মুরলেনের বাঁশী উনত্রিশতম পর্ব
চামফাই জেলা হাসপাতালে পৌঁছে রাগীব দেখল, সেখানে উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছে জুয়ালি ও সাইলো। এমনকি কেইফ্যাঙ থেকে ছুটে এসেছেন হালিমপুই দিদিও! আইজল থানা থেকে ইনস্পেক্টর খিয়ান্টেও তাঁর দলবল নিয়ে হাজির হয়েছেন। রাগীবদের সঙ্গে দেখা করেই তিনি ইনস্পেক্টর চাকমার সঙ্গে ভিতরে চলে গেলেন আহতদের চিকিৎসার ব্যবস্থা তদারক করতে।
হালিমপুই দিদি ও অন্যদের দেখে বিস্ময়ে বলে উঠল রাগীব, “আপনারা এখানে?”
হালিমপুই এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, “এখানে তোমাদের নিয়ে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আর আমরা আসব না? ঋষভ কোথায়? ওর কোনও খোঁজ পেয়েছ?”
রাগীবের মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। উদ্বিগ্ন গলায় সে বলল, “না, এখনও কোনও খোঁজ পাইনি। তবে আমার প্রায় নিশ্চিত ধারণা, ওকে সীমান্ত পেরিয়ে মায়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। আজকের ঘটনাগুলো একটার পর একটা সেই দিকেই ইঙ্গিত করছে!”
জুয়ালি উৎকণ্ঠিত গলায় বলে উঠল, “তাহলে আর দেরি করে লাভ নেই! আসাম রাইফেলসের সঙ্গে যোগাযোগ করে এখনই একটা ব্যবস্থা নেওয়া দরকার। ঋষভকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করতে হবে!”
“সেটা তো করতেই হবে!” রাগীব বলল, “কিন্তু ইনস্পেক্টর চাকমা এখন রথীন স্যার আর বাকি আহতদের নিয়ে ভীষণ ব্যস্ত। ওঁদের চিকিৎসাটা শুরু হোক, স্যার একটু নিশ্চিন্তে বসুন, তারপর ওঁর সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করতে হবে।”
ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে একটি দৃঢ় কণ্ঠস্বর ভেসে এল, “অত দেরি করলে চলবে না! ঋষভকে উদ্ধারের জন্য প্রতিটা মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইতিমধ্যেই আসাম রাইফেলসের সঙ্গে যোগাযোগ করেছি। ওদের একজন কমান্ডার কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবেন।”
কথাগুলো শুনে সবাই চমকে পিছন ফিরে তাকাল।
সামনে দাঁড়িয়ে রয়েছেন বিয়াকার বাবা, কর্নেল লালরিনসাঙ্গা!
তাঁর দৃঢ়, আত্মবিশ্বাসী চোখের দিকে তাকিয়ে সবার মনেই আশার আলো জ্বলে উঠল। হয়তো এবার ঋষভকে উদ্ধারের একটা পথ খুঁজে পাওয়া যাবে!
কিছুক্ষণ পরেই হাসপাতালের মূল গেটের সামনে এসে দাঁড়াল নীল আলো জ্বালানো একটি সামরিক গাড়ি। গাড়ির দরজা খুলে নেমে এলেন সামরিক উর্দি পরা এক দীর্ঘদেহী অফিসার। তাঁর ব্যক্তিত্বে ছিল এক ধরনের কঠোর গাম্ভীর্য। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে থাকা কর্নেল লালরিনসাঙ্গাকে দেখেই তিনি এগিয়ে এসে স্যালুট ঠুকলেন।
তারপর গম্ভীর কণ্ঠে বললেন, “এবার বলুন, কর্নেল, ঠিক কী কী ঘটেছে?”
কর্নেল লালরিনসাঙ্গা রাগীবদের দিকে ইঙ্গিত করে বললেন, “পুরো ঘটনাটা ওরাই আপনাকে বলবে। ওরাই প্রথম থেকে সবকিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে। তার আগে চলুন, রিসেপশনের ওই সোফাগুলোয় বসে কথা বলা যাক।”
অফিসারটি একবার রাগীবদের দিকে তাকালেন। তাঁর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন মুহূর্তের মধ্যেই ছেলেগুলোকে পরখ করে নিলেন। তারপর সংক্ষিপ্তভাবে মাথা নেড়ে বললেন, “ঠিক আছে, চলুন। তবে আমাদের হাতে সময় খুব কম। যত দ্রুত সম্ভব পুরো ঘটনাটা জানতে চাই।”
কথাটা বলেই তিনি কর্নেল লালরিনসাঙ্গার সঙ্গে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন। রাগীব, জুয়ালি, সাইলো আর হালিমপুইও তাঁদের পিছু নিল।
হাসপাতালের করিডরে তখন এক অদ্ভুত উত্তেজনা। একদিকে আহতদের চিকিৎসা চলছে, অন্যদিকে শুরু হতে চলেছে ঋষভকে উদ্ধারের প্রস্তুতি। সময় দ্রুত ফুরিয়ে আসছে। ঋষভ কি আদৌ মায়ানমারে পৌঁছে গিয়েছে? নাকি সীমান্তের কাছাকাছি কোথাও এখনও তাকে আটকে রাখা হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এবার একজোট হতে চলেছে পুলিশ ও আসাম রাইফেলস। ঋষভকে ফিরিয়ে আনার লড়াইয়ে প্রতিটি মুহূর্তই হয়ে উঠতে পারে নির্ণায়ক!
