মুরলেনের বাঁশী সাতাশতম পর্ব

প্রথমে মনে হলো, মাথার ভেতর কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে! পরক্ষণেই সেই যন্ত্রণা ছড়িয়ে পড়ল গোটা মাথায়। দপদপ করে যেন শিরার মধ্যে রক্তের বদলে আগুন ছুটছে! চোখের পাতাদুটো মেলতেও অসম্ভব কষ্ট হচ্ছে। চোখের গোলকেও তীব্র যন্ত্রণা!

অনেক কষ্টে ধীরে ধীরে চোখ খুলল ঋষভ। কিন্তু সামনে ঘন অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। চোখের যন্ত্রণা তখনও কমেনি। বাধ্য হয়ে আবার চোখ বুজল সে।

কিছুক্ষণ পর ধীরে ধীরে ফিরে আসতে লাগল তার সমস্ত অনুভূতি। প্রথমেই নাকে এল একটা অদ্ভুত গন্ধ। ঝাঁঝালো নয়, বরং মিষ্টি ধরনের, অথচ কেমন যেন অস্বস্তিকর! গন্ধটা যেন নাকের পথ বেয়ে মাথার ভেতর ঢুকে সেখানে জমাট বেঁধে রয়েছে। মাথাটা ভারী লাগছে, চোখের পাতাও যেন পাথরের মতো ভারী হয়ে আছে।

কিন্তু এই গন্ধটা কীসের?

কোথায় আছে সে?

প্রশ্ন দুটো মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল। চারপাশে এমন নিস্তব্ধতা যে, নিজের শ্বাসপ্রশ্বাসের শব্দও স্পষ্ট শুনতে পাচ্ছে ঋষভ। কোথাও কোনও পাখির ডাক নেই, মানুষের গলার আওয়াজ নেই, এমনকি দূরে কোথাও কোনও যানবাহনের শব্দও ভেসে আসছে না।

ধীরে ধীরে উঠে বসতে গেল সে। সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণাটা যেন কয়েক গুণ বেড়ে গেল। দুহাতে কপাল চেপে ধরে বসে রইল কিছুক্ষণ। চোখ বন্ধ রেখেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল।

তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে চারপাশটা বোঝার চেষ্টা করল ঋষভ। হাতের আঙুলে ঠেকল শক্ত কিছু। হাত বোলাতেই বুঝল, একটা তক্তাপোশ। কাঠের শক্ত পাটাতনের উপর কোনওরকমে পাতা রয়েছে একটা পাতলা বিছানা। তার উপরেই শুয়ে ছিল সে।

একদিকে হাত বাড়াতেই ঠান্ডা, খসখসে একটা পৃষ্ঠে হাত ঠেকল। দেওয়াল!

কাঠের দেওয়াল। ঋষভের কপালে ভাঁজ পড়ল। 

কাঠের দেওয়াল? সে কি কোনও কাঠের ঘরে রয়েছে?

ধীরে ধীরে চোখ মেলে তাকাল সে। অন্ধকারের সঙ্গে চোখ দুটোকে মানিয়ে নেওয়ার চেষ্টা করল। কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। সামান্য দূরের জিনিসও স্পষ্ট দেখতে পাচ্ছে না।

কোথায় সে? কীভাবে এখানে এল? কী হয়েছিল তার?

মাথার যন্ত্রণার মধ্যেই স্মৃতির অতল থেকে ধীরে ধীরে ভেসে উঠতে লাগল আগের ঘটনাগুলো।

মুরলেনের সেই গভীর জঙ্গল। ঝরনার দিকে এগিয়ে যাচ্ছিল ওরা। চারপাশে ঘন গাছপালা, মাথার উপর আকাশ দেখা দায়। ঝরনার কুলকুল শব্দ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। ঠিক তখনই—

ফি......ই...ই...ঊউউউ!

বাঁশির সেই অদ্ভুত আওয়াজ!

ঋষভের বুকের মধ্যে যেন একটা মোচড় দিয়ে উঠল।

না! ওটা মুরলেনের সেই রহস্যময় প্রাকৃতিক বাঁশির আওয়াজ ছিল না। ওটা ছিল মানুষের বাজানো বাঁশি! কৃত্রিম, পরিকল্পিত! আর সেই শব্দ শোনার পরেই তো সবকিছু ওলটপালট হয়ে গেল!

মুহূর্তের মধ্যে কালো পোশাক আর কালো মুখোশ পরা চারটে লোক অটোমেটিক বন্দুক হাতে ওদের ঘিরে ধরেছিল। তারপর সেখানে এসে পৌঁছেছিল পুলিশের দল। শুরু হয়ে গিয়েছিল দুপক্ষের মধ্যে গুলির লড়াই।

সেই সময় রাগীবের সঙ্গে একটা বড় পাথরের আড়ালে আশ্রয় নিয়েছিল ঋষভ। চারদিকে গুলির শব্দ, চিৎকার, ছোটাছুটি—সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি!

তারপরেই আচমকা একটা লোক কোথা থেকে এসে সোজা তার উপর ঝাঁপিয়ে পড়েছিল!

কিছু বুঝে ওঠার আগেই লোকটা কালো কাপড় দিয়ে তার চোখ-মুখ শক্ত করে বেঁধে দিয়েছিল। পরক্ষণেই নাকে এসেছিল সেই অদ্ভুত মিষ্টি গন্ধটা। কীসের গন্ধ, বোঝার আগেই মাথাটা ঝিমঝিম করে উঠেছিল। হাত-পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল লোকটা।

তারপর? তারপর আর কিছু মনে নেই!

জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে শুধু রাগীবের আতঙ্কিত গলাটা শুনতে পেয়েছিল সে, “ঋষভকে ছেড়ে দে! তোরা আমার সঙ্গে কথা বল! যা বলার, আমাকে বল!”

তারপর সব অন্ধকার!

ঋষভ ধীরে ধীরে চোখ খুলল।

সেই অন্ধকার তো আবার ফিরে এসেছে! কিন্তু এবারের অন্ধকার অন্যরকম। এখানে গুলির শব্দ নেই, রাগীবের গলা নেই! 

আছে শুধু এই অচেনা ঘর, মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা আর নাকে লেগে থাকা সেই অদ্ভুত মিষ্টি গন্ধ।

তাহলে কি ওরা তাকে অপহরণ করে এখানে নিয়ে এসেছে?

প্রশ্নটা মনে আসতেই বুকের ভিতরটা হিম হয়ে গেল ঋষভের।

রাগীব, লিয়ানা, বিয়াকা—ওরা এখন কোথায়? ওরা কি বেঁচে আছে? পুলিশ কি সেই মুখোশধারীদের ধরতে পেরেছে?

নাকি...

নাকি ওদেরও অপহরণ করা হয়েছে! এই মুহূর্তে ওর মতোই ওরাও কেউ কোনও অন্ধকার ঘরে বন্দি হয়ে রয়েছে?

ভাবনাটা মাথায় আসতেই অজান্তেই মুঠো পাকিয়ে উঠল ঋষভের হাত। 

না! এভাবে ভেঙে পড়লে চলবে না। আগে জানতে হবে, সে কোথায় আছে। তারপর খুঁজে বের করতে হবে এখান থেকে বেরোনোর পথ।

পকেটে হাত দিল ঋষভ। কিন্তু পরক্ষণেই মুখটা শুকিয়ে গেল তার। সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ—কিছুই নেই! সব কেড়ে নিয়েছে ওরা! হতাশায় মনটা ভারী হয়ে এল তার। কিন্তু এভাবে হতাশ হয়ে বসে থাকলে চলবে না।

নিজেকে মনে মনে শক্ত করে ধীরে ধীরে উঠে বসল ঋষভ। বেশ কিছুক্ষণ অন্ধকারে থাকার ফলে চোখ দুটো এখন অন্ধকারের সঙ্গে কিছুটা মানিয়ে নিয়েছে। আবছা অন্ধকারেও ঘরের একদিকে দেওয়ালের গায়ে যেন সরু একটা রেখা চোখে পড়ল তার। ভালো করে তাকাতেই মনে হলো, দেওয়ালের কোথাও একটা ফাঁক রয়েছে। সেই ফাঁক দিয়েই ভেতরে ঢুকছে শীতল বাতাসের মৃদু প্রবাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, বাইরে থেকে একটুও আলো আসছে না!

তার মানে কি এখন রাত?

নাকি এমন কোনও জায়গায় তাকে আটকে রাখা হয়েছে, যেখানে দিনের আলোও পৌঁছতে পারে না?

মাথার মধ্যে প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগল। কিন্তু এখন সেসব ভাবার সময় নেই।

তক্তাপোশের কিনারা পর্যন্ত এগিয়ে এল সে। তারপর সাবধানে পা নামাল নিচে।

খসখসে, শক্ত একটা পৃষ্ঠে পা ঠেকল। কাঠের মেঝে!

তার মানে ঘরটা কাঠের তৈরি। কাঠের দেওয়াল, কাঠের মেঝে, এমনকি যে তক্তাপোশে সে শুয়ে ছিল, সেটাও কাঠের।

ধীরে ধীরে দু-পা এগোল ঋষভ। অন্ধকারে হাত বাড়িয়ে দেওয়াল খুঁজতে লাগল। কোথাও কোনও দরজা কিংবা জানলার সন্ধান পাওয়া যায় কি না, সেটাই এখন তার উদ্দেশ্য।

হঠাৎ সামনের দিকে এগোতে গিয়ে শরীরটা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেল।

বুকটা ছ্যাঁত করে উঠল তার!

এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল ঋষভ। তারপর হাত বাড়িয়ে বস্তুটাকে স্পর্শ করতেই বুঝল, ওটা একটা কাঠের টেবিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে।

টেবিলের কিনারা ধরে ধীরে ধীরে এগিয়ে গেল। সামনেই আবার দেওয়াল। দেওয়ালে হাত বুলিয়ে বুলিয়ে খুঁজতে লাগল কোনও সুইচ বা দরজার হাতল। যদি একটা আলোর ব্যবস্থা করা যায়!

কিছুক্ষণ হাতড়ানোর পর হঠাৎ আঙুলে ঠেকল একটা শক্ত প্লাস্টিকের পাত।

সুইচবোর্ড!

উত্তেজনায় বুকের ভিতরটা একটু নড়ে উঠল ঋষভ। হাতড়ে হাতড়ে সুইচটা খুঁজে নিয়ে টিপে দিল।

পরমুহূর্তেই ঘরের এক কোণে জ্বলে উঠল একটা বাল্ব।

আলো বলতে অবশ্য সেই আধুনিক সাদা এলইডি বাল্বের ঝকঝকে উজ্জ্বলতা নয়। হলদেটে আভার একটা পুরোনো দিনের বাল্ব, বড়জোর পঁচিশ ওয়াটের। তার টিমটিমে আলোয় ঘরের অন্ধকার পুরোপুরি কাটল না ঠিকই, তবে চারপাশটা বোঝার মতো আলো পাওয়া গেল।

চোখ সয়ে আসতেই ঘরটার দিকে ভালো করে তাকাল ঋষভ।

একটা কাঠের ঘর। মেঝে, দেওয়াল, ছাদ—সবই কাঠের তৈরি। ঘরের একপাশে সেই তক্তাপোশ, যার উপর এতক্ষণ শুয়ে ছিল সে। তার পাশে একটা কাঠের টেবিল আর একটা কাঠের চেয়ার। এই তিনটি আসবাব ছাড়া ঘরে আর কিছুই নেই।

অন্তত প্রথম দর্শনে তেমনটাই মনে হলো।

কিন্তু পরক্ষণেই চোখ আটকে গেল ঘরের অন্যদিকে।

সেখানে সারি সারি কার্টন সাজানো!

বেশ কয়েকটা কার্টন মেঝের উপর রাখা, কয়েকটা আবার একটার উপর আরেকটা চাপিয়ে স্তূপ করে রাখা হয়েছে। ঘরের বেশ খানিকটা জায়গা জুড়ে রয়েছে সেগুলো।

ঋষভের নাকে সেই অদ্ভুত গন্ধটা আবার তীব্র হয়ে উঠল। এবার বুঝতে পারল, গন্ধটা আসছে ওই কার্টনগুলোর দিক থেকেই।

কী আছে ওগুলোর মধ্যে?

কোনও রাসায়নিক পদার্থ? নাকি অন্য কিছু?

একটা কার্টনের কাছে গিয়ে পরীক্ষা করার ইচ্ছে হলো তার। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। আগে নিজের পরিস্থিতিটা বোঝা দরকার। কার্টনগুলো পরে দেখা যাবে।

ঘরের চারদিকে চোখ বোলাতে গিয়ে আরও একটা বিষয় লক্ষ করল সে।

কোথাও কোনও জানলা নেই!

যে দেওয়ালে একটু আগে ফাঁক দেখতে পেয়েছিল বলে মনে হয়েছিল, সেটাও আসলে দেওয়ালের জোড়ের কোনও অংশ হতে পারে। বাইরে থেকে আলো আসার কোনও পথই চোখে পড়ছে না।

তবে বেরোনোর পথ নিশ্চয়ই একটা আছে!

ঘরের একপাশে কাঠের দরজা দেখা যাচ্ছে। আর কিছু না ভেবে প্রায় ছুটে গেল ঋষভ। দরজার হাতল ধরে টান দিল।

দরজা খুলল না।

আরও জোরে টানল সে। তারপর দুহাতে পাল্লা ধরে ধাক্কা দিল।

নাঃ! কোনও লাভ হলো না।

দরজাটা বাইরে থেকে বন্ধ করা!

ঋষভ এবার দরজার পাল্লায় কান পাতল। বাইরে কারও পায়ের শব্দ শোনা যায় কি না, বোঝার চেষ্টা করল। কিন্তু কোনও শব্দ নেই। নিস্তব্ধতা যেন আরও ঘন হয়ে উঠেছে।

তার মানে সে সত্যিই বন্দি!

কথাটা মনে হতেই বুকের মধ্যে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। তবে আতঙ্কিত হয়ে লাভ নেই। নিশ্চয়ই অন্য কোনও পথ আছে।

দরজার পাশেই চোখে পড়ল আরেকটা ছোট দরজা। সেটা এতক্ষণ নজরে আসেনি।

দ্রুত এগিয়ে গিয়ে হাতল ধরে চাপ দিতেই দরজাটা ক্যাঁচ করে খুলে গেল।

ভেতরে একটা ছোট্ট ঘর।

টয়লেট!

কাঠের দেওয়াল ঘেরা ছোট্ট একটা টয়লেট। একেবারে মাথার কাছাকাছি নয়, বেশ খানিকটা উপরে দেওয়ালের গায়ে একটা ছোট ভেন্টিলেটর রয়েছে। ঋষভ ঘরের মধ্যে ঢুকে মাথা তুলে তাকাল।

ভেন্টিলেটরের ওপাশেও ঘুটঘুটে অন্ধকার।

একটুক্ষণ তাকিয়ে রইল সে। তারপর চারপাশটা ভালো করে দেখে নিল। ভেন্টিলেটরটা এত উঁচুতে যে, কোনও কিছুর উপর না উঠে সেখানে পৌঁছনোই অসম্ভব। আর পৌঁছতে পারলেও লাভ কী? ওইটুকু সরু ফাঁক দিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষের বেরিয়ে আসা কার্যত অসম্ভব।

হতাশ হয়ে মাথা নিচু করল ঋষভ।

বেরোনোর পথ বলতে আপাতত ওই একটাই দরজা। আর সেটাও বাইরে থেকে বন্ধ।

ধীরে ধীরে টয়লেট থেকে বেরিয়ে আবার মূল ঘরটার দিকে তাকাল সে।

তক্তাপোশ। টেবিল। চেয়ার। সারি সারি কার্টন। আর বাইরে থেকে বন্ধ একটা দরজা।

এইটুকুই তার পৃথিবী এখন! কিন্তু কেন? কেন তাকে এভাবে বন্দি করে রাখা হয়েছে? ওকে নিয়ে ওরা কি করতে চায়?

আর ওই কার্টনগুলোই বা কীসের?

ঋষভের চোখ ধীরে ধীরে কার্টনগুলোর দিকে চলে গেল।

হয়তো এই ঘরের মধ্যেই লুকিয়ে আছে তার বন্দিত্বের রহস্য।

ঘরের টিমটিমে বাল্বটার দিকে একবার তাকাল ঋষভ। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল কার্টনগুলোর দিকে। সামনের একটা কার্টনের উপরটা খুলতেই ভিতরে হাত পড়ল শক্ত প্লাস্টিকের কোনও জিনিসে। হাত ঢুকিয়ে একটা বের করে আনল সে। পরক্ষণেই বুকটা ধক করে উঠল!

এ তো সেই কৌটো!

যে ধরনের কৌটোয় ভরা হয় হারবাল মেডিসিন! আবার সেই কৌটোর কোনও কোনটায় ভরে দেওয়া হয় ভয়ংকর মাদক ইয়াবা!

ঋষভ কৌটোটা হাতে নিয়ে এপাশ-ওপাশ করে দেখল। না, কৌটোটা একেবারে খালি। গায়ে সেই পরিচিত গোলাপি লেবেলটাও নেই! তাড়াতাড়ি কার্টনের ভিতরটা উঁকি দিয়ে দেখল সে। একটার পর একটা একই ধরনের খালি কৌটো সাজানো রয়েছে সেখানে। পাশের কার্টনটাও খুলে দেখল। সেখানেও একই জিনিস!

কিন্তু গন্ধটা আসছে কোথা থেকে?

কৌটোটা নাকের কাছে নিয়ে শুঁকল ঋষভ। তারপর কার্টনের ভিতরটা ভালো করে পরীক্ষা করল। কয়েক মুহূর্ত পর তার মুখে স্বস্তির আভাস ফুটে উঠল। গন্ধটা কোনও মাদকের নয়। বরং নতুন প্লাস্টিক আর নতুন কার্টনের গন্ধই এমন একটা মিষ্টি, অস্বস্তিকর আবহ তৈরি করেছে ঘরের মধ্যে।

যাক! এই ঘরে অন্তত কোনও মাদক নেই!

কিন্তু পরক্ষণেই তার মুখের স্বস্তির হাসিটা মিলিয়ে গেল।

মাদক নেই, কিন্তু মাদকের কারবারের সঙ্গে এই ঘরের যে গভীর যোগ রয়েছে, তাতে কোনও সন্দেহ নেই!

এতগুলো খালি কৌটো এখানে মজুত করে রাখা হয়েছে কেন? নিশ্চয়ই কোনও উদ্দেশ্য আছে! এই কৌটোগুলোতেই হারবাল মেডিসিন ভরে বাইরে পাঠানো হবে। আর সেই মেডিসিনের আড়ালে যদি ইয়াবার মতো নিষিদ্ধ মাদক পাচার করা হয়, তাহলে তো পুরো ব্যাপারটাই পরিষ্কার!

রাগীবের কথাই তাহলে ঠিক!

মুরলেনের জঙ্গলে ওদের উপর যারা হামলা করেছিল, তারা নিছক কিছু দুষ্কৃতী নয়। এই মাদক পাচারচক্রেরই লোক! আর এই চক্রের পিছনে যদি সত্যিই বিপ্লব চক্রবর্তীর হাত থাকে, তাহলে ব্যাপারটা আরও ভয়ংকর!

ঋষভের চোখ দুটো ক্রোধে জ্বলে উঠল।

একবার শুধু এই ঘর থেকে বেরোতে পারি! একবার শুধু তোদের নাগাল পেতে দে!

মনে মনে দাঁতে দাঁত চেপে বলল সে, বিপ্লব চক্রবর্তী, তোর মুখোশ আমি খুলবই! এই মাদকচক্রের আসল চেহারা সবার সামনে নিয়ে আসব!

কিন্তু পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই ধাক্কা খেল ঋষভ।

এখন এসব ভাবার সময় নয়। আগে এখান থেকে বেরোতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। আবেগের বশে কোনও ভুল করা চলবে না।

রাগীব থাকলে এতক্ষণে নিশ্চয়ই একটা না একটা উপায় বের করে ফেলত!

কথাটা মনে হতেই বুকের ভিতরটা কেমন করে উঠল ঋষভের।

কিন্তু রাগীব কোথায়?

বিয়াকা, লিয়ানারাই বা কোথায়?

ওরাও কি এই দুষ্কৃতীদের হাতে ধরা পড়েছে? যদি পড়ে থাকে, তাহলে ওদের কোথায় আটকে রেখেছে? এই বাড়িরই অন্য কোনও ঘরে? নাকি অন্য কোথাও নিয়ে গেছে?

আর যদি ওরা ধরা না পড়ে থাকে?

যদি রাগীব, বিয়াকা আর লিয়ানা এখনও মুক্ত থাকে, তাহলে নিশ্চয়ই ওরা ওকে খুঁজছে! রাগীব তো জানে, কীভাবে ওকে চোখের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল সেই মুখোশধারীরা। নিশ্চয়ই এতক্ষণে ও আমাকে খুঁজতে চারদিক তোলপাড় করে ফেলেছে!

এই ভাবনাটুকু যেন ঋষভের মনে নতুন করে আশার আলো জ্বালল।

রাগীব ওকে খুঁজছে!

আর রাগীব যখন ওকে খুঁজছে, তখন ওকে উদ্ধার না করে ছাড়বে না!

বন্ধুর উপর এই বিশ্বাসের মধ্যে কোনও যুক্তি-তর্কের হিসেব ছিল না। ছিল না পরিস্থিতির ভয়াবহতা নিয়ে কোনও বিচার। ছিল শুধু এক সরল, অকৃত্রিম নির্ভরতা—যে নির্ভরতা মানুষ একমাত্র তার সবচেয়ে আপন বন্ধুর উপরেই রাখতে পারে।

ধীরে ধীরে তক্তাপোশটার উপর গিয়ে বসল ঋষভ। দুটো হাত জোড় করল। চোখ বুজে মনে মনে প্রার্থনা করল, “হে ঈশ্বর! রাগীব যেন কোনও বিপদে না পড়ে! ও যেন ওই লোকগুলোর হাতে ধরা না পড়ে! ওকে তুমি নিরাপদে রেখো। ও যেন ঠিক আমাকে খুঁজে পায়! ও যেন আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়!”

প্রার্থনা করতে করতে কখন যে তার চোখের কোণে জল এসে জমেছে, নিজেও বুঝতে পারেনি ঋষভ।

কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল সে। তারপর আবার চোখ বুজল। এবার ঈশ্বরের কাছে প্রার্থনা নয়, মনে মনে কথা বলতে শুরু করল তার সবচেয়ে কাছের বন্ধুটার সঙ্গে।

মনে পড়ল কোথাও যেন পড়েছিল, টেলিপ্যাথির মাধ্যমে নাকি একজন মানুষের মনের কথা অন্য একজন মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব! সত্যি কি না, তা সে জানে না। কখনও নিজে পরীক্ষা করেও দেখেনি। কিন্তু এই মুহূর্তে তার মনে হলো, একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কী?

মনটাকে যতটা সম্ভব শান্ত করল ঋষভ। মনে মনে ভেসে উঠল রাগীবের মুখটা—সেই চেনা হাসি, চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ, আর বিপদের মুহূর্তেও ঠান্ডা মাথায় সবকিছু সামলে নেওয়ার অদ্ভুত ক্ষমতা! 

রাগীবের মুখটা মনে করেই মনে মনে বলতে লাগল সে, “বন্ধু, আমি এখানে! কোথায় আছি জানি না। একটা কাঠের ঘরে বন্দি করে রেখেছে আমাকে। চারদিকে শুধু অন্ধকার আর খালি কার্টন! তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? তুই কি আমাকে খুঁজছিস?

বন্ধু, তুই একবার আয়! একবার শুধু আমাকে খুঁজে বের কর! আমি জানি, তুই পারবি! তুই ঠিক আমাকে খুঁজে পাবি!”

ঠিক সেই সময় দরজা খোলার শব্দে চমকে উঠল ঋষভ! এতক্ষণ যে দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল, সেখানে হঠাৎ খুট করে একটা শব্দ হলো। পরক্ষণেই ধীরে ধীরে খুলে গেল দরজাটা।

দরজার মুখে এসে দাঁড়াল ছোটখাটো চেহারার এক পাহাড়ি লোক। উচ্চতায় খুব বেশি নয়, গড়নটাও তেমন বলিষ্ঠ নয়। কিন্তু তার চোখেমুখে এমন একটা হিংস্র ভাব যে, লোকটাকে দেখলেই অস্বস্তি হয়। ছোট ছোট চোখ দুটোতে যেন সব সময়েই একটা নিষ্ঠুরতার ছাপ লেগে রয়েছে। নাকটা বোঁচা, ঠোঁটের কোণে কেমন একটা বাঁকা হাসি।

লোকটা একবার ঋষভকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। তারপর কোনও কথা না বলে হাতের ইশারায় তাকে বাইরে আসতে বলল।

ঋষভের প্রথমেই ইচ্ছে হলো, এক ঘুষিতে লোকটার বোঁচা নাকটাকে আরও ভোঁতা করে দেয়! তারপর সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল সে।

না, হঠকারিতা করলে চলবে না। লোকটা একা এসেছে বলেই যে বাইরে আর কেউ নেই, তার কোনও নিশ্চয়তা নেই। তার উপর সে কোথায় আছে, চারপাশে কতজন লোক রয়েছে, কিছুই জানে না ঋষভ। এখন মারপিট শুরু করে দিলে বিপদ বাড়বে বই কমবে না।

তার চেয়ে দেখা যাক, লোকটা তাকে কোথায় নিয়ে যায়!

মুখে কোনও ভাব প্রকাশ না করে ধীরে ধীরে উঠে দাঁড়াল ঋষভ। লোকটা এবার ঘুরে দাঁড়াল। তারপর বারবার হাতের ইশারায় তাকে অনুসরণ করতে বলল।

ঘরের বাইরে পা রাখতেই ঋষভের চোখে পড়ল একটা লম্বা কাঠের করিডোর। করিডোরের দুপাশে সারি সারি কাঠের দরজা। দেখতে অনেকটা হোটেলের ঘরগুলোর মতো। দরজাগুলোর গঠনও প্রায় একই রকম। একটার পর একটা ঘর চলে গিয়েছে করিডোরের দুপাশে।

কিন্তু এটা কি সত্যিই কোনও হোটেল?

না, হোটেল হলে কোথাও না কোথাও মানুষের সাড়াশব্দ পাওয়া যেত। কারও কথাবার্তা, চলাফেরা, দরজা খোলাবন্ধের আওয়াজ—অন্তত কিছু একটা! অথচ এখানে তার কিছুই নেই।

কোথাও কোনও জনপ্রাণীর চিহ্ন নেই!

এমনকি বাইরের কোনও শব্দও কানে আসছে না। গোটা জায়গাটার উপর যেন এক অস্বাভাবিক নিস্তব্ধতার চাদর বিছিয়ে রয়েছে।

করিডোরের ছাদ থেকে ঝুলছে পুরোনো আমলের কয়েকটা বাল্ব। সেগুলোর হলদেটে আলোয় কোনওরকমে পথ দেখা যাচ্ছে। আধুনিক আলোর ঝলকানি নেই, নেই বাইরের আলো-বাতাসের কোনও প্রবেশপথ। জায়গাটা যেন বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন!

ঋষভের মনে হলো, কোনও পরিত্যক্ত কাঠের বাড়ির মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বাড়িটা যদি পরিত্যক্তই হয়, তাহলে এই আলো জ্বলছে কীভাবে? আর লোকটাই বা এল কোথা থেকে?

প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল।

করিডোরের শেষ প্রান্তে এসে দেখা গেল একটা সিঁড়ি। সিঁড়ির একদিক উঠে গিয়েছে উপরের তলায়, অন্যদিক নেমে গিয়েছে নিচে।

তাহলে সে কি দোতলায়, নাকি তিনতলায়?

অনুমান করার চেষ্টা করল ঋষভ। কিন্তু নিশ্চিত হওয়ার কোনও উপায় নেই।

লোকটা এবার নিচের সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। ঋষভও নীরবে তার পিছু নিল। সিঁড়ির কাঠের ধাপে পায়ের শব্দ উঠছে খট... খট... খট...। সেই শব্দও এই নিস্তব্ধ পরিবেশে কেমন যেন অস্বাভাবিক শোনাচ্ছে।

নিচে নেমে একটা ছোট করিডোর পেরিয়ে লোকটা একটা দরজার সামনে এসে দাঁড়াল। কোনওরকম ভূমিকা না করেই দরজাটা খুলে ঋষভকে ভিতরে ঢোকার ইশারা করল।

ঋষভ ঘরে ঢুকতেই লোকটা পিছন থেকে একটা ধাক্কা দিল তাকে।

সামলে নিয়ে ঘরের ভিতরে দু-পা এগোল সে। ঠিক তার পিছনেই দরজাটা বন্ধ হয়ে গেল।

দড়াম!

শব্দটা শুনে ঋষভের বুকের ভিতরটা কেঁপে উঠল।

আবার একটা বন্ধ ঘর!

তবে আগের ঘরটার সঙ্গে এই ঘরের বেশ কিছু পার্থক্য রয়েছে। এখানেও আলো প্রায় নেই বললেই চলে। ঘরের একদিকে একটা কাচের অ্যাকোয়ারিয়াম রাখা। তার ভিতরে কয়েকটা রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে। অ্যাকোয়ারিয়ামের ভিতরে লাগানো আলোয় মাছগুলোর গায়ে নীলচে, লালচে আভা ফুটে উঠছে। সেই আলোটুকুই ঘরের অন্ধকারে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে।

কিন্তু ঘরে আর কেউ আছে কি না, তা বোঝার উপায় নেই।

ঋষভ চোখ কুঁচকে চারপাশটা দেখার চেষ্টা করল। ঘরের অন্য প্রান্তটা প্রায় অন্ধকারে ঢাকা। সেখানে কী রয়েছে, কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না।

ঠিক সেই সময় হঠাৎ ঘরের একটা তীব্র আলো জ্বলে উঠল! আচমকা আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল ঋষভের। অজান্তেই চোখ বন্ধ করে ফেলল সে। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে চোখ খুলতেই সামনের দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠল।

আর সেই দৃশ্য দেখেই বুকের ভিতরটা ধড়াস করে উঠল তার!

ঘরের অন্য প্রান্তে একটা বড় সেক্রেটারিয়েট টেবিল। টেবিলের ওপারে বসে রয়েছেন এক দীর্ঘদেহী ভদ্রলোক। পরনে পরিপাটি কর্পোরেট পোশাক। চোখে কালো ফ্রেমের চশমা। যত্ন করে ছাঁটা দাড়ি-গোঁফ। কব্জিতে দামি ঘড়ি। পাশে রাখা একটা কালো চামড়ার ব্যাগ।

ছ-ফুটেরও বেশি লম্বা মানুষটা চেয়ারে বসেও যেন নিজের উপস্থিতি দিয়ে গোটা ঘরটাকে নিয়ন্ত্রণ করছেন।

এই চেহারা ঋষভের অপরিচিত নয়! বরং এই মানুষটাকে সে খুব ভালো করেই চেনে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ঋষভ। 

লোকটা একদৃষ্টে ওর দিকে তাকিয়েই ছিল। কালো ফ্রেমের চশমার আড়াল থেকে বেরিয়ে এল সেই পরিচিত ক্রূর দৃষ্টি। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল সেই হিংস্র হাসি—যে হাসিতে সৌজন্যের লেশমাত্র নেই, আছে শুধু আত্মবিশ্বাস আর নিষ্ঠুরতার ইঙ্গিত। 

বিপ্লব চক্রবর্তী!

ঋষভের সমস্ত শরীর যেন মুহূর্তের জন্য অবশ হয়ে গেল।

তাহলে বন্ধুর অনুমানই সত্যি! আইজলের বড় বাজারের রেস্টুরেন্টে জাতাঙ্গার মারফত ইয়াবা বিক্রি,  মুরলেনের জঙ্গলে প্রাকৃতিক বাঁশী নকলের আড়ালে মাদকের কারবার, অতর্কিত হামলা, মুখোশধারী বন্দুকবাজদের আক্রমণ, তারপর তাকে অপহরণ করে এই অজানা জায়গায় বন্দি করে রাখা—সবকিছুর পিছনে তাহলে এই মানুষটাই রয়েছে! এই তাহলে সেই মাদকপাচার চক্রের প্রধান পান্ডা!  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরলেনের বাঁশী উনবিংশ পর্ব

মুরলেনের বাঁশী তেইশতম পর্ব