলিয়ে রাগীবের সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্কটা নিছক শিক্ষক-ছাত্রের পরিবারের গণ্ডি পেরিয়ে অনেকটাই আপনজনের মতো।

রাগীব একটু ভেবে দেখল। এত আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে রূদ্রেশ। ওদের ভালোবাসা আর শ্রদ্ধার মর্যাদা দেওয়া উচিত। তাই মৃদু হেসে বলল, “বেশ, তোদের বইমেলায় যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলাম। তা তোদের এই নয়নপুর গ্রামটা কোথায়?" 

রূদ্রেশের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, “দাদা, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে আমাদের গ্রাম। জয়রামবাটি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে, বিষ্ণুপুরের দিকে। জয়পুরের জঙ্গলের কাছেই।”

“বাহ! তা হলে তো জায়গাটা বেশ সুন্দর। জয়পুরের জঙ্গলের কথা শুনেছি। কিন্তু নয়নপুর গ্রামটার কথা বিশেষ জানা নেই। কেমন গ্রাম তোদের?”

“আমাদের গ্রামটা কিন্তু বেশ পুরনো, রাগীবদা! শুধু পুরনো বললে অবশ্য কম বলা হয়। গ্রামের সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস, অনেক লোককথা। আমাদের গ্রামের কাছেই একটা বিশাল দিঘি আছে। সেই দিঘিকে ঘিরে একটা অদ্ভুত গল্প প্রচলিত রয়েছে।”

রাগীব আগ্রহী হয়ে তাকাল। “কী গল্প?”

“শোনা যায়, ধর্মমঙ্গল কাব্যের বিখ্যাত নায়ক লাউসেনের সঙ্গে নাকি ওই দিঘির একটা সম্পর্ক রয়েছে। অবশ্য গল্পটার ঐতিহাসিক সত্যতা কতটা, তা জানি না। তবে আমাদের গ্রামের বয়স্ক মানুষদের মুখে এই কাহিনি অনেকবার শুনেছি।”

“বেশ তো! লোককথার মধ্যেও অনেক সময় ইতিহাসের সূত্র লুকিয়ে থাকে। তা ছাড়া, ধর্মমঙ্গল কাব্যের লাউসেনের কাহিনির সঙ্গে যদি তোদের গ্রামের কোনও যোগসূত্র থাকে, তাহলে তো বিষয়টা বেশ আগ্রহের।”

রূদ্রেশ এবার আরও উৎসাহিত হয়ে বলল, “শুধু তাই নয় দাদা! আমাদের নয়নপুর একসময় বিষ্ণুপুরের মল্লরাজাদের অধীনস্থ একটা গ্রাম ছিল। আমাদের পরিবারেরও একটা পুরনো ইতিহাস আছে। আমার এক পূর্বপুরুষ নাকি মল্লরাজাদের রাজদরবারে কাজ করতেন। দাদুর কাছে এসব গল্প শুনেছি। আমাদের বাড়িতেও নাকি সেই সময়ের কিছু পুরনো জিনিসপত্র ছিল।”

“ছিল মানে? এখন নেই?”

“কিছু আছে কি না, তা ঠিক বলতে পারব না। দাদু হয়তো বলতে পারবেন। তবে গ্রামের আশপাশে এখনও অনেক পুরনো স্থাপত্য আর টেরাকোটার মন্দির দেখতে পাওয়া যায়। তার মধ্যে গোকুলচাঁদ মন্দিরের কথা তো বলতেই হবে। মন্দিরটা এত বিশাল যে প্রথমবার দেখলে অবাক হয়ে যেতে হয়। বিষ্ণুপুরের বিখ্যাত মন্দিরগুলোর সঙ্গেও তার তুলনা চলে!”

রাগীবের চোখেমুখে এবার সত্যিই কৌতূহল ফুটে উঠল।

“গোকুলচাঁদ মন্দির! নামটা শুনেছি বোধহয়। ওটা কি একটা পঞ্চরত্ন মন্দির?”

“হ্যাঁ দাদা! মন্দিরটা পঞ্চরত্ন স্থাপত্যশৈলীতে তৈরি। চারপাশে বেশ বড় চত্বর, আর মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার কাজ। দাদু বলেন, আমাদের এলাকার ইতিহাস জানার জন্য একবার এই মন্দিরটা ভালো করে দেখা দরকার।”

রাগীব হেসে বলল, “বুঝেছি! তোদের গ্রামে গিয়ে শুধু গানবাজনা করলেই হবে না, ইতিহাসের ক্লাসও করতে হবে!”

রূদ্রেশ হেসে উঠল। “তা তো বটেই! তবে তোমার মতো ইতিহাস ভালোবাসে এমন মানুষকে নিয়ে গেলে দাদু খুব খুশি হবেন। তুমি গেলে উনি নিজেই তোমাকে সব ঘুরিয়ে দেখাবেন। আর আমি তো আছিই!”

“বেশ, তা হলে তোদের নয়নপুর দেখার জন্য আমাকেও প্রস্তুতি নিতে হবে!”

রূদ্রেশের মুখে তখন তৃপ্তির হাসি। তার গ্রামের প্রতি ভালোবাসা আর গর্ব যেন কথায় কথায় প্রকাশ পাচ্ছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরলেনের বাঁশী উনবিংশ পর্ব

মুরলেনের বাঁশী তেইশতম পর্ব