আসাম রাইফেলসের সেই কমান্ডার একজন মহারাষ্ট্রীয়। তাঁর নাম কমান্ডার শিন্ডে। সবাই সোফায় বসে পড়ার পর রাগীব, বিয়াকা আর লিয়ানা একে একে এতক্ষণ ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল তাঁর কাছে। মুরলেনের জঙ্গলে কিভাবে বিপদের মুখে পড়তে হয়েছিল তাদের, কীভাবে ঋষভ অপহৃত হয়েছিল, কিভাবে সেই মেল্বুকের জঙ্গলে সেই খালি মেটাডরের খোঁজ পাওয়া গেল, কিভাবে চোখের সামনে সেটায় বিস্ফোরণ হল—কোনও কিছুই বাদ দিল না তারা।
ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছেন ইনস্পেক্টর চাকমা ও ইনস্পেক্টর খিয়ান্টেও। তাঁরাও নিজেদের বক্তব্য রাখলেন। সকলের কথা মন দিয়ে শুনলেন কমান্ডার শিন্ডে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, “গোল্ডেন ট্রায়াঙ্গেলের কাছাকাছি অবস্থিত হওয়ায় মিজোরাম দীর্ঘদিন ধরেই মাদক পাচারকারীদের কাছে একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। কিন্তু মুরলেনের দুর্গম জঙ্গল আর সেখানকার লোকবিশ্বাসকে কাজে লাগিয়ে ওরা যে এভাবে নিজেদের কারবার চালাতে পারে, সেটা সত্যিই অবাক করার মতো!”
একটু থেমে তিনি ইনস্পেক্টর খিয়ান্টেও ও ইনস্পেক্টর চাকমার দিকে তাকালেন।
“আমি মিজোরাম পুলিশের কাছে অনুরোধ করছি, কাল সকাল থেকেই মুরলেনের জঙ্গলে একটা পূর্ণাঙ্গ সার্চ অপারেশন শুরু করার ব্যবস্থা করুন। মাদক পাচারকারীরা কীভাবে সেখানে তাদের কার্যকলাপ চালায়, কোথায় তাদের গোপন আস্তানা রয়েছে, —সবকিছুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার। আসাম রাইফেলস আপনাদের সঙ্গে যৌথভাবে কাজ করবে। আপনারা বিষয়টা বন দপ্তরকেও বিস্তারিতভাবে জানান। জঙ্গলের ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে তাদের সাহায্য আমাদের প্রয়োজন হবে।”
ইনস্পেক্টর খিয়ান্টেও মাথা নেড়ে সম্মতি জানালেন। চাকমা সাহেবও বললেন, “ঠিক আছে, কমান্ডার। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
এরপর কিছুক্ষণ থেমে শিন্ডে আবার বললেন, “তবে আপাতত আমাদের সবচেয়ে বড় কাজ মিস্টার ঋষভ রায়কে উদ্ধার করা। আপনারা যা যা জানিয়েছেন, তাতে আমারও দৃঢ় সন্দেহ, ওকে সীমান্ত পেরিয়ে মায়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। হয়তো এপারে জোখওয়ারের কাছাকাছি কোনও গোপন আস্তানায় ওকে আটকে রাখা হয়েছে, অথবা ওপারে খামুয়াইয়ের আশপাশে কোথাও।”
তিনি এবার ইনস্পেক্টর চাকমার দিকে তাকালেন।
“আমাদের মায়ানমার বর্ডার গার্ড পুলিশের সঙ্গেও যোগাযোগ করতে হবে। ওদের কাছে গোটা ঘটনাটা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা চাইতে হবে। পাশাপাশি আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স টিমও খবর সংগ্রহের কাজে নেমে পড়বে। ঋষভ কোথায় আছে, কারা ওকে নিয়ে গিয়েছে, ওদের আসল উদ্দেশ্য কী—এই প্রশ্নগুলোর উত্তর যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে।”
এতক্ষণ চুপ করে বসে থাকা সাইলো আর নিজেকে সামলাতে পারল না। উদ্বিগ্ন গলায় সে বলে উঠল, “কমান্ডার, ঋষভকে ওরা মেরে ফেলেনি তো?”
প্রশ্নটা শুনে ঘরের মধ্যে মুহূর্তের জন্য নেমে এল নিস্তব্ধতা।
শিন্ডে সাইলোর দিকে তাকালেন। তাঁর মুখেও এবার গাম্ভীর্য আরও স্পষ্ট, “সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ম্যাডাম। কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে এমন কোনও প্রমাণ নেই, যা থেকে বলা যায় ওর কোনও ক্ষতি হয়েছে। তাই যতক্ষণ না অন্য কিছু জানা যাচ্ছে, আমাদের ধরে নিতে হবে ঋষভ বেঁচে আছে। আর ওকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে।”
সাইলোর চোখ দুটো ছলছল করে উঠল। জুয়ালি নিঃশব্দে তার হাতটা চেপে ধরল।
কথাগুলো শুনে রাগীবের বুকের ভিতরটা যেন হিম হয়ে গেল। ঋষভের মুখটা বারবার ভেসে উঠতে লাগল তার চোখের সামনে। কত বিপদের মধ্যে একসঙ্গে তারা পড়েছে, কতবার একে অন্যের পাশে দাঁড়িয়েছে! সেই ঋষভ আজ কোথায়, কী অবস্থায় রয়েছে, কেউ জানে না।
কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল রাগীব। না, এখন ভেঙে পড়লে চলবে না। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় এটা নয়। প্রতিটি সম্ভাবনা মাথায় রেখে ঠান্ডা মাথায় এগোতে হবে।
তবু মনের গভীরে ক্রোধের একটা আগুন জ্বলতে লাগল - ঋষভের যদি কিছু হয়, তা হলে তোদের কাউকেই আমি ছেড়ে দেব না! নিজের হাতে মুরলেনের জঙ্গলে নিয়ে একেবারে পুঁতে ফেলব তোদের!রাগীব দাঁতে দাঁত চেপে নিজের রাগ সামলে নিল।
এদিকে কমান্ডার শিন্ডে উঠে দাঁড়িয়ে বললেন, “তাহলে ঠিক হলো, কাল সকালেই মিজোরাম পুলিশ আর আসাম রাইফেলসের যৌথ দল জোখওয়ারের দিকে অভিযান শুরু করবে। একই সঙ্গে মায়ানমার বর্ডার গার্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে। আমাদের ইন্টেলিজেন্স টিম ইতিমধ্যেই কাজে নেমে পড়ছে। আজ রাতের মধ্যেই যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। আপনারাও প্রয়োজনীয় প্রস্তুতি নিন।”
কথা শেষ করে তিনি একবার সকলের দিকে তাকালেন। তারপর রাগীবের কাছে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন, “ইউ ডিড আ গ্রেট জব, মিস্টার রাগীব! তুমি আর তোমার বন্ধুরা যে সাহস দেখিয়েছ, তা সত্যিই প্রশংসনীয়। ডোন্ট ওরি। ঋষভ শুধু তোমার একার নয়, ওকে নিরাপদে ফিরিয়ে আনা এখন আমাদের সকলের দায়িত্ব। উই উইল ডু আওয়ার বেস্ট টু ব্রিং হিম ব্যাক সেফলি!”
শিন্ডের কথায় রাগীবের বুকের ভিতর জমে থাকা হতাশার অন্ধকারে যেন একটুখানি আলোর রেখা দেখা দিল।
বাইরে তখন ধীরে ধীরে রাত আরও গভীর হচ্ছে। হাসপাতালের করিডরে চিকিৎসাকর্মীদের ব্যস্ত আনাগোনা, পুলিশ আর সামরিক বাহিনীর গাড়ির ইঞ্জিনের শব্দ মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনাময় পরিবেশ তৈরি করেছে।
আগামীকাল সকালেই শুরু হবে অভিযান। কিন্তু তার আগেই কি ঋষভের কোনও খবর পাওয়া যাবে? মায়ানমারের অচেনা ভূখণ্ডে ঠিক কোথায় তাকে আটকে রাখা হয়েছে? আর যে মাদক পাচারচক্রের মুখোশ তারা খুলে দিয়েছে, সেই চক্রের মাথায় কে রয়েছে?
উত্তরগুলো এখনও অজানা।
রাগীব একবার হাসপাতালের জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকাল। তারপর মনে মনে বলল, অপেক্ষা কর, ঋষভ। আমরা আসছি। তোকে ফিরিয়ে না নিয়ে আমি থামব না!
এবার শুধু সূর্যোদয়ের অপেক্ষা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন