মুরলেনের বাঁশী ছাব্বিশতম পর্ব
ঘটনাস্থলে পৌঁছে সকলেই স্তম্ভিত হয়ে গেল! যে মেটাডরটাকে কিছুক্ষণ আগেও রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, বিস্ফোরণে তার আর প্রায় কিছুই অবশিষ্ট নেই! গাড়িটার সামনের অংশটা দুমড়ে-মুচড়ে গিয়েছে। ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে রয়েছে ধাতব কাঠামোর টুকরো, ভাঙা কাচ আর গাড়ির অন্যান্য অংশ। চারপাশের মাটিতে ছড়িয়ে রয়েছে নানা আকারের ধ্বংসাবশেষ। গাড়িটার পোড়া অবশেষ থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। বাতাসে ডিজেল, পোড়া মবিল আর বারুদের তীব্র ঝাঁজালো গন্ধ। চোখ জ্বালা করছে, নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ধোঁয়ার পর্দা একটু একটু করে সরতেই দেখা গেল, গাড়িটার কাছাকাছি মাটিতে পড়ে রয়েছেন তিনজন পুলিশকর্মী। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরা। তাঁদের মধ্যে একজন ইন্সপেক্টর রথীন! “রথীন!” চাকমা সাহেবের গলা কেঁপে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তিনি গর্জন করে উঠলেন, “সবাই এগিয়ে আসুন! আহতদের এখান থেকে সরাতে হবে! সাবধানে—গাড়ির ধ্বংসাবশেষের কাছে কেউ যাবেন না!" নির্দেশ পেয়েই পুলিশকর্মীরা তৎপর হয়ে উঠলেন। দুজন রথীনের কাছে ছুটে গেলেন, বাকিরা অন্য দুই আহত পুলিশকর্মীকে উদ্ধারের কাজে হাত লাগালেন...