মুরলেনের বাঁশী ত্রিংশ পর্ব
তারপর দাঁতে দাঁত চেপে, পাঞ্জাবি ভাষায় গর্জে উঠল সে, “কি হয়েছে? জানতে চাইছ, কি হয়েছে?”
বিপ্লবের মুখের একেবারে সামনে নিজের মুখটা এগিয়ে আনল কর্তার সিং। তার চোখে তখন এমন এক হিংস্র আক্রোশ, যেন সামান্য একটা অজুহাত পেলেই সামনের মানুষটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে।
“আজ তোমার একটা ভুলের জন্য আমাদের এত বড় নেটওয়ার্ক তছনছ হয়ে গেল! তোমার জন্য আইজলের ঘাঁটিতে রেড হল, মুরেলেনরের জঙ্গলের গোপন ডেরায় পুলিশ অপারেশন চালাল! আর তুমি এখনও জানতে চাইছ, কি হয়েছে? ন্যাকামি হচ্ছে?"
শেষ কথাটা প্রায় চিৎকার করে বলে বিপ্লবকে একটা ঝাঁকুনি দিল সে।
ঘরের মধ্যে হঠাৎ এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এল। মাত্র কয়েক মুহূর্ত! তারপর কর্তার সিং এবার বিপ্লবের কলারটা আরও শক্ত করে চেপে ধরে হিসহিসে গলায় বলল, “আমরা সবাই চেয়েছিলাম ওই দুই বাঙালি আর দুটো পাহাড়ি ছেলেগুলোকে খতম করে দিতে! কিন্তু না! তোমার বড় দরদ উথলে উঠল! তুমি বললে, ওরা খুব বুদ্ধিমান! ওদের খতম না করে—কিডন্যাপ করে নিয়ে আসা হোক! ওদের বুঝিয়ে, ভয় দেখিয়ে ওদের বুদ্ধি আমাদের নেটওয়ার্কের কাজে লাগানো হবে! কিন্তু কি হল?"
এক মুহূর্ত থামল সে। তারপর ঠোঁটের কোণে একটা বাঁকা, নিষ্ঠুর হাসি ফুটিয়ে তুলল, “কি হল তোমার সেই বুদ্ধির? হ্যাঁ? বলো!”
বিপ্লবের ঠোঁট কাঁপছিল। কিন্তু মুখ দিয়ে কোনও শব্দ বেরোল না, “একজন ছাড়া কাউকে ধরা গেল না! মেলবুকের জঙ্গলে খালি গাড়ির টোপ ফেলা হল, গাড়িতে বোমা রাখা হল, অথচ একটা কেউ মরল না! সব পরিকল্পনা ভেস্তে গেল! আমাদের সব খবর ওদের কাছে চলে গেল! আর এখন—!”
কর্তার সিং বিপ্লবের কলার ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে গেল। তার বুক ওঠানামা করছিল দ্রুত। চোখ দুটোতে তখনও দাউদাউ করে জ্বলছে ক্রোধের আগুন, “এখন ভারতের আসাম রাইফেলস আর মায়ানমারের বর্ডার গার্ডস যৌথভাবে আমাদের খুঁজছে! বুঝতে পারছ, তার মানে কি?”
সে বিপ্লবের দিকে ঝুঁকে পড়ে দাঁত কিড়মিড় করে বলল, “ওরা যদি এই ডেরার সন্ধান পেয়ে যায়, তাহলে আমাদের কারও পালানোর পথ থাকবে না! এবার কি করবে তুমি? এখানে বসে থাকবে? দরজায় ওদের বুটের শব্দ শোনার অপেক্ষা করবে? নাকি ওরা এসে তোমার গলায় দড়ি পরিয়ে নিয়ে যাবে?”
শেষ কথাটা বলেই সে এমন জোরে টেবিলের ওপর ঘুষি মারল যে টেবিলের ওপর রাখা একটা ধাতব পাত্র ঝনঝন করে মেঝেতে পড়ে গেল।
শব্দটা যেন ঋষভের বুকের ভেতরেও গিয়ে আঘাত করল। কিন্তু সেই মুহূর্তে তার মনের গভীরে অন্য একটা অনুভূতি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াল। আনন্দ। একটা অদ্ভুত, অবিশ্বাস্য আনন্দ।
যাক! তাহলে সার্চ অপারেশন শুরু হয়েছে! মনের মধ্যে কথাটা উচ্চারিত হতেই ঋষভের বুকের ভেতর যেন আশার একটা ক্ষীণ আলো জ্বলে উঠল। আসাম রাইফেলস আর মায়ানমার বর্ডার গার্ডস যৌথভাবে তল্লাশি চালাচ্ছে! তার মানে রাগীব নিশ্চয়ই ওদের আমার বিপদের কথা জানিয়েছে! এবার তাহলে ওরা আমাকে ঠিক উদ্ধার করে নিয়ে যাবে!
মুখে কোনও অভিব্যক্তি ফুটতে দিল না ঋষভ। চোখের দৃষ্টি যথাসম্ভব স্থির রেখে সে নিঃশব্দে তাকিয়ে রইল কর্তার সিং আর বিপ্লব চক্রবর্তীর দিকে।
এদিকে বিপ্লব চক্রবর্তীর মুখ থেকে সমস্ত রক্ত যেন কেউ শুষে নিয়েছে। চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত। কপালের দুপাশ বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সে একবার কর্তার সিং-এর দিকে, একবার দরজার দিকে তাকাল। যেন এই মুহূর্তেই বাইরে থেকে কেউ দরজা ভেঙে ঢুকে পড়বে!
অবশেষে শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে কাঁপা গলায় বলল, “তাহলে... তাহলে আর এক মুহূর্তও এখানে থাকা উচিত হবে না সিংজী! আমাদের এখনই এখান থেকে সরে পড়তে হবে!”
কর্তার সিং কয়েক সেকেন্ড তার দিকে স্থির চোখে তাকিয়ে রইল।
তারপর ঠান্ডা, কঠিন স্বরে বলল, “তাই করো! সব কিছু নিয়ে টেডিমের দিকে পালাও!"
কর্তার সিং এবার মুখ তুলে এইদিকে তাকাতেই ঋষভকে দেখতে পেল! তারপরই তার ঠোঁটের কোণ শক্ত হয়ে উঠল। চোখের মণিতে ফুটে উঠল এমন এক নিষ্ঠুর সংকল্প, যা দেখে ঋষভের বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল।
কর্তার সিং ধীরে ধীরে ঋষভের দিকে এগিয়ে এল। ঋষভ নিজের অজান্তেই শ্বাস আটকে ফেলল। তার মনে হল, ঘরের বাতাস ক্রমশ ভারী হয়ে আসছে। হাতের বাঁধনগুলো যেন আরও শক্ত হয়ে চেপে বসেছে।
কর্তার সিং ঋষভের সামনে এসে থামল। তারপর ঠোঁট সামান্য বাঁকিয়ে, এমন এক হিংস্র স্বরে বলল যে ও শিউরে উঠল, “এটাকে এখনও বাঁচিয়ে রেখেছ কেন?”
বিপ্লব চক্রবর্তী কোন উত্তর দিল না। কর্তার সিং-এর চোখ দুটো আরও সরু হয়ে এল, “একে শেষ করে দাও!”
আদেশটা এত আকস্মিক, এত নির্মম যে ঋষভের বুকের মধ্যে হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল।
শেষ করে দাও!
দুটো শব্দ বারবার প্রতিধ্বনিত হতে লাগল তার মনের মধ্যে।
তাহলে কি এতক্ষণ ধরে জ্বলে ওঠা আশার আলোটা এখানেই নিভে যাবে? বাইরে উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে, অথচ তাদের পৌঁছনোর আগেই কি সব শেষ হয়ে যাবে? ঋষভের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওর বুকের মধ্যে একটা অসহায় আর্তনাদ পাক খেয়ে উঠল। সে প্রাণপণে চিৎকার করতে চাইল। কাউকে ডাকতে চাইল। বলতে চাইল, সে মরতে চায় না! কিন্তু ঠোঁট দুটো কাঁপা ছাড়া আর কিছুই হল না। গলা শুকিয়ে কাঠ। জিভ যেন তালুতে আটকে গেছে। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা এমন বেপরোয়াভাবে ধাক্কা মারছে যে মনে হচ্ছে, এই বুঝি পাঁজর ভেঙে বেরিয়ে আসবে! সে বুঝতে পারল, মৃত্যুভয় মানুষকে শুধু কাঁদায় না, চিৎকারও করায় না—কখনও কখনও ভয় সমস্ত শব্দ কেড়ে নিয়ে মানুষকে নিজের মৃত্যুর সামনে নির্বাক করে দাঁড় করিয়ে দেয়।
কর্তার সিং অবশ্য তার দিকে আর তাকাল না। যেন ঋষভের জীবন-মৃত্যু তার কাছে একটা তুচ্ছ সিদ্ধান্ত মাত্র। সে হঠাৎ মাথা তুলে ঘরের অন্ধকার কোণের দিকে মুখ ফেরাল।
তারপর বজ্রনির্ঘোষে হাঁক দিল, “জাতাঙ্গা?”
নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস যেন আরও জমাট বেঁধে গেল। দরজা খুলে প্রবেশ করল জাতাঙ্গা! Lungmulai Road এর সেই হ্যান্দিক্র্যাফট শপে বিপ্লব চক্রবর্তীর সঙ্গে বিবাদ করতে থাকা জাতাঙ্গার এখন আরো হিংস্র রূপ! পাহাড়ি মুখে কঠিন পাথুরে নিষ্ঠুরতা!
সে একবার ঋষভের দিকে তাকাল। সেই দৃষ্টিতে কৌতূহল নেই, রাগও নেই—আছে নিছক নির্মম উদাসীনতা। যেন এই মানুষটাকে মেরে ফেলা তার কাছে নিতান্তই একটা দৈনন্দিন কাজ।
কর্তার সিং তার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, “খড়ে খড়ে মুখ কেয়া দেখ রহে হো? ইসকো লেকে যাও! খতম করকে লাশকো জঙ্গলমে ফেক দো! অউর কোই গলতি নেহি হোনি চাহিয়ে!”
জাতাঙ্গা মাথা ঝুঁকিয়ে সম্মতি জানাল। তারপর এক মুহূর্তও নষ্ট না করে ঋষভের দিকে এগিয়ে এল।
ঋষভের শরীরটা আপনা থেকেই শক্ত হয়ে গেল। সে বুঝতে পারছিল, এবার সত্যিই কিছু একটা করতে হবে। এখনই! আর এক মুহূর্ত দেরি করলেই হয়তো আর কোনও সুযোগ থাকবে না।
কিন্তু কী করবে সে? জাতাঙ্গা ঝুঁকে তার বাহু দুটো খপ করে চেপে ধরল।
“ছাড়ো! আমাকে ছাড়ো!” এতক্ষণে ঋষভের গলা দিয়ে একটা আর্ত চিৎকার বেরিয়ে এল। সে সমস্ত শক্তি দিয়ে শরীরটা মোচড় দিয়ে জাতাঙ্গার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু লোকটার লোহার মতো আঙুলগুলো তার বাহুতে এমনভাবে গেঁথে বসেছে যে যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে গেল।
“ছেড়ে দাও! তোমরা আমাকে এভাবে মেরে ফেলতে পারো না! আর মেরে ফেললেও তোমাদের এই ড্রাগসের ব্যবসা থাকবেনা! সব ধ্বংস হয়ে যাবে!” তার চিৎকার ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এল। কেউ একবারের জন্যও নড়ল না। কেউ তার দিকে এগিয়ে এল না। কর্তার সিং নির্বিকার মুখে অন্যদিকে তাকিয়ে রইল। বিপ্লব চক্রবর্তীর মুখেও সেই নিষ্ঠুর মুচকি হাসি!
জাতাঙ্গা এবার তার কাঁধে একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে তাকে টেনে তুলল। ঋষভের পা মেঝে থেকে প্রায় উঠে গেল। সে মরিয়া হয়ে পা দুটো মেঝেতে ঠেকিয়ে নিজেকে আটকে রাখার চেষ্টা করল। শরীরের সমস্ত পেশি শক্ত করে জাতাঙ্গার হাত ছাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ল।
কিন্তু তাতে লাভ হল না।
ছাব্বিশ বছরের নিয়মিত জিম করা শরীর, এই মুহূর্তে অর্থহীন হয়ে গেল জাতাঙ্গার পাহাড়ি শরীরের কাছে। পঞ্চাশ বছর বয়সেও লোকটার বাহুতে এমন দুর্ধর্ষ শক্তি যে ঋষভের সমস্ত প্রতিরোধকে সে অনায়াসে উপেক্ষা করতে সক্ষম!
জাতাঙ্গা তাকে টানতে টানতে দরজার দিকে নিয়ে চলল। ঋষভের জুতোর তলা মেঝের ওপর ঘষটে যাওয়ার কর্কশ শব্দ উঠতে লাগল। সে শেষবারের মতো মরিয়া হয়ে শরীরটা পিছনের দিকে ছুড়ে দিল। জাতাঙ্গার কবল থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত শক্তি দিয়ে ঝাঁকুনি দিল।
কিন্তু জাতাঙ্গা শুধু একবার ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাল। তারপর আরও শক্ত করে তার বাহু চেপে ধরল। যন্ত্রণায় ঋষভের মুখ দিয়ে চাপা গোঙানি বেরিয়ে এল।
ঘরের বাইরে করিডোরে অটোম্যাটিক গান হাতে কালো পোশাক পরা দুজন লোক দাড়িয়ে ছিল! জাতাঙ্গা ঋষভের শরীরটাকে তাদের দিকে ছুঁড়ে দিয়ে মিজো ভাষায় বলল, "“Hi chu phur taka luh rawh u, strong room-ah. Chumi hnu-ah thah la, ramhnuaiah paih rawh. Kal rawh! A vang hian ka sum tam tak a bo ta!” (এটাকে টানতে টানতে স্ট্রং রুমে নিয়ে যা! তারপর একে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে দে! চল! এটার জন্য আমার অনেক টাকা লোকসান হয়ে গেছে!)
জাতাঙ্গা করিডোর ধরে হনহন করে এগিয়ে চলল। তার পায়ের ভারী শব্দ নিস্তব্ধ করিডোরে প্রতিধ্বনিত হতে লাগল। পিছনে কালো পোশাক পরা লোক দুটো ঋষভকে দুদিক থেকে শক্ত করে ধরে তাকে অনুসরণ করছিল। দুজনের হাতেই অটোম্যাটিক গান। ঋষভের দুটো বাহু তাদের লোহার মতো শক্ত মুঠোয় বন্দি। সামান্য নড়াচড়া করারও উপায় নেই।
কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে মানুষ কি এত সহজে হার মানে?
হঠাৎ ঋষভ শরীরটা একটু নিচু করে ডান কনুই দিয়ে সজোরে আঘাত করল ডানদিকের লোকটার থুতনিতে।
“আঃ!” লোকটা আর্তনাদ করে মাথা পিছনে হেলিয়ে ফেলল। মুহূর্তের জন্য তার হাতের বাঁধন আলগা হয়ে যেতেই ঋষভ সজোরে নিজের ডান হাতটা ছাড়িয়ে নিল। তারপর একটুও সময় নষ্ট না করে অন্য লোকটার মুখ লক্ষ্য করে চালাল একটা প্রচণ্ড ঘুষি!
“উঃ!” আচমকা আঘাতে লোকটা টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল।
কিন্তু ঋষভের এই প্রতিরোধ স্থায়ী হল না। শব্দ শুনে জাতাঙ্গা বিদ্যুৎগতিতে ঘুরে দাঁড়াল। ঋষভ দ্বিতীয়বার আঘাত করার আগেই তার হাতটা খপ করে চেপে ধরল। পরমুহূর্তেই— ঠাস! ঠাস!
পরপর দুটো চড় এসে পড়ল ঋষভের গালে। আঘাতের তীব্রতায় তার মাথাটা একদিকে ঝাঁকুনি খেয়ে ঘুরে গেল। চোখের সামনে কয়েক মুহূর্তের জন্য অন্ধকার দেখে ফেলল সে। গালের ভেতরটা জ্বালা করে উঠল, মুখে লবণাক্ত রক্তের স্বাদ পেল।
জাতাঙ্গা তার মুখের একেবারে কাছে মুখ নিয়ে এসে দাঁত চেপে বলল, “Taksa nasa lutuk tawh em ni!”(গায়ের বড্ড জোর হয়ে গেছে, তাই না!)
তারপর ঋষভের হাতটা মুচড়ে ধরে সঙ্গের লোক দুটোর দিকে ঘুরে দাঁড়াল সে, “একটা বাঙালি বিচ্ছুকে সামলাতে পারছিস না? ভাত খাসনি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিস? বাঁধ এটাকে! এমনভাবে বাঁধবি, যেন আর হাত-পা নাড়ানোর ক্ষমতাটুকুও না থাকে! তারপর নিয়ে চল!”
জাতাঙ্গার ধমক খেয়ে লোক দুটো তড়িঘড়ি করে পকেট থেকে নাইলনের দড়ি বের করল। ঋষভ এবার আরেকবার ছটফট করে ওঠার চেষ্টা করল। কিন্তু জাতাঙ্গা তার কাঁধে এমন জোরে চাপ দিল যে সে প্রায় হাঁটু মুড়ে বসে পড়ল।
“ছাড়ো! বলছি ছাড়ো!”
ঋষভের প্রতিবাদ করিডোরের কাঠের শক্ত দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এল। কেউ তার কথায় কান দিল না। লোক দুটো তার হাত পিছমোড়া করে টেনে ধরল। তারপর শক্ত করে পেঁচিয়ে দিল নাইলনের দড়ি। এক পাক, দু-পাক, তিন পাক! প্রতিবার টান দেওয়ার সঙ্গে সঙ্গে দড়িটা আরও গভীরভাবে চেপে বসতে লাগল তার কবজিতে।
শেষে একটা শক্ত গিঁট দিয়ে বাঁধন আটকে দেওয়া হল।
ঋষভ হাত ছাড়ানোর চেষ্টা করল। পারল না। দড়ির বাঁধন এতটাই শক্ত যে সামান্য নড়াচড়া করলেই কবজিতে অসহ্য যন্ত্রণা হচ্ছে। সে বুঝতে পারল, এবার আর পালানোর চেষ্টা করে লাভ নেই। অন্তত এই মুহূর্তে নয়।
জাতাঙ্গা তার দিকে একবার ঘৃণাভরে তাকিয়ে বলল, “চল!”
তারপর তিনজন মিলে ঋষভকে টানতে টানতে এগিয়ে চলল করিডোরের শেষ প্রান্তের দিকে।
ঋষভের পা দুটো চলছিল ঠিকই, কিন্তু তার মনে হচ্ছিল, সে যেন নিজের ইচ্ছায় হাঁটছে না। অদৃশ্য কোনও শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায়, যেখান থেকে ফিরে আসার কোনও পথ নেই।তার বুকের মধ্যে তখন ভয়ংকর একটা লড়াই চলছে। এটাই কি তার জীবনের শেষ কয়েকটা মিনিট?
আসাম রাইফেলসের জওয়ানরা কি এখনও তল্লাশি চালাচ্ছেন? পুলিশ কি এই আস্তানার সন্ধান পেয়েছে? রাগীব, বিয়াকা, লিয়ানা—ওরা কি এখনও তাকে খুঁজে চলেছে? প্রশ্নগুলো একটার পর একটা মাথার মধ্যে ভিড় করে এল। অথচ কোনও প্রশ্নেরই উত্তর তার জানা নেই।
হয়তো উদ্ধারকারী দল খুব কাছেই পৌঁছে গেছে। হয়তো আর কয়েক মিনিটের অপেক্ষা। হয়তো এই মুহূর্তে রাগীব কোনও একটা দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে!
কিন্তু আবার মনে হল, এসবই কি নিছক সান্ত্বনা? নিজের মনকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি করা কয়েকটা মিথ্যে আশ্বাস?
যদি কেউ তাকে খুঁজেই না পায়? যদি এই বিশাল পাহাড়ি জঙ্গলের কোথাও তার দেহ পড়ে থাকে, আর দিনের পর দিন কেউ তার সন্ধান না পায়?
ঋষভের বুকটা মোচড় দিয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল তার বাবা-মায়ের মুখ। মায়ের স্নেহভরা চোখ দুটো, বাবার গম্ভীর অথচ নির্ভরতার হাসি। আর কি কোনও দিন তাঁদের কাছে ফিরে যেতে পারবে না সে?
তারপর মনে পড়ল রাগীবের কথা। বন্ধুটা কি জানতে পারবে, শেষ মুহূর্তে ঋষভের মনে তার কথাই ভেসে উঠেছিল? আর যখন ও জানতে পারবে যে ঋষভ আর নেই, তবে সে কি নিজেকে ক্ষমা করতে পারবে?
ঋষভ চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। চোখের কোণে জমে ওঠা জলটা সে প্রাণপণে আটকে রাখার চেষ্টা করল। সে মরতে চায় না। এখনও নয়। এভাবে তো নয়ই!
কিন্তু তার চারপাশে যে তিনজন মানুষ তাকে টেনে নিয়ে চলেছে, তাদের চোখেমুখে করুণার লেশমাত্র নেই। কিছুক্ষণ পর তারা একটা সিঁড়ির কাছে এসে দাঁড়াল। জাতাঙ্গা কোনও কথা না বলে ঋষভকে টান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামাতে শুরু করল। লোক দুটো দুদিক থেকে তাকে ধরে রেখেছে, ফলে সিঁড়ির প্রতিটি ধাপ নামার সময় তার পায়ের শব্দ অস্বাভাবিকভাবে জোরে কানে আসছে।
ঠক... ঠক... ঠক...
উপরের করিডোরের আলো ক্রমশ পিছনে পড়ে রইল। নিচে নামার সঙ্গে সঙ্গে চারপাশের অন্ধকার ঘন হয়ে আসতে লাগল। বাতাসে একটা স্যাঁতসেঁতে, বদ্ধ গন্ধ। কোথাও একটা যন্ত্রের একটানা গুনগুন শব্দ শোনা যাচ্ছে। তার সঙ্গে মিশে আছে এমন এক নিস্তব্ধতা, যা ঋষভের স্নায়ুর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে।
সিঁড়ির শেষ ধাপে পৌঁছে জাতাঙ্গা সোজাসুজি থাকা একটা দরজার দিকে এগিয়ে গেল।
ঋষভ প্রথমে অন্ধকারে দরজাটা ঠিকমতো দেখতে পেল না। তারপর একটু কাছে আসতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল।
দরজাটা বিশাল। ভারী লোহার তৈরি। পুরু ধাতব পাত দিয়ে বানানো, গায়ে মোটা মোটা লোহার কবজা আর শক্তপোক্ত তালা লাগানোর ব্যবস্থা। দেখতে অনেকটা কোনও ব্যাঙ্কের ভল্টের দরজার মতো।
এমন দরজা সাধারণ ঘরের জন্য তৈরি হয় না। এর পিছনে এমন কিছু লুকিয়ে রাখা হয়, যা বাইরের পৃথিবীর চোখ থেকে আড়াল করে রাখতে হয়।
ঋষভের গলা শুকিয়ে এল।
স্ট্রং রুম!
এই ঘরেই কি তার শেষ পরিণতি অপেক্ষা করছে?
জাতাঙ্গা যদি তাকে ভিতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দেয়, তবে বাইরে থেকে কেউ কি আর কখনও তাকে খুঁজে পাবে? এই মোটা লোহার দরজার ওপারে তার চিৎকার কি আদৌ কারও কানে পৌঁছবে?
সে দরজাটার দিকে তাকিয়ে রইল।
মনে হল, ওটা কোনও ঘরের দরজা নয়—নরকের প্রবেশদ্বার। একবার ভিতরে ঢুকলে হয়তো আর ফিরে আসা হবে না। কয়েক মিনিট পর এই দরজার ওপার থেকেই হয়তো বেরিয়ে আসবে তার নিথর দেহ। তারপর কোনও এক অন্ধকার রাতে তাকে ফেলে আসা হবে কোন গভীর জঙ্গলে, যেখানে হিংস্র জন্তু আর বিষধর সাপের রাজত্ব।
আর পৃথিবীর কাছে ঋষভ হয়ে যাবে এক নিখোঁজ মানুষ—যার শেষ পরিণতি কেউ কোনও দিন জানতে পারবে না।
জাতাঙ্গা তার বাহুতে আবার একটা ঝাঁকুনি দিল। ঋষভের চিন্তার সুতো ছিঁড়ে গেল। সে দরজার দিকে তাকিয়ে বুঝতে পারল, তার হাতে আর সময় নেই। দরজার ওপারে কী অপেক্ষা করছে, তা জানার আগেই তার সমস্ত শরীর শিউরে উঠল। মৃত্যু কি সত্যিই এত কাছে চলে এসেছে?
ভারী লোহার দরজাটা পেরিয়ে ভিতরে ঢুকতেই ঋষভের নাকে এসে লাগল একটা তীব্র রাসায়নিক গন্ধ। গন্ধটা এতটাই ঝাঁঝালো যে মুহূর্তের জন্য তার শ্বাস আটকে যাওয়ার উপক্রম হল। সে নাক কুঁচকে চারদিকে তাকাল।
ঘরটা বেশ বড়। দেওয়ালগুলো পুরু কংক্রিটের, উপরে সাদা আলো জ্বলছে। ঘরের একদিকে সারি সারি করে সাজানো অসংখ্য সাদা কৌটো। একটার উপর আরেকটা নয়, বরং নিখুঁতভাবে সারিবদ্ধ করে রাখা হয়েছে। প্রতিটি কৌটোর গায়ে সাঁটা গোলাপি রঙের লেবেল।
এই কৌটোগুলোর সূত্র ধরেই তো এত বড় রহস্যের জট খুলতে শুরু করেছিল! বাইরে থেকে দেখতে নিরীহ হারবাল ওষুধের প্যাকেট, অথচ তার আড়ালেই চলছিল ভয়ংকর মাদক পাচারের কারবার। কোনও কৌটোয় সত্যিকারের হারবাল ওষুধ, আবার কোনওটায় লুকিয়ে রাখা নিষিদ্ধ ড্রাগস—ইয়াবা!
ক্ল্যাং!
পিছনে ভারী লোহার দরজাটা বন্ধ হয়ে গেল।
ঋষভ চমকে পিছন ফিরে তাকাল। জাতাঙ্গা দরজার গায়ে লাগানো বিশেষ কম্বিনেশন লকের সামনে দাঁড়িয়ে একের পর এক সংকেত ঘোরাচ্ছে। সাধারণ তালা নয়—এমন এক ব্যবস্থা, যার সঠিক সংকেত না জানলে ভিতর থেকে কিংবা বাইরে থেকে দরজা খোলা কার্যত অসম্ভব।
কয়েক মুহূর্তের মধ্যেই লকটা বন্ধ হয়ে গেল।
ক্লিক! ক্ষীণ শব্দটা শুনেই ঋষভের বুকের মধ্যে যেন কিছু একটা ভেঙে পড়ল। এই ঘর থেকে বেরোনোর পথ এখন সম্পূর্ণ বন্ধ!
জাতাঙ্গা ঘুরে দাঁড়াল। তার চোখেমুখে জমাট বাঁধা রাগ। ঋষভের আগের প্রতিরোধের অপমানটা সে এখনও ভুলতে পারেনি।
সে হাতের ইশারায় ঋষভকে দেওয়ালের কাছে দাঁড় করাল, “দাঁড়া ওখানে!”
ঋষভকে ধাক্কা দিয়ে দেওয়ালের গায়ে ঠেসে ধরল সে। তারপর দুজন কালো পোশাকের লোককে ইশারা করল। পরমুহূর্তেই দুটো অটোম্যাটিক গানের নল উঠে এল ঋষভের দিকে! একটা তার বুক বরাবর, অন্যটা প্রায় মাথা লক্ষ্য করে। ঋষভের বুকের ভিতরটা ধকধক করে উঠল। হাত দুটো পিছমোড়া করে বাঁধা। পালানোর কোনও পথ নেই। সামনে দুটো আগ্নেয়াস্ত্র, পাশে জাতাঙ্গা, আর পিছনে দুর্ভেদ্য লোহার দরজা।
সে দাঁড়িয়ে আছে জীবন আর মৃত্যুর ঠিক মাঝখানে! একটা আঙুলের সামান্য চাপ। দুটো গুলির শব্দ। তারপর সব শেষ!
ঋষভের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সে চোখের কোণ দিয়ে বন্দুকের নল দুটোর দিকে তাকাল। মনে হল, সময় যেন থমকে গেছে। প্রতিটি সেকেন্ড দীর্ঘ হয়ে উঠছে অসহ্যভাবে।
জাতাঙ্গা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। ঠোঁটের কোণে ফুটে উঠল সেই পরিচিত নিষ্ঠুর হাসি।
“এতক্ষণ খুব লাফাচ্ছিলি, না? এবার দেখ, কীভাবে—!”
কথাটা শেষ হওয়ার আগেই— ঝলক!
ঘরের মাথার কাছে একটা তীব্র লাল আলো জ্বলে উঠল! একবার জ্বলছে, একবার নিভছে! লাল আলোর ঝলকানিতে মুহূর্তের মধ্যে গোটা ঘরটা রক্তে রাঙানো কোনও বিভীষিকাময় দৃশ্যের মতো দেখাতে লাগল।
আর ঠিক তার পরেই— ভোঁওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও!
একটা কানফাটানো সাইরেন বেজে উঠল!
শব্দটা এত তীব্র যে কানে তালা লেগে যাওয়ার উপক্রম হল। লাল আলোটা অবিরাম জ্বলছে-নিভছে, সাইরেনের আওয়াজে কেঁপে উঠছে ঘরের দেওয়াল। মনে হচ্ছে, গোটা বাড়িটাই যেন কোনও ভয়ংকর বিপদের সংকেত দিয়ে চিৎকার করে উঠেছে!
জাতাঙ্গার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল, “ইয়ে ক্যায়া...?”
একজন বন্দুকধারী দরজার দিকে ঘুরে তাকাল। অন্যজন অস্থিরভাবে চারদিকে চোখ বোলাতে লাগল।বাইরে কী ঘটেছে, তারা কেউ বুঝতে পারছে না। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট—এই বিপদ সাধারণ কিছু নয়!
হয়তো পুলিশের অভিযান শুরু হয়েছে। হয়তো বাড়ির কোনও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ভেঙে ঢুকে পড়েছে সশস্ত্র বাহিনী। আর যদি সত্যিই তা হয়ে থাকে, তাহলে এই দুর্ভেদ্য ঘরও শেষ পর্যন্ত তাদের বাঁচাতে পারবে না!
জাতাঙ্গা চেঁচিয়ে উঠল, “ক্যা হুয়া? ইয়ে সাইরেন কিউঁ বাজ রহা হ্যায়?”
দুজন বন্দুকধারীর চোখেমুখে তখন চরম বিভ্রান্তি। একবার ঋষভের দিকে, আরেকবার দরজার দিকে তাকাচ্ছে তারা। বন্দুক তুলে রাখবে, নাকি বিপদের উৎস খুঁজতে বেরোবে—কোনও সিদ্ধান্ত নিতে পারছে না।
আর ঠিক সেই মুহূর্তেই ঋষভের মাথার ভিতরে বিদ্যুতের মতো একটা চিন্তা ঝলসে উঠল - এই তো সুযোগ!
হাত বাঁধা থাকলেও তার পা দুটো এখনও মুক্ত। এতক্ষণ সে মৃত্যুর ভয়ে আড়ষ্ট হয়ে ছিল। কিন্তু সাইরেনের শব্দটা তার মনে নতুন করে আশার সঞ্চার করেছে।
আসাম রাইফেলস! মায়ানমার ফোর্স! নিশ্চয়ই তারা এসে পড়েছে! নইলে এই গোপন আস্তানায় এমন জরুরি সতর্কসংকেত বেজে উঠবে কেন? আর রাগীব? বন্ধু নিশ্চয় ওদের সাথে এসে পড়েছে আমাকে উদ্ধার করতে!
আর এক মুহূর্তও নষ্ট করল না ঋষভ। জাতাঙ্গা তখনও সাইরেনের দিকে কান পেতে দাঁড়িয়ে। তার মনোযোগ সম্পূর্ণ অন্যদিকে। ঋষভ আচমকা হাঁটু দুটো ভাঁজ করে শরীরটা নিচু করল। তারপর পিছমোড়া করে বাঁধা হাতের ভারসাম্য সামলে সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল!
দুম!
তার মাথাটা সজোরে গিয়ে আঘাত করল জাতাঙ্গার তলপেটে!
“উঃ—আক!” জাতাঙ্গার মুখ দিয়ে একটা বিকট আর্তনাদ বেরিয়ে এল। সে দুহাতে পেট চেপে সামনের দিকে ঝুঁকে পড়ল। পরমুহূর্তেই হাঁটু মুড়ে মেঝের উপর বসে পড়ল সে। মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে। মুখ দিয়ে কোনও কথা বেরোচ্ছে না।
সবকিছু ঘটল কয়েক সেকেন্ডের মধ্যে!
দুজন বন্দুকধারী হতভম্ব হয়ে গেল। একজন ঋষভের দিকে বন্দুক তাক করল বটে, কিন্তু পরক্ষণেই সাইরেনের আওয়াজে আবার দরজার দিকে তাকিয়ে ফেলল। অন্যজন ততক্ষণে প্রায় দিশেহারা। বাইরে কী ঘটছে, তা না জেনে এখানে দাঁড়িয়ে থাকা মানে নিজের বিপদ ডেকে আনা—এই বোধটাই যেন তাদের গ্রাস করেছে।
ঋষভ সেই সুযোগের অপেক্ষাতেই ছিল।
কিন্তু তার আগেই লোক দুটো সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারা আর এক মুহূর্তও নষ্ট করল না। ঘরের অন্য দেওয়ালের দিকে ছুটে গেল। এতক্ষণে ঋষভ লক্ষ করল, দেওয়ালের একটা অংশের সঙ্গে আশপাশের অংশের কোনও পার্থক্য প্রায় বোঝাই যায় না। অথচ একজন লোক সেখানে হাত রাখতেই একটা সরু দরজার রেখা ফুটে উঠল।
একটা গোপন দরজা খুলে গেল দেওয়ালের ভিতর থেকে! দুজন বন্দুকধারী একে অপরের দিকে তাকানোরও সময় পেল না। একজন আগে, অন্যজন পিছনে—দুজনেই সেই গোপন পথ দিয়ে ভিতরে ঢুকে গেল।
পরমুহূর্তেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল।
ঋষভ কয়েক সেকেন্ড স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল সেই দেওয়ালের দিকে।
ইতিমধ্যে জাতাঙ্গার গর্জন শুনতে পেল, "অ্যাই! কোথায় পালাচ্ছিস? আমাকে নিয়ে যা!" জাতাঙ্গা তখনও পেট চেপে মেঝেতে ঝুঁকে ছিল। যন্ত্রণার মধ্যেই সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। কোনওমতে সোজা হয়ে গোপন দরজার দিকে ছুটতে উদ্যত হল।
কিন্তু সে বুঝতে পারেনি, ঋষভ তখন তার ঠিক পিছনেই!
দুম!
ঋষভ আবার ঝাঁপিয়ে পড়ল। পিছমোড়া করে বাঁধা হাত নিয়ে শরীরের সমস্ত জোর একত্র করে মাথা দিয়ে সজোরে গুঁতো মারল জাতাঙ্গার পিঠে!
জাতাঙ্গা ভারসাম্য হারিয়ে সামনের দিকে আছড়ে পড়ল। দুহাত ছড়িয়ে কাঠের মেঝেতে মুখ থুবড়ে পড়ল সে।
এক মুহূর্তের জন্য ঋষভ নিজেও হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। মাথাটা ঝনঝন করছে, হাতের বাঁধন এখনও শক্ত, বুকের মধ্যে হৃৎপিণ্ডটা দুরন্ত গতিতে ছুটছে।
কিন্তু এবার তার চোখে আর সেই মৃত্যুভয় নেই। এবার তার চোখে জ্বলে উঠেছে প্রচণ্ড আক্রোশ! এতক্ষণ ধরে যে লোকটা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছিল, যে লোকটা তাকে টানতে টানতে এই নরকের দরজায় এনে দাঁড় করিয়েছে, সেই জাতাঙ্গা এখন তার পায়ের কাছে পড়ে আছে!
ঋষভের মনে হল, এতক্ষণ সে যেন একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দমবন্ধ হয়ে ছটফট করছিল। আর হঠাৎ সেই সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর একটা রেখা দেখা দিয়েছে।
সাইরেন এখনও বেজে চলেছে। লাল আলো এখনও ঝলসে উঠছে বারবার। বাইরে যে ভয়ংকর কিছু একটা ঘটে গেছে, তাতে আর কোনও সন্দেহ নেই।
আসাম রাইফেলসের দল এই বাড়িতে ঢুকে পড়েছে!
নইলে এই গোপন ঘরে এমন সতর্কসংকেত বাজছে কেন?
ঋষভ দাঁতে দাঁত চেপে জাতাঙ্গার দিকে তাকাল। তার হাত দুটো এখনও বাঁধা, শরীর ক্লান্ত, মাথায় আঘাতের যন্ত্রণা। কিন্তু এতক্ষণ যে অসহায় আতঙ্ক তাকে গ্রাস করে রেখেছিল, সেটা যেন কোথায় উধাও হয়ে গেছে। সে বুঝে গেছে—এখনও লড়াই শেষ হয়নি।
আর সে যতক্ষণ শ্বাস নিচ্ছে, ততক্ষণ হার মানার কোনও প্রশ্নই ওঠে না! জাতাঙ্গা মেঝেতে পড়ে নড়াচড়া করার চেষ্টা করতেই ঋষভের ভিতরে জমে থাকা সমস্ত ক্ষোভ যেন আগুনের মতো জ্বলে উঠল।
হাত দুটো বাঁধা? বাঁধা থাক! পা দুটো তো এখনও মুক্ত! ঋষভ পা তুলে জাতাঙ্গার পিঠে সজোরে লাথি মারল! একবার - দুবার! তারপর একের পর এক!
“আমাকে মেরে ফেলবি? হ্যাঁ? আমাকে খুন করে জঙ্গলে ফেলে দিবি?” প্রতিটি কথার সঙ্গে সঙ্গে তার পা আছড়ে পড়তে লাগল জাতাঙ্গার পিঠে। এতক্ষণ ধরে জমে থাকা ভয়, অপমান আর অসহায়তা যেন প্রতিটি লাথির সঙ্গে বেরিয়ে আসছে। “বল! এবার বল!”
সাইরেনের কর্কশ শব্দ, লাল আলোর অবিরাম ঝলকানি আর ঋষভের ক্ষুব্ধ চিৎকারে ঘরটা তখন এক ভয়ংকর রণক্ষেত্রে পরিণত হয়েছে!
তবু ঋষভ জানে, বিপদ এখনও কাটেনি। লোহার দরজা বন্ধ। হাত বাঁধা। বন্দুকধারী দুটো গোপন পথে পালিয়েছে। বাইরে কী ঘটছে, সে জানে না। কিন্তু একটা কথা সে এখন নিশ্চিতভাবে জানে—সে এখনও বেঁচে আছে। আর বেঁচে থাকতে হলে তাকে লড়তেই হবে!
ঠিক সেই মুহূর্তে—
ধাঁআআআআআং!
বিকট শব্দে কেঁপে উঠল গোটা ঘর! কম্বিনেশন লক লাগানো বিশাল লোহার দরজাটা প্রচণ্ড আঘাতে ভেঙে ভিতরের দিকে আছড়ে পড়ল। দরজার ভারী ধাতব পাত মেঝেতে পড়ে এমন বিকট শব্দ তুলল যে কয়েক মুহূর্তের জন্য সাইরেনের আওয়াজও যেন তার কাছে ম্লান হয়ে গেল!
দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই বাইরে থেকে ভেসে এল গোলাগুলির তীব্র শব্দ!
ঠাস! ঠাস! ঠাস!
তার সঙ্গে মানুষের ছুটোছুটির ধুপধাপ আওয়াজ, কারও চিৎকার, কারও নির্দেশ দেওয়ার গলা—সব মিলিয়ে বাইরে তখন রীতিমতো যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি!
ঋষভের পা থেমে গেল। হাঁপাতে হাঁপাতে সে দরজার দিকে তাকাল। লাল সতর্কসংকেতের আলোয় ভেসে যাচ্ছে গোটা ঘর। মেঝেতে পড়ে থাকা জাতাঙ্গা কোনওমতে উঠে বসার চেষ্টা করছে। আর তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে ঋষভ—দু-হাত পিছমোড়া করে বাঁধা, শরীর ঘামে ভেজা, চোখেমুখে ক্লান্তি আর তীব্র উত্তেজনার ছাপ।
পরমুহূর্তেই দরজার ভাঙা অংশ পেরিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লেন দুজন সশস্ত্র জওয়ান। দুজনের পরনেই সামরিক পোশাক, হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি এক নজরে বুঝে নিয়ে তাঁরা দ্রুত ঘরের দুদিকে চোখ বুলিয়ে নিলেন।
“Clear! Move in!”
একজন জওয়ান সতর্ক দৃষ্টিতে ঘরের কোণগুলো পরীক্ষা করতে লাগলেন। অন্যজন ঋষভের দিকে তাকিয়ে এগিয়ে এলেন। মেঝেতে পড়ে থাকা জাতাঙ্গার দিকে বন্দুক তাগ করে রাখলেন!
আর ঠিক তখনই—
“ঋষভ!” পরিচিত সেই কণ্ঠস্বর!
ঋষভ মুখ ফেরানোর আগেই দরজার ভাঙা অংশ দিয়ে প্রায় ছুটে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ল রাগীব। পরমুহূর্তে বন্ধুর দুটো হাত ঋষভকে শক্ত করে জড়িয়ে ধরল।
“বন্ধু! তুই ঠিক আছিস তো?” রাগীবের গলা কেঁপে উঠল। সে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না! এতক্ষণ ধরে যে মানুষটাকে খুঁজে পাওয়ার জন্য সে পাহাড়, জঙ্গল, নদীর খাত—কোথাও তল্লাশি চালাতে বাকি রাখেনি, সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে! জীবিত! অক্ষত!
রাগীব আরও শক্ত করে বন্ধুকে জড়িয়ে ধরল, “প্রায় ছত্রিশ ঘণ্টা! জানিস, এই ছত্রিশ ঘণ্টা আমার কীভাবে কেটেছে? প্রতিটা মুহূর্তে মনে হয়েছে—তোকে যদি আর খুঁজে না পাই! যদি...”
কথাটা শেষ করতে পারল না সে। গলা বুজে এল তার।
ঋষভও বন্ধুকে দু-হাত দিয়ে আঁকড়ে ধরতে চাইল। কিন্তু হাত বাঁধা থাকায় পারল না। চোখের কোণে জমে উঠল জল। এতক্ষণ ধরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে মানুষটা নিজের সমস্ত আবেগকে বুকের মধ্যে চেপে রেখেছিল, এবার আর নিজেকে সামলাতে পারল না।
সে কাঁপা গলায় বলল, “আমি জানতাম, আমাকে উদ্ধার করতে তুই আসবিই, বন্ধু!”
রাগীব কয়েক মুহূর্ত কোনও কথা বলল না। শুধু বন্ধুর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর তার কাঁধে হাত রেখে বলল, “তোকে ফিরে না পেলে আমি বাড়ি ফিরতামনা বন্ধু! মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তোকে আমি উদ্ধার করবই!"
কথাটার মধ্যে এমন একটা দৃঢ়তা ছিল যে ঋষভের বুকের ভিতরটা আবেগে ভরে উঠল। এই মানুষটার ওপরেই তো তার বিশ্বাস ছিল! মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কোথাও একটা ক্ষীণ আশা তাকে বাঁচিয়ে রেখেছিল—রাগীব তাকে খুঁজে বের করবেই!
আর আজ সেই বিশ্বাস সত্যি হয়েছে।
রাগীব এবার ঋষভের পিছনে ঘুরে তার হাতের বাঁধন পরীক্ষা করল। কোমর থেকে একটা ছোট ছুরি বের করে সাবধানে নাইলনের দড়িটা কেটে দিল।
দড়ির বাঁধন খুলে যেতেই ঋষভ যন্ত্রণায় মুখ কুঁচকে দুটো হাত সামনে নিয়ে এল। এতক্ষণ ধরে পিছমোড়া করে বাঁধা থাকার ফলে কবজিতে গভীর লাল দাগ পড়ে গেছে। সে কয়েকবার হাতের আঙুলগুলো ভাঁজ করে আবার সোজা করল।
“খুব লেগেছে না?” উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল রাগীব।
ঋষভ মাথা নাড়ল।
রাগীব বলল, "তোকে ওরা এখানে নিয়ে এল কি করে?"
ঋষভ বলল, "কিছুই জানিনা বন্ধু, সেদিন মুরলেনের জঙ্গলে ওরা আমাকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে দিয়েছিল ওই কাপড়ের ভিতরের মিষ্টি এক গন্ধে আমি একেবারে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম! জ্ঞান হওয়ার পর দেখি আমি এই বাড়িরই একটা ঘরে শুয়ে রয়েছি!"
রাগীব মাথা নেড়ে বলল, "হুম! বুঝেছি ক্লোরফর্ম! ক্লোরফর্ম দিয়ে তোকে অজ্ঞান করে দেওয়া হয়েছিল! জ্ঞান ফিরল কখন?"
"এই কিছুক্ষণ আগে!"
"তারমানে প্রায় ছত্রিশ ঘন্টা তুই অজ্ঞান হয়ে ছিলি! তোকে কোথায় এনে রাখা হয়েছে জানিস? এটা ভারত নয়, মিয়ানমার!"
ঋষভ মাথা নেড়ে বলল, "জানি! একটু আগে বিপ্লব চক্রবর্তীর মুখে শুনেছি! তা সে কোথায়?"
"ও উপরে আছে! ধরা পড়েছে! কর্তার সিং সহ এই গ্যাং এর আরো চারজন ধরা পড়েছে! তারমধ্যে একজন অসমীয়া, একজন বিহারী আর একজন বাংলাদেশের! এদের সঙ্গে বেশ কয়েকজন বার্মিজও আছে। সব মিলিয়ে ইন্টারন্যাশেনাল গ্যাং!"
ততক্ষণে ঘরের মধ্যে আরও কয়েকজন সশস্ত্র জওয়ান ঢুকে পড়েছেন। তাঁদের মধ্যে আসাম রাইফেলসের সদস্যদের পাশাপাশি মিয়ানমার বর্ডার গার্ডের কয়েকজন জওয়ানও রয়েছেন। তাঁদের সঙ্গে দ্রুত পায়ে ঘরে ঢুকল বিয়াকা আর লিয়ানা।
লিয়ানার চোখ ঋষভের ওপর পড়তেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, “ঋষভ! তুমি ঠিক আছ?”
“হ্যাঁ, লিয়ানা। আপাতত ঠিকই আছি।”
বিয়াকা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। “তোমাকে খুঁজে পাওয়ার পরেই যেন আমাদের যুদ্ধ জেতা হয়ে গেল!”
এদিকে মেঝেতে পড়ে থাকা জাতাঙ্গা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই দুজন জওয়ান দ্রুত তার কাছে এগিয়ে গেলেন। একজন তার হাত মুচড়ে পিছনে নিয়ে গেলেন, অন্যজন অস্ত্রের নল তাক করে তাকে সতর্ক করলেন, “Don't move! Hands behind your back!”
জাতাঙ্গা দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে যাচ্ছিল। কিন্তু জওয়ানরা তাকে কোনও সুযোগ দিলেন না। মুহূর্তের মধ্যে তার হাতকড়া পরিয়ে দেওয়া হল।
জাতাঙ্গা এবার অসহায়ভাবে চারদিকে তাকাল। যে লোকটা কিছুক্ষণ আগেও ঋষভকে হত্যা করার নির্দেশ পালন করতে উদ্যত হয়েছিল, এখন সে নিজেই সশস্ত্র বাহিনীর হাতে বন্দি!
ঋষভ তার দিকে একবার তাকাল। তারপর দ্রুত এগিয়ে গেল ঘরের অন্য দেওয়ালের দিকে, “স্যার! ওই দেওয়ালে একটা গোপন দরজা আছে! এই দুজন লোক ওখান দিয়ে পালিয়েছে!”
সে আঙুল তুলে জায়গাটা দেখিয়ে দিল।
কথাটা শোনামাত্র মিয়ানমার বর্ডার গার্ডের দুজন জওয়ান সতর্ক হয়ে উঠলেন। অস্ত্র প্রস্তুত রেখে তাঁরা দ্রুত দেওয়ালের কাছে ছুটে গেলেন। একজন দেওয়ালের গায়ে হাত বুলিয়ে গোপন দরজার সন্ধান করতে লাগলেন। কয়েক মুহূর্তের মধ্যেই দরজার ফাঁকটা চোখে পড়ল।
“Found it!” দুজন নিজেদের মধ্যে দ্রুত কথা বিনিময় করে দরজাটা খুললেন। ভিতরে অন্ধকার পথ। একজন টর্চের আলো ফেলতেই দেখা গেল, পথটা বেশ খানিকটা ভিতরে চলে গেছে।
অস্ত্র উঁচিয়ে তাঁরা সেই গোপন পথের মধ্যে প্রবেশ করলেন। তাঁদের পায়ের শব্দ ক্রমশ দূরে মিলিয়ে গেল।
রাগীব এবার ঋষভের দিকে ফিরে বলল, “ওরা পালিয়ে গেলেও বেশি দূর যেতে পারবে না। গোটা এলাকাটা ঘিরে ফেলা হয়েছে।”
ঋষভ মাথা নাড়ল। কিন্তু তার দৃষ্টি ইতিমধ্যেই ঘরের অন্য দিকে চলে গেছে। সেদিকে সারি সারি সাদা কৌটো! গোলাপি লেবেল! রাগীবকে সেদিকে আঙুল দেখাতেই সে সেদিকে এগিয়ে গেল। ঋষভ, বিয়াকা, লিয়ানারাও ওর সাথে গেল।
রাগীব একটা কৌটো হাতে তুলে নিল। কৌটোটা বেশ ভারী। অর্থাৎ ভিতরে কিছু একটা রয়েছে। সে প্রথমে কৌটোর গায়ে সাঁটা গোলাপি লেবেলটা ভালো করে পরীক্ষা করল। তারপর Ingredients অংশটায় চোখ বোলাতেই তার ভ্রু কুঁচকে গেল, “দেখ! এখানেও সেই একই ভুল বানান!”
সে আঙুল দিয়ে শব্দটা দেখিয়ে দিল, “আমরা যে সাংকেতিক পদ্ধতিটার কথা সন্দেহ করছিলাম, এটাই সেই সংকেত? যদি তাই হয়, তাহলে এর ভিতরে থাকার কথা ইয়াবা!”
কথাটা বলেই সে কৌটোর ঢাকনাটা ঘুরিয়ে খুলল। পরক্ষণেই সকলের বুকের ভিতরটা ধক করে উঠল!কৌটোর ভিতরে সারি দিয়ে রাখা রয়েছে কমলা রঙের ছোট ছোট বড়ি! - ইয়াবা!
রাগীব কয়েক মুহূর্ত নির্বাক হয়ে বড়িগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিল।
সে পাশের আরেকটা কৌটো তুলে নিল। সেটার লেবেলেও Ingredients অংশে একইভাবে একটি শব্দের বানান ভুল করা হয়েছে। কৌটোর ঢাকনা খুলতেই আবার সেই কমলা রঙের বড়ি!
তৃতীয় কৌটোতেও একই দৃশ্য।
একটার পর একটা কৌটো পরীক্ষা করতে করতে রাগীবের মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠল। প্রতিটি কৌটো যেন তাদের সামনে এই আন্তর্জাতিক মাদক পাচার চক্রের ভয়াবহ ব্যাপ্তি উন্মোচন করে দিচ্ছে।
শেষে সে মাথা তুলে বলল, “এখানে তাহলে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে রাখা হয়েছে! বাইরে থেকে নিরীহ হারবাল ওষুধের কৌটো মনে হলেও ভিতরে কী আছে, সেটা বোঝার উপায় ছিল শুধু ওই গোপন সংকেত।”
বিয়াকা বিস্মিত চোখে ঘরের চারদিকে তাকাল, “এতগুলো কৌটো! আমার তো মনে হচ্ছে, এখান থেকে ইয়াবা পাচার করে গোটা বিশ্বের বাজারে ছড়িয়ে দেওয়া সম্ভব!”
“ঠিক তাই!” পিছন থেকে ভেসে এল একটি গম্ভীর কণ্ঠস্বর, “ভারত-মায়ানমার সীমান্তে ইয়াবা মজুত করার অন্যতম বড় গুদাম এটি!”
চারজনেই একসঙ্গে পিছন ফিরে তাকাল। ঘরের মধ্যে এসে পৌঁছেছেন আসাম রাইফেলসের কমান্ডার শিন্ডে। তাঁর পাশে মায়ানমার বর্ডার গার্ডের সামরিক পোশাক পরা এক কমান্ডার। তাঁদের পিছনে দুই বাহিনীর কয়েকজন সশস্ত্র জওয়ান।
আর তাঁদের মাঝখানে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কর্তার সিং, বিপ্লব চক্রবর্তী এবং তাদের দলের আরও কয়েকজন সদস্য। জাতাঙ্গাকেও অন্য বন্দিদের সঙ্গে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগেও যে লোকটা ঋষভকে খুন করতে উদ্যত হয়েছিল, এখন সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
কর্তার সিংয়ের মুখে আর সেই দাপট নেই। বিপ্লব চক্রবর্তীর মুখও বিবর্ণ। চারদিকে সশস্ত্র জওয়ান, সামনে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক—পরিস্থিতি যে সম্পূর্ণ হাতের বাইরে চলে গেছে, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।
কমান্ডার শিন্ডে ধীর পায়ে এগিয়ে এলেন। তারপর কর্তার সিংয়ের দিকে তাকিয়ে বললেন,
“মিস্টার সিং, আপনি পাঞ্জাবের মানুষ। সেনাবাহিনীতে কাজ করেছেন। দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছেন। অবসর নেওয়ার পর চাইলে কোনও বৈধ ব্যবসা করে বাকি জীবনটা সম্মানের সঙ্গে কাটাতে পারতেন। কিন্তু অর্থের লোভ আপনাকে কোথায় নিয়ে এল, একবার ভেবে দেখেছেন?”
কর্তার সিং মুখ তুলে তাকালেন। তাঁর চোখেমুখে তখনও রাগের ছাপ।
শিন্ডে বললেন, “বিলিয়নেয়ার হওয়ার নেশায় আপনি আন্তর্জাতিক মাদক পাচারের কারবারে জড়িয়ে পড়লেন। কত মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, কত তরুণের জীবন নষ্ট করার ব্যবস্থা করেছেন, তার হিসাব কি কখনও রেখেছেন? এত বড় একটা অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেও শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন কয়েকটা ছোট্ট ভুলের জন্য!”
কথাগুলো শুনে ঋষভ, রাগীব, বিয়াকা ও লিয়ানা পরস্পরের দিকে তাকাল।
কর্তার সিং একজন প্রাক্তন সেনাকর্মী! একদিন যাঁর দায়িত্ব ছিল দেশের নিরাপত্তা রক্ষা করা, সেই মানুষই শেষ পর্যন্ত দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করার মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন!
ঋষভের মনে হল, অপরাধের জগতে মানুষের পতন কখনও কখনও কতটা ভয়াবহ হতে পারে!
কর্তার সিং দাঁতে দাঁত চেপে রইলেন। তাঁর দৃষ্টি ক্রমশ ঘুরে গেল বিপ্লব চক্রবর্তীর দিকে। তারপর হঠাৎ ক্রোধে ফেটে পড়লেন।
“ওই বাঙালিটার জন্যই আজ সব ধরা পড়ে গেল! প্রথমদিকে ওর বুদ্ধি আর পরামর্শে আমাদের কোনও সমস্যা হয়নি। কত নিখুঁতভাবে সবকিছু চালানো হচ্ছিল! কিন্তু শেষদিকে ও এমন কেয়ারলেসনেস দেখাল যে সব পরিকল্পনা একেবারে ভেস্তে গেল!”
বিপ্লব চক্রবর্তী কোনও উত্তর দিলেন না। তাঁর মুখ আরও ফ্যাকাশে হয়ে উঠল।
কমান্ডার শিন্ডে মৃদু হাসলেন, “আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্যের পরিণতি প্রায়ই এমন হয়, মিস্টার সিং। বাইরে থেকে যতই দুর্ভেদ্য মনে হোক, ভিতরে একটা ছোট্ট ফাটল তৈরি হলেই গোটা কাঠামোটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আপনাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে।”
তারপর তিনি বিপ্লব চক্রবর্তীর দিকে ফিরলেন, “এবার আপনাকে একটা প্রশ্ন করি, মিস্টার চক্রবর্তী। এখান থেকে ইয়াবা ভর্তি কৌটো নিয়ে গিয়ে ভারতের মেলবুকের জঙ্গলে যে হারবাল ওষুধের কৌটোগুলো তৈরি করা হত, সেগুলোর সঙ্গে এই কৌটোগুলো কোথায় মেশানো হত?”
বিপ্লব চক্রবর্তী চুপ করে রইলেন।
শিন্ডে কয়েক সেকেন্ড তাঁর মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, “উত্তর দিতে হবে না। আমরা প্রায় সবটাই জেনে গিয়েছি। মুরলেনের দুর্ভেদ্য জঙ্গলের ভিতরে একটি জলপ্রপাত রয়েছে। সেই জলপ্রপাতের পিছনে আছে একটি প্রাকৃতিক গুহা। আমাদের ধারণা, সেখানেই এই দুই ধরনের কৌটো এক জায়গায় এনে বাছাই ও প্যাকেজিংয়ের কাজ করা হত। কি! ঠিক বলছি তো?”
বিপ্লব চক্রবর্তীর ঠোঁট দুটো কেঁপে উঠল। কিন্তু তিনি মুখ খুললেন না।
এবার রাগীব এগিয়ে এল, “আমাদেরও প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, মিস্টার চক্রবর্তী। রিখাওদার আর ভারতের জোখাওথারের খোলা সীমান্তপথকে কাজে লাগিয়ে আপনারা ইয়াবা ভর্তি কৌটো ভারতে নিয়ে আসতেন। ওই অঞ্চলের ভৌগোলিক পরিস্থিতি আর সীমান্তের দুপাশে স্থানীয় মানুষের যাতায়াতের সুযোগকে কাজে লাগিয়ে পাচারের পথ তৈরি করেছিলেন আপনারা।”
সে একটু থেমে আবার বলল, “অন্যদিকে, মেলবুকের জঙ্গলে আপনাদের আরেকটা গোপন কারখানা ছিল। সেখানে একই ধরনের গোলাপি লেবেল লাগানো কৌটোয় হারবাল ওষুধ ভরা হত। সেই ওষুধের মধ্যে Mitragyna speciosa, অর্থাৎ ক্রেটমের মাত্রা অস্বাভাবিক বেশি রাখা হত। তারপর এই ওষুধের কৌটো আর ইয়াবা ভর্তি কৌটো নিয়ে যাওয়া হত মুরলেনের জঙ্গলের গোপন গুহায়। সেখানে সেগুলো বাছাই করে নির্দিষ্ট পথে পাচার করা হত।”
ঋষভ মাথা নাড়ল, “আর গোলাপি লেবেলের ভুল বানানগুলোই ছিল আপনাদের গোপন সংকেত। বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারত না, কোন কৌটোর ভিতরে ওষুধ আর কোনটার ভিতরে ইয়াবা রয়েছে!”
রাগীব বলল, “ঠিক তাই। কিন্তু আপনাদের সবচেয়ে বড় ভুল হয়েছিল মুরলেনের জঙ্গলের সেই বাঁশির শব্দটাকে নিজেদের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে গিয়ে।”
কর্তার সিং এবার চোখ তুলে তাকালেন।
রাগীব তাঁর দিকে তাকিয়ে বলতে লাগল, “আপনারা জানতেন, মুরলেনের জঙ্গলে বিশেষ কিছু জায়গায় বাতাসের প্রবাহ আর প্রাকৃতিক পরিবেশের কারণে বাঁশির মতো অদ্ভুত শব্দ তৈরি হয়। স্থানীয় মানুষ সেই শব্দকে আত্মার কান্না বলে বিশ্বাস করে। ভয়ে অনেকেই জঙ্গলের গভীরে যেতে চায় না। আপনারা সেই লোকবিশ্বাসকেই কাজে লাগিয়েছিলেন।”
লিয়ানা এবার যোগ করল, “আপনারা সেই প্রাকৃতিক শব্দের অনুকরণে বাঁশির আওয়াজ রেকর্ড করেছিলেন। তারপর সেটাকে সংকেত হিসেবে ব্যবহার করতেন। জঙ্গলের ভিতরে থাকা লোকজন আর বাইরে থেকে মাল নিয়ে আসা লোকেদের মধ্যে যোগাযোগের জন্য সেই শব্দ বাজানো হত।”
রাগীব মাথা নাড়ল, “কিন্তু একটা বিষয় আপনারা বুঝতে পারেননি। প্রাকৃতিক শব্দ আর রেকর্ড করা শব্দের মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকে। পরিবেশের পরিবর্তন, শব্দের ওঠানামা, প্রতিধ্বনি—সবকিছুর মধ্যে কিছু না কিছু তফাত থেকে যায়। একদিন না একদিন কারও না কারও সেটা নজরে পড়বেই। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে।”
সে কয়েক মুহূর্ত বিপ্লব চক্রবর্তীর দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে মৃদু ব্যঙ্গের হাসি ফুটিয়ে বলল,
“বুদ্ধি আপনাদের ছিল, মিস্টা্র চক্রবর্তী। কিন্তু সেই বুদ্ধি যদি ভালো কাজে লাগাতেন, তাহলে আজ এই দিন দেখতে হত না!”
তারপর সে ঘুরে দাঁড়াল জাতাঙ্গার দিকে।
“আর মিস্টার জাতাঙ্গা, আপনার কথাও কিছু বলি। আপনি আর আপনার স্ত্রী একটা চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিশ্রম করছিলেন, সৎভাবে উপার্জন করছিলেন। হয়তো একটু একটু করে এগোলে একদিন আপনাদের অবস্থার উন্নতি হত। কিন্তু আপনারা সেই ধৈর্য রাখতে পারলেন না। এই লোকগুলোর পাল্লায় পড়ে রাতারাতি বড়লোক হওয়ার লোভে এমন একটা পথে পা বাড়ালেন, যেখান থেকে ফেরার রাস্তা নেই।”
জাতাঙ্গা মুখ নিচু করে রইল।
রাগীবের গলা এবার আরও গম্ভীর হয়ে উঠল, “লোভ মানুষকে অন্ধ করে দেয়। তখন সে বুঝতে পারে না, যে পথে দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখছে, সেই পথই একদিন তার সর্বনাশ ডেকে আনবে। আপনারাও সেই ভুলটাই করেছেন। এখন আপনারা ভারত ও মায়ানমার—দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের আওতায়। আপনাদের বিরুদ্ধে কোন দেশে, কোন আইনে বিচার হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দুই দেশের আইনগত প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে।”
কথাগুলো শুনে ঘরের মধ্যে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এল।
ঠিক তখনই মায়ানমার বর্ডার গার্ডের কমান্ডার এগিয়ে এলেন। তিনি ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন,
“আমরা আপাতত এখানে পাওয়া সমস্ত মাদকদ্রব্য এবং অন্যান্য প্রাসঙ্গিক সামগ্রী বাজেয়াপ্ত করছি। অপরাধীদের হেফাজতে নিয়ে কালেতে পাঠানোর ব্যবস্থা করা হবে। পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়া সেখান থেকেই এগোবে।”
তারপর তিনি কমান্ডার শিন্ডে এবং ভারতীয় দলের সদস্যদের দিকে ফিরে বললেন,
“আসাম রাইফেলস এবং ভারতীয় দলের সকলকে মায়ানমার সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা ছাড়া এই অভিযান এত সফলভাবে সম্পন্ন করা কঠিন হত। আপনাদের সম্মানের সঙ্গে জোখাওথার চেকপোস্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তার আগে আপনারা আমাদের ক্যাম্পে বিশ্রাম নিন।”
কমান্ডার শিন্ডে সৌজন্যসূচক মাথা নেড়ে বললেন, “আপনাদের সহযোগিতার জন্য আমরাও কৃতজ্ঞ।”
কথা শেষ করে তিনি ঋষভ, রাগীব, বিয়াকা ও লিয়ানার দিকে তাকালেন।
“তোমরা অনেক ঝুঁকি নিয়েছ। বিশেষ করে মিস্টার ঋষভ এখানে বন্দী অবস্থায় ছিল এবং নিরস্ত্র অবস্থায় একা এদের সাথে লড়াই করছিল - এ অত্যন্ত সাহসের পরিচয়! তোমাদের বুদ্ধি আর সাহসের কথা মায়ানমার সরকারের কাছে নথীভুক্ত থাকবে!
ঋষভ হেসে মাথা নাড়ল।
কমান্ডার শিন্ডে ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, “চলো, এবার বাইরে যাওয়া যাক!”
ঋষভ যেন এই কথাটারই অপেক্ষা করছিল। সে প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, “হ্যাঁ, চলুন স্যার! মনে হচ্ছে কতদিন বাইরের জগৎটা দেখিনি!”
কথাটা বলে নিজেই একটু হেসে ফেলল সে। অথচ এই কয়েক ঘণ্টা আগেও এই বাইরের জগৎটুকু দেখার আশাটুকুই তার কাছে প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল!
রাগীব বন্ধুর কাঁধে হাত রেখে বলল, “শুধু বাইরের জগৎ নয়, বন্ধু! বাইরে তোর জন্য আরও অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে!”
ঋষভ অবাক হয়ে তাকাল।
“কারা রে?”
রাগীব রহস্যময় হাসি হেসে বলল, “চল না! বাইরে গেলেই দেখতে পাবি!”
কমান্ডার শিন্ডের নেতৃত্বে সবাই ঘর থেকে বেরিয়ে এল। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে বাড়ির বাইরের করিডোর ধরে এগোতে লাগল ওরা। দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন আসাম রাইফেলস ও মায়ানমার বর্ডার গার্ডের সশস্ত্র জওয়ানরা। ঋষভদের দেখতে পেয়ে কেউ কেউ সামরিক কায়দায় স্যালুট জানালেন।
ঋষভ কিছুটা অবাক হয়ে চারদিকে তাকাল। যে বাড়িটার অন্ধকার ঘরে কিছুক্ষণ আগেও তাকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হচ্ছিল, সেই বাড়িতেই এখন নিরাপত্তারক্ষীদের এমন সুশৃঙ্খল উপস্থিতি! পরিস্থিতি যেন একেবারে পালটে গেছে।
অবশেষে ওরা বাড়ির বাইরে এসে দাঁড়াল।
তখনও রাতের অন্ধকার পুরোপুরি কাটেনি। পূর্ব আকাশের একেবারে নিচে আবছা আলোর আভাস দেখা যাচ্ছে। পাহাড়ের মাথাগুলো অন্ধকারে ডুবে আছে। চারদিকে রাতের শেষ প্রহরের নিস্তব্ধতা, তার মধ্যে মাঝে মাঝে ভেসে আসছে জওয়ানদের কথাবার্তা আর বুটের শব্দ।
ঋষভ বাইরে পা রাখতেই গভীরভাবে শ্বাস নিল। এতক্ষণ ধরে বন্ধ ঘরের রাসায়নিক গন্ধ আর বদ্ধ বাতাসের মধ্যে থাকার পর এই নির্মল পাহাড়ি বাতাস যেন তার সমস্ত শরীর-মন জুড়িয়ে দিল।
আর তখনই তার চোখে পড়ল কয়েকজনকে।
জওয়ানদের একটু দূরে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হালিমপুই দিদি। তাঁর পাশে জুয়ালি আর সাইলো।
ঋষভ কয়েক মুহূর্ত অবিশ্বাসের দৃষ্টিতে তাঁদের দিকে তাকিয়ে রইল।
ওরাও এসেছে!
ওকে উদ্ধার করার জন্য ওরাও এতটা পথ ছুটে এসেছে!
ঋষভ কিছু বলার আগেই সাইলো তাকে দেখতে পেয়ে ছুটে এল। এসে দুহাতে ঋষভের হাত চেপে ধরল। তার চোখেমুখে তখন স্বস্তি, আনন্দ আর আবেগের মিশ্র ছাপ।
“Rishv! My friend! Thank God, you are okay!”
কথাটা বলতে বলতে সাইলোর চোখের কোণ চিকচিক করে উঠল। সে আর কিছু বলতে পারল না। শুধু বন্ধুর হাত দুটো শক্ত করে ধরে রইল, যেন আর একবার চোখের আড়াল হয়ে গেলেই ঋষভ আবার হারিয়ে যাবে।
ঋষভ মৃদু হেসে বলল, “আমি ঠিক আছি, সাইলো। তোমাদের সবাইকে আবার দেখতে পাব, ভাবতেই পারিনি!”
হালিমপুই দিদি এগিয়ে এসে ঋষভের মাথায় স্নেহের হাত রাখলেন।
“সত্যিই ঈশ্বরকে ধন্যবাদ, ঋষভ! এত বড় বিপদের মধ্যে পড়েও তোমাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি—এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ। ওই নিষ্ঠুর লোকগুলোর ডেরায় তোমাকে কী অবস্থায় রাখা হয়েছিল, ভাবলেও গা শিউরে ওঠে!”
ঋষভ একটু চুপ করে রইল। তারপর বলল, “দিদি, আপনাদের সবাইকে আবার দেখতে পাব, এই আশাটুকুই আমাকে শেষ পর্যন্ত লড়াই করার সাহস দিয়েছে।”
রাগীব এবার কথার মধ্যে ঢুকে পড়ল।
“নিষ্ঠুর বলছ দিদি? ওরা কতটা ভয়ংকর কাজ করছিল, জানো? ওই বাড়িতে কয়েক হাজার কোটি টাকার ইয়াবা মজুত করে রাখা হয়েছিল! ওই মাদক যদি দেশের পর দেশ ছড়িয়ে পড়ত, তাহলে কত পরিবার যে ধ্বংস হয়ে যেত, তার হিসাব নেই!”
কথাটা শুনে জুয়ালির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে রাগীবের দিকে তাকিয়ে রইল।
“Oh my God!”
তারপর আতঙ্কে চোখ বন্ধ করে মাথা নাড়ল সে।
“টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে? সমাজের ছোট ছোট ছেলেমেয়েদের নেশার অন্ধকারে ঠেলে দিতে এদের একটুও বুক কাঁপে না? এদের নিজেদের কি ছোট ভাইবোন নেই? পরিবার নেই?”
রাগীবের মুখ গম্ভীর হয়ে উঠল।
“না, জুয়ালি। এদের কাছে সম্পর্কের কোনও দাম নেই। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিবার—কিছুই নয়। এদের কাছে সবকিছুর ঊর্ধ্বে শুধু মুনাফা। সেই মুনাফার জন্য অন্যের জীবন ধ্বংস করতেও এদের হাত কাঁপে না।”
কিছুক্ষণ থেমে সে জুয়ালি, সাইলো আর হালিমপুই দিদির দিকে তাকাল।
“কিন্তু পৃথিবীতে তোমাদের মতো মানুষও আছে। যারা অন্যের দুঃখে পাশে দাঁড়ায়, অসহায় মানুষকে সাহায্য করে, বিপথে চলে যাওয়া মানুষকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করে। বিপ্লব চক্রবর্তী, জাতাঙ্গারা যদি সমাজের অন্ধকার হয়, তাহলে তোমরা হলে সেই অন্ধকারের মধ্যে জ্বলে থাকা আলো। তোমরাই মানুষকে মনে করিয়ে দাও, পৃথিবীতে এখনও ভালোবাসা বেঁচে আছে!”
কথাগুলো শুনে জুয়ালি একটু লাজুক হাসল। সে মুখ নামিয়ে নিল, কিন্তু তার চোখেমুখে ফুটে উঠল এক ধরনের গভীর তৃপ্তি।
সাইলো মৃদু হেসে ঋষভের কাঁধে হাত রাখল।
“বন্ধু, তুমি ফিরে এসেছ—এটাই এখন সবচেয়ে বড় কথা। বাকিটা পরে হবে!”
সবাই হেসে উঠল। দীর্ঘ আতঙ্ক আর উৎকণ্ঠার পর সেই হাসির মধ্যে যেন একটু স্বস্তির বাতাস বয়ে গেল।
এবার হালিমপুই দিদি চারদিকে তাকিয়ে বললেন, “ঋষভ, তোমাকে মায়ানমারের ঠিক কোন জায়গায় বন্দি করে রাখা হয়েছিল, জানো?”
ঋষভ মাথা নাড়ল।
“না দিদি। এই বাড়িটার ভিতরে ঢোকার পর থেকে বাইরে কিছুই দেখতে পাইনি। জায়গাটা কোথায়, বুঝতেই পারিনি!”
হালিমপুই দিদি বললেন, “তুমি রিখাওদারের কাছে, রি-দিল লেকের আশপাশেই ছিলে। এখন রাত বলে চারপাশটা ভালো করে বুঝতে পারছ না। তবে ভোর হতে আর বেশি দেরি নেই।”
তিনি পূর্ব আকাশের দিকে তাকালেন। দিগন্তে রাতের অন্ধকারের গায়ে যেন কেউ হালকা রুপোলি রং মাখিয়ে দিয়েছে।
“চলো, আমরা সবাই রি-দিল লেকের ধারে যাই। ওটা আমাদের মিজো জাতির কাছে অত্যন্ত পবিত্র একটি হ্রদ। কত লোককথা, কত বিশ্বাস, কত স্মৃতি জড়িয়ে আছে এই লেককে ঘিরে! আজকের রাতটা আমাদের সবার কাছেই খুব কঠিন ছিল। তাই আমার মনে হচ্ছে, নতুন দিনের প্রথম সূর্যোদয়টা আমরা সবাই একসঙ্গে দেখব।”
একটু থেমে তিনি স্নিগ্ধ কণ্ঠে বললেন, “সারারাতের অন্ধকার পেরিয়ে যখন সূর্য ওঠে, তখন মনে হয় প্রকৃতি যেন নতুন করে বেঁচে ওঠে। চলো, সেই নতুন ভোরের আলোয় আমাদের মন, প্রাণ আর আত্মাকে স্নান করিয়ে আসি!”
কথাগুলো শুনে ঋষভের বুকের মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠল। কয়েক ঘণ্টা আগেও সে ভেবেছিল, হয়তো আর কোনও দিন সূর্যের আলো দেখতে পাবে না। অথচ আজ সেই সূর্যোদয় দেখার জন্যই তারা সবাই একসঙ্গে এগিয়ে চলেছে!
রাগীব বন্ধুর দিকে তাকিয়ে হাসল।
“কী রে, চলবি তো?”
ঋষভ মৃদু হেসে বলল, “চলব না মানে? এতক্ষণ তো অন্ধকারেই ছিলাম। এবার একটু আলোয় দাঁড়ানো যাক!”
কমান্ডার শিন্ডে এবং মায়ানমার বর্ডার গার্ডের কমান্ডারের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে সকলে রওনা হল রি-দিল লেকের দিকে।
পিছনে পড়ে রইল সেই দুর্ভেদ্য বাড়ি, অন্ধকার ঘর, মাদক পাচারের গোপন আস্তানা আর অপরাধীদের দীর্ঘদিনের সাজানো সাম্রাজ্য।
সামনে অপেক্ষা করছে নতুন ভোর।
ভোরের আলো একটু একটু করে ফুটে উঠছে। রাতের অন্ধকারের পর্দা সরিয়ে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে ভারত-মায়ানমার সীমান্তের পার্বত্য প্রকৃতির অপরূপ রূপ। চারদিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সবুজ পাহাড়। তাদের মাঝখানে বিস্তীর্ণ সবুজ তৃণভূমির উপত্যকা। আর সেই তৃণভূমির বুকের মধ্যে শান্তভাবে শুয়ে আছে একটি সরোবর—রি-দিল লেক।
মিজো লোকবিশ্বাসে এই সরোবর আত্মাদের পরলোকযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা এক পবিত্র স্থান।
রাগীব আর ঋষভ মুগ্ধ বিস্ময়ে চারদিকে তাকিয়ে রইল।
আলো আরও বাড়তে সরোবরটির রূপ স্পষ্ট হয়ে উঠল। তার অবয়ব অনেকটা হৃদয়ের মতো। শান্ত জলে আকাশের আবছা রং মিশে রয়েছে। ভোরের প্রথম আলো এসে পড়তেই জলরাশি চিকচিক করে উঠল, যেন অসংখ্য ক্ষুদ্র মুক্তো জলের উপর ছড়িয়ে রয়েছে।
রাগীবের মনে হল, এ যেন প্রকৃতির নিজের হৃদয়! পৃথিবীর সমস্ত স্নেহ, মমতা আর ভালোবাসা যেন এই সরোবরের স্বচ্ছ জলে এসে মিশেছে। চারপাশের পাহাড়, সবুজ উপত্যকা আর নিস্তব্ধ জলরাশি মিলেমিশে সৃষ্টি করেছে এক অপার্থিব প্রশান্তি।
এতক্ষণ যে পৃথিবীকে সে দেখেছে অপরাধ, হিংসা, লোভ আর মৃত্যুভয়ের মধ্য দিয়ে, এই মুহূর্তে সেই পৃথিবীকেই তার মনে হল আশ্চর্য সুন্দর!
পূর্ব দিগন্তে পাহাড়ের দুটি চূড়ার মাঝখান দিয়ে ধীরে ধীরে উঁকি দিল সূর্য। প্রথমে আকাশের গায়ে ছড়িয়ে পড়ল গোলাপি আভা। তারপর সেই আভা ক্রমশ সোনালি হয়ে উঠল। পাহাড়ের গায়ে, ঘাসের ডগায়, সরোবরের জলে ছড়িয়ে পড়ল নতুন দিনের প্রথম আলো।
রাগীব একদৃষ্টে সূর্যোদয়ের দিকে তাকিয়ে রইল।
তার মনে হল, এই সূর্যোদয় শুধু একটি নতুন দিনের সূচনা নয়—এ যেন অন্ধকারের বিরুদ্ধে আলোর চিরন্তন ঘোষণা।
সে মনে মনে প্রার্থনা করল, এইভাবেই পৃথিবীর প্রতিটি দেশের, প্রতিটি সমাজের অন্ধকার দূর হয়ে যাক। লোভের অন্ধকার, হিংসার অন্ধকার, মাদকের অন্ধকার—সবকিছুকে সরিয়ে দিয়ে মানুষের জীবনে ফিরে আসুক সুস্থতা, ভালোবাসা আর আশার আলো।
হঠাৎ তার মনে পড়ে গেল মাদকাসক্ত কিশোর রোহলুনার মুখ। মনে পড়ে গেল ছেলেটির অসহায় মায়ের করুণ মুখখানা। নিজের সন্তানকে নেশার ভয়ংকর গ্রাস থেকে ফিরিয়ে আনার জন্য তাঁর আকুলতা যেন এখনও রাগীবের চোখের সামনে ভাসছে।
রাগীবের বুকের ভিতরটা ভারী হয়ে উঠল।
কত মা প্রতিদিন এমন অসহায় যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন! কত পরিবার নিঃশব্দে ভেঙে যাচ্ছে মাদকের অভিশাপে! কত সম্ভাবনাময় জীবন অন্ধকারে হারিয়ে যাচ্ছে!
সে মনে মনে প্রার্থনা করল—
পৃথিবীর কোনও মাকে যেন আর সন্তানের জন্য এভাবে কাঁদতে না হয়। কোনও তরুণ যেন মাদকের নেশায় নিজের জীবন নষ্ট না করে। প্রতিটি সন্তান সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত হয়ে বেড়ে উঠুক। প্রতিটি ঘরে ফিরে আসুক শান্তি আর হাসি।
ঠিক সেই সময় জুয়ালি তার পাশে এসে দাঁড়াল।
“কী ভাবছ, রাগীব?”
রাগীব তার দিকে তাকিয়ে মৃদু হাসল।
“যা ভাবছি, তা যদি একটা ট্যাগোর সং দিয়ে প্রকাশ করি, শুনবে?”
জুয়ালি হেসে বলল, “Why not? আমরা তো সবাই ট্যাগোরের গানের ভক্ত! তুমি জানো, মিজো ভাষায় রবীন্দ্রনাথের কত গান অনুবাদ করে গাওয়া হয়েছে?”
রাগীবের মুখে হাসি ফুটে উঠল।
সত্যিই, রবীন্দ্রনাথ বিশ্বকবি। তাঁর গান ভাষার সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায়। ভালোবাসা, বেদনা, মুক্তি আর আশার যে বাণী তাঁর গানে ধ্বনিত হয়েছে, তা কোনও একটি দেশ বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়।
রাগীব একবার রি-দিল সরোবরের দিকে তাকাল। তারপর দৃষ্টি ফেরাল পূর্ব দিগন্তে—যেখানে পাহাড়ের ফাঁক দিয়ে উঠে আসছে গোলাপি সূর্য।
চারদিকে তখন নতুন দিনের আলো। পাহাড়ের নীরবতা, সরোবরের শান্ত জল আর ভোরের স্নিগ্ধ বাতাস যেন অপেক্ষা করে আছে তার গানের জন্য।
রাগীব ধীরে ধীরে গেয়ে উঠল—
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও॥
এক মুহূর্তের জন্য চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল।
তারপর বিয়াকা, লিয়ানা, জুয়ালি, সাইলো, ঋষভ—একে একে সবাই গলা মেলাল সেই গানের সঙ্গে।
সেই গানের সুর ছড়িয়ে পড়ল রি-দিলের শান্ত জলের উপর দিয়ে, সবুজ উপত্যকা পেরিয়ে দূরের পাহাড়ের দিকে। ভোরের বাতাসে মিশে গেল মানুষের কণ্ঠ আর রবীন্দ্রনাথের অমর বাণী।
কমান্ডার শিন্ডে এবং মায়ানমার বর্ডার গার্ডের কমান্ডারও নীরবে দাঁড়িয়ে রইলেন। তাঁদের সামনে কোনও অপরাধীকে ধরার অভিযান নেই, কোনও অস্ত্রের ঝনঝনানি নেই, কোনও মৃত্যুভয় নেই। আছে শুধু এক নতুন দিনের আলো আর মানুষের সম্মিলিত কণ্ঠে উচ্চারিত আশার গান।
রি-দিলের জলে তখন সূর্যের সোনালি আলো ঝিকমিক করছে।
রাগীবের মনে হল, এই আলোর মতোই একদিন পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হবে। হয়তো একদিনে নয়, হয়তো এক জীবনে নয়—কিন্তু মানুষের ভালোবাসা, সাহস আর শুভবোধের কাছে অন্ধকারকে শেষ পর্যন্ত হার মানতেই হবে।
রি-দিল লেকের ধারে নতুন সূর্য উঠল।
সেই সূর্যের আলোয় ধুয়ে গেল দীর্ঘ রাতের আতঙ্ক, মৃত্যুভয় আর অন্ধকারের স্মৃতি।
প্রকৃতির কোলে দাঁড়িয়ে কয়েকটি মানুষ একসঙ্গে গেয়ে উঠল মুক্তির গান।
আর পাহাড়ের বুক পেরিয়ে, সরোবরের জলের উপর দিয়ে, সেই গানের সুর যেন নীরবে বয়ে নিয়ে গেল এক চিরন্তন বার্তা—
অন্ধকার যত গভীরই হোক, মানুষের হৃদয়ে আলো জ্বালানোর গান কোনও দিন থেমে থাকে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